করোনার ক্রমবর্ধমান সংক্রমণ রোধে কাল বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধ বা লকডাউনে থাকবে বাংলাদেশ। ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২ পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। গত সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, এ সময় জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবে না। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। প্রয়োজন হলে লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কোভিড-১৯-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি শাটডাউন বা সবকিছু বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছিল।
মন্ত্রিপরিষদ সচিবের এ বক্তব্যে কিছু কিছু বিষয় স্পষ্ট করা হলেও অনেক কিছু অস্পষ্ট রয়ে গেছে। বলা হয়েছে, জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারবে না। কিন্তু এই জরুরি সেবার আওতা কতটা, তার ব্যাখ্যা নেই। বলা হয়েছে, আগের লকডাউনগুলোয় যেমন আউট পাস বা বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, এবারে তা দেওয়া হবে না। আমরা ধারণা করি, রোগীদের স্বাস্থ্যসেবা, গণমাধ্যম, গ্যাস-বিদ্যুৎ-পানি ইত্যাদি পরিষেবা ও জননিরাপত্তার সঙ্গে জড়িত ব্যক্তিরা জরুরি সেবার মধ্যে থাকবেন। কিন্তু নতুন আক্রান্ত রোগীদের কী হবে? করোনা বা অন্য রোগে আক্রান্ত হয়ে কাউকে যদি হাসপাতালে ভর্তি হতে হয়, তিনি কীভাবে যাবেন? সবার ব্যক্তিগত যানবাহন নেই। যানবাহন থাকলেও লকডাউনের সময় সেটি চলতে পারবে কি না, তা–ও নিশ্চিত নয়। একইভাবে হাসপাতালে যাঁরা ইতিমধ্যে ভর্তি হয়েছেন, তাঁদের সেবাশুশ্রূষার জন্য নিয়োজিত ব্যক্তিরা কীভাবে হাসপাতালে যাবেন? অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংক, তৈরি পোশাক খাত ইত্যাদি নিয়েও স্পষ্ট ঘোষণা আসেনি এই সম্পাদকীয় লেখা পর্যন্ত।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেসব হতদরিদ্র মানুষের কী হবে, লকডাউনের কারণে যাঁদের জীবিকা বন্ধ হয়ে যাবে। বিশেষ করে, রিকশাচালক, ভ্যানচালক, অটোরিকশাচালক, দিনমজুর, গৃহকর্মী ও হকারশ্রেণির মানুষ ভীষণ বিপদে পড়বেন। গ্রামে যাওয়ারও উপায় থাকবে না। তাঁদের ৭ দিন িকংবা ১৫ দিন চলার মতো (লকডাউনের মেয়াদ যত দিন থাকবে) খাবার অথবা অর্থ দেওয়ার পরিকল্পনা কি সরকারের আছে? থাকলে কীভাবে বিতরণ করা হবে? আর না থাকলে জীবিকার সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবনও হুমকির মুখে পড়বে। অর্থ মন্ত্রণালয় লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য যে অর্থ বরাদ্দ করেছে, লকডাউনের মধ্যে তা বিতরণ করাও কঠিন হবে।
করোনার সংক্রমণ রোধে সরকারের যেকোনো কঠোর কর্মসূচির প্রতি জনগণের সমর্থন আছে। কিন্তু কাজটি করতে হবে পরিকল্পিতভাবে, বৈজ্ঞানিক উপায়ে। বারবার সিদ্ধান্তের অদলবদল লকডাউনের উদ্দেশ্য মারাত্মকভাবে ব্যাহত করবে। কাজটি কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কিংবা সেনা টহল বসিয়ে হবে না। সমাজের সর্বস্তরের মানুষ তথা স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বেসরকারি সংস্থা, ছাত্র-তরুণদের যুক্ত করতে হবে। কোন এলাকায় কী ধরনের সমস্যা আছে, কী সহায়তা প্রয়োজন, প্রশাসনের পক্ষে সেগুলো জানা সম্ভব নয়।
লকডাউনের বড় চ্যালেঞ্জ হলো, সামনে কোরবানি। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে যে লোকসমাগম হয়, তা বন্ধ করতে না পারলে লকডাউন কঠোর হোক আর শিথিল হোক, তা অকার্যকর হতে বাধ্য। এ বিষয়েও বিকল্প উপায় বের করতে হবে। এসব বিষয়ে সরকারকে সঠিক সিদ্ধান্ত শুধু নিলেই হবে না, সে সিদ্ধান্ত বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।