কত রঙ্গ বঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত যে রঙ্গ এই বঙ্গে তা বিশ্বের আর কোনো দেশের মানুষ ভাবতেই পারবে না। আমাদের এই রিপাবলিকের পাবলিকরা স্বাধীনতা ও গণতন্ত্রের নামে যা ইচ্ছা তা-ই করতে পারে। এখানে যেমন প্রতিনিয়ত ঘটে গভীর মর্মান্তিক ঘটনা, তেমনি তামাশা ও রগড়ের শেষ নেই। স্বাধীনতার মর্ম যেমন এ বঙ্গের মানুষ খুব বেশি বোঝে, তেমনি গণতান্ত্রিক অধিকার সম্পর্কে তাদের চেতনা আরও বেশি প্রখর। ইউনিয়ন পরিষদ থেকে সংসদ নির্বাচন পর্যন্ত বহু মানুষের গণতান্ত্রিক অধিকার সদ্ব্যবহারের প্রকাশ ঘটে। কোনো নির্বাচনের কথা শুনলেই অনেকে তড়াক করে দাঁড়িয়ে যায়। কোথাও কোনো পদ শূন্য হলে তা পূরণের ব্যাকুলতা জাগে অনেকের মধ্যে। জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে আমরা রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখেছি ১০-১৫ জনকে। সেই ‘প্রার্থীদের’ পেছনে রাষ্ট্রের ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। তা হয়েছে গণতন্ত্রের নামে। গণতান্ত্রিক অধিকারের সদ্ব্যবহারের উদ্দেশ্যে। সামরিক জামানার চেয়ে এখন পরিস্থিতি সামান্য ভিন্ন। তবু জাতীয় চরিত্র সহজে বদলানোর জিনিস নয়। মহামান্য রাষ্ট্রপতির শেষনিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে সম্ভাব্য রাষ্ট্রপতিদের ছবিসহ কাগজে প্রতিবেদন হতে শুরু করে। কাজটি প্রার্থীরা নিজেরা করেছেন—তারও কোনো প্রমাণ নেই। মিডিয়ার কাজ। প্রার্থীদের আগাম অভিনন্দন জানিয়ে যদিও পত্রপত্রিকায় বিজ্ঞাপন বের হয়নি (যেমনটি হয়েছে আবদুল হামিদের ক্ষেত্রে), কিন্তু সম্ভাব্যদের বাড়িতে মিষ্টির প্যাকেট ও ফুলের তোড়া নিয়ে শুভাকাঙ্ক্ষীরা কেউ ছোটেননি, তা হলফ করে বলতে পারব না। আমাদের মিডিয়ার একটুও তর সইল না যে, কুলখানিটা শেষ হোক। ক্ষমতাসীন দলসহ অন্যান্য বড় দলের নেতারা আলোচনায় বসুন। রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনের ব্যাপার। সাংবিধানিক প্রধান হলেও রাষ্ট্রের অনেক মঙ্গল-অমঙ্গল তাঁর ভূমিকার ওপর নির্ভর করে। সেসব ভাবার বালাই নেই। খবর হতে লাগল কাগজে ও টিভি চ্যানেলে। প্রয়াত রাষ্ট্রপতির কুলখানির আগেই সম্ভাব্যরা সম্ভবত ছুটলেন দর্জির দোকানে।রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন হয় আরেক রঙ্গ। গণতান্ত্রিক অধিকার সম্পর্কে অতি সচেতন নাগরিকের রাষ্ট্রপতি পদ ও তাতে নির্বাচন সম্পর্কে কোনো ধারণা নেই। কিন্তু তাঁদের রাষ্ট্রপতি হওয়ার শখ। নির্বাচন কমিশনে গেছেন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিতে। একজন নন, জনা দশেক। বাংলাদেশ সেক্যুলার রাষ্ট্র। সব ধর্মাবলম্বীরই সমান গণতান্ত্রিক অধিকার। সুতরাং সব ধর্মের অনুসারীই আছেন। কারও মাথায় ‘ফ্যাশনদুরস্ত ক্যাপ’। কারও পরা সাফারি। সনাতন ধর্মাবলম্বী একজন এসেছেন দক্ষিণ বাংলা থেকে। ‘একটি পলিথিনে মোড়ানো নীল ফাইল নিয়ে, সঙ্গে আছেন জামাতা।...তাঁর আশা, তিনিই এ দেশের ২০তম রাষ্ট্রপতি হবেন।’ [যায়যায়দিন]একজন প্রার্থী ‘সিইসি বরাবর লেখা ৪-দফা দাবিসংবলিত একটি আবেদনপত্রে...নিজেকে অপেক্ষমাণ বীরোত্তম হিসেবে দাবি করেন।’ আর একজন প্রার্থীর মনোনয়নপত্র কর্মকর্তারা জমা নেননি বলে ক্ষিপ্ত হয়ে যান। সিইসির একান্ত সচিবকে উদ্দেশ করে বলেন, ‘এই পিএস একটা রাজাকার। আমাকে সিইসির কাছে যেতে দিচ্ছে না। তাঁর ফাঁসি হওয়া উচিত। আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।’ এ সময় ইসির নিরাপত্তারক্ষীরা তাঁকে বেরিয়ে যেতে বলেন। প্রতিবেদক লিখেছেন, ‘এ ধরনের কিছু ব্যক্তির রাষ্ট্রপতি পদে অংশগ্রহণের সুযোগ না পাওয়া সম্পর্কে জানতে চাওয়া হলে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ কোনো মন্তব্য করেননি, শুধু মুচকি হেসেছেন।’ তিনি একা নন, তাঁর মতো মুচকি হাসি আরও কতজন হেসেছেন তা বলা সম্ভব নয়। গণতন্ত্রের নামে বড় দলগুলো যা করছে—ডাকছে হরতাল, করছে মারামারি, ভাঙছে গাড়ি, পোড়াচ্ছে জনপদ, ঝরাচ্ছে রক্ত, ফেলছে লাশ—তার তুলনায় এসব রাষ্ট্রপতি পদপ্রার্থীর কর্মকাণ্ড মারাত্মক কিছু নয়। এতে ঘটছে শুধু জাতীয় চরিত্রের বহিঃপ্রকাশ। বাংলা সাহিত্যের একজন নগণ্য খাদেম হিসেবে এই বঙ্গের আরেকটি খবর আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। ‘অসম্মান’ শীর্ষক ওই সচিত্র প্রতিবেদনে বলা হয়েছে: ‘শাহবাগের মোড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ম্যুরাল। ফুটপাত ঘেঁষে খাবারের দোকান দিয়েছেন কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। ম্যুরালের ওপরেই চলছে রুটি বানানো ও খাওয়া। জাতীয় কবির প্রতি এভাবে অসম্মান যেন কারও চোখেই পড়ে না।’ [সমকাল, ২৩ এপ্রিল ১৩]একজন গবেষণার লোক হিসেবে আমার মনে হচ্ছে, প্রকৃতপক্ষে কবিকে অসম্মানের জন্য নয়, কবির পায়ের কাছে যিনি রুটি বেলছেন তিনি নজরুলের জীবনকাহিনি জানেন। দুখু মিঞা স্কুলজীবনে এক রুটির দোকানে চাকরি করতেন। সেই স্মৃতিকে জনগণের মধ্যে চিরজাগরূক রাখতেই তাঁর ম্যুরালের মোজাইক চত্বরে রুটি বেলা হচ্ছে। তবে এটাও ঠিক যে সব মানুষের পেটে ঘি হজম হয় না। সব জাতি প্রতিভার কদর জানে না। আমাদের আর একটি বিষয় ভেবে দেখতে হবে। ম্যুরালকে যদি কেউ মূর্তি মনে করে অপসারণের চেষ্টা করে, আমাদের অর্থাৎ নজরুলের পাঠকদের উচিত হবে তা হেফাজত করা। মূর্তি ভেবে ম্যুরাল অপসারণের চেয়ে তার তলায় রুটি বেলা ঢের সমর্থনযোগ্য। সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।