করোনায় মৃত্যু ও সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে, তাতে কঠোর লকডাউন বা বিধিনিষেধের প্রয়োজনীয়তা অস্বীকার করা যাবে না। এর আগেও কয়েকবার সরকার বিধিনিষেধ জারি করেছিল। বিভিন্ন মহলের চাপের ফলে বিধিনিষেধ শিথিল করেছে। ফলে যে উদ্দেশ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা অপূর্ণ থেকে গেছে। বিধিনিষেধের মধ্যেই করোনার মৃত্যু ও সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ঈদুল আজহার কারণে আট দিন সবকিছুই খোলা ছিল। এই প্রেক্ষাপটে ২৩ জুলাই ভোর থেকে শুরু হওয়া বিধিনিষেধের ব্যাপারে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এতে সব শ্রেণি-পেশার মানুষের সমর্থনও আছে।
যদিও বিধিনিষেধের কারণে বাড়িফেরত বহু মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে যঁারা ২৩ জুলাই ভোরে বাসে, ট্রেনে ও লঞ্চযোগে ঢাকায় ফিরেছেন। বাইরে থেকে আসা বাস শহরের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘ পথ হেঁটে হেঁটে মানুষকে গন্তব্যে ফিরতে হয়েছে। তারপরও তাঁরা এ ক্লান্তি ও কষ্ট মেনে নিয়েছেন দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে।
সরকারের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা বলেছেন, করোনার সংক্রমণ ও মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের বিকল্প নেই। ভারত বিধিনিষেধ ও টিকা কর্মসূচির মাধ্যমে সংক্রমণের হার দ্রুত কমিয়ে এনেছে। আমরা কেন পারব না? টিকা নিয়ে এত দিন যে দুশ্চিন্তা ছিল, তা শিগগিরই কেটে যাবে আশা করা যায়। চীন, যুক্তরাষ্ট্র ও জাপান থেকে উল্লেখযোগ্য পরিমাণ টিকা এসেছে, আরও টিকা আসার প্রক্রিয়ায় আছে; যদিও তা প্রয়োজনের তুলনায় কম। আগামী দেড়-দুই বছরের মধ্যে যাতে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া যায়, সেই লক্ষ্যে সরকারকে এখনই কাজ করতে হবে।
করোনা মোকাবিলায় সরকার শুরু থেকে জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় আনার যে কর্মসূচি নিয়েছিল, বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় তা ভুল ছিল না। সমস্যা হলো করোনার সংক্রমণ রোধে যে অবশ্যপালনীয় স্বাস্থ্যবিধি, তা অনেকে মানছেন না। এ ক্ষেত্রে সরকারের নজরদারির যেমন ঘাটতি আছে, তেমনি আছে জনগণের সচেতনতার অভাব। যে দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বা কাছাকাছি বাস করে, সে দেশে দীর্ঘস্থায়ী বিধিনিষেধ চলতে পারে না।
১৪ দিনের বিধিনিষেধ সফলভাবে বাস্তবায়ন করতে সরকারকে কিছু পূর্বশর্ত পালন করতেই হবে। প্রথমত বিধিনিষেধের কারণে যেসব হতদরিদ্র মানুষের জীবিকা বন্ধ হয়ে গেছে, তঁাদের ঘরে খাবার বা নগদ অর্থ পৌঁছানো। দ্বিতীয়ত, বিধিনিষেধের কারণে যাতে কারও চিকিৎসা ব্যাহত না হয়, সে জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ঢাকার বাইরের হাসপাতালগুলোর অবস্থা খুবই শোচনীয়।
বিলম্বে হলেও সরকার ‘নতুন দরিদ্র হওয়া’ মানুষের কথা স্বীকার করেছে এবং তাদের জন্য নির্দিষ্ট বরাদ্দও ঘোষণা করেছে। প্রশ্ন হলো এ বরাদ্দ যথাযথভাবে ও যথাসময়ে বিতরণ করা হবে কি না। আমরা আগেও বলেছি, এসব বিষয়ে কেবল স্থানীয় প্রশাসনের ওপর নির্ভর করা ঠিক হবে না। স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি নাগরিক সমাজকেও সম্পৃক্ত করা হোক। মনে রাখতে হবে, ঘরে খাবার না থাকলে কোনোভাবেই মানুষকে ঘরে বন্দী করে রাখা যাবে না। স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রেও কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, ছাত্র-তরুণসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্পৃক্ত করা প্রয়োজন বলে আমরা মনে করি।