বহুকাল আগে গল্প শুনেছিলাম: একটি সামাজিক অনুষ্ঠানে একজন মহিলাকে অনবরত কথা বলতে দেখে এক যুবক পাশে উপবিষ্ট স্বল্প পরিচিত ভদ্রলোককে ‘বাচাল ওই মহিলাটি কে’ জিজ্ঞেস করতেই ভদ্রলোক জবাব দিলেন, ‘আমার স্ত্রী’। যুবকটি ‘সরি, আমার ভুল হয়েছে’ বলতেই এবার স্বামীপ্রবর বলে উঠলেন, ‘না, আমারই ভুল হয়েছে।’ অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন, ওই বাচাল মহিলাকে বিয়ে করাটাই তাঁর ভুল হয়েছে। বাচাল স্বামীর স্ত্রীকেও অনুরূপ কৈফিয়ত দিতে হয় বৈকি। সংসারে আমরা সবাই সাধারণত কম-বেশি বাচাল হয়ে বাঁচতে চাই। বলা হয়ে থাকে যে জগৎ সংসারে সবাই কথা বলতে চায়, খুব কম লোকই চিন্তাভাবনা করে কথা বলে আর কেউই শুনতে চায় না। আমরা খেয়াল করি না যে মহান স্রষ্টাই চান আমরা বেশি শুনি ও কম বলি; তাই তো তিনি আমাদের দুটো কান ও একটি মুখ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন আর কান দুটোকে আপনা আপনি বন্ধ রাখা যায় না অথচ মুখটি ইচ্ছে করলেই বন্ধ রাখা যায়।ইংরেজি ভাষায় একটি কথা আছে: ‘দ্য টাং ইজ এ ম্যানস বেস্ট ফ্রেন্ড, ইট ইজ অলসো হিজ ওয়ার্স্ট এনিমি।’ অর্থাৎ, জিহবা একজন মানুষের সর্বোত্তম বন্ধু আবার এটা তার সর্বনিকৃষ্ট শত্রুও। মিষ্টি কথায় লোকের মন ভোলানো যায়, আবার রুষ্ট কথায় লোকজনদের খেপানোও যায়। এ জন্যই বুঝি আমাদের মাতৃভাষায় একটা কথা আছে: নীরবতা হিরণ্ময়। তার মানে, বাচাল কথাবার্তার চেয়ে নীরবতাই বাঞ্ছনীয়। আর আরবি ভাষায়ও প্রবাদবাক্য আছে: মান সাকাতা সালিম। অর্থাৎ যে নীরব রইল, সে নিরাপদ থাকল।তো, কৈশোরে যখন সিলেট সরকারি কলেজে পড়তাম তখন প্রফেসর মুহিব আলী সাহেব আমাদের গণিত শাস্ত্র পড়াতেন। তিনি এক দিন ক্লাসে গল্প বলেছিলেন: জামাই যাচ্ছেন শ্বশুরবাড়ি। মা বলে দিয়েছেন, ‘শ্বশুরবাড়িতে গিয়ে কথাবার্তা বলিও, নইলে লোকে ভাববে যে জামাই কথা বলতে জানে না।’ তাই সে শ্বশুরবাড়িতে পৌঁছে শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ ঘটতেই তাঁকে জিজ্ঞেস করে বসল, ‘শ্বশুর সাহেব, বিয়ে-শাদি করেছেন নাকি?’ এ ক্ষেত্রে নীরবতাই হতো হিরণ্ময়।যুগে যুগে দুনিয়ার তাবৎ জ্ঞানী-গুণীরা তাই কথা সম্পর্কে অনেক মূল্যবান কথা বলে গেছেন। যেমন চায়নিজ দার্শনিক কনফুসিয়াস বলেছেন, ‘কথার শক্তিকে না জেনে মানুষকে জানা অসম্ভব।’ গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন, ‘ভালো কথা খারাপ লোক বললেও তা গ্রহণ করবে।’ এব্রাহাম লিংকন বলেছেন, ‘কথা বলে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করার চেয়ে কথা না বলাই ভালো।’ আর শেখ সাদী তো এটুকু পর্যন্ত বলেছিলেন যে ‘হয় মানুষের মতো হুঁশ করে কথা বলো, না হয় গবাদিপশুর মতো চুপ করে থাকো।’ তা কুকুর বোধ করি অনেক মানুষের চেয়েও স্মার্ট, সে জিহ্বার পরিবর্তে লেজ নাড়ায়। আর সার্কাসের এক গাধা মানুষের মতো কথা বলতে পারে, পত্রিকার পাতায় এই প্রতিবেদন পড়ে জনৈক রসিক ব্যক্তি মন্তব্য করেছিলেন, ‘মানুষ যদি গাধার মতো কথা বলতে পারে, তাহলে গাধা মানুষের মতো কথা বলতে পারবে না কেন?’ইসলামের মহান খলিফা হজরত আলী (রা.) শুধু বীরযোদ্ধাই ছিলেন না, প্রচুর জ্ঞান, বুদ্ধিরও অধিকারী ছিলেন। তো তিনি বলে গেছেন, ‘ক্ষমতাবান মানুষের মূল্যহীন কথাও মূল্যবান বলে মনে হয়, পক্ষান্তরে সহায়সম্বলহীন মানুষের মূল্যবান কথাও মূল্যহীন বলে পরিত্যক্ত হতে দেখা যায়।’ প্রসঙ্গত, হজরত আলী (রা.)-এর আ’কিল নামে এক ভাই ছিলেন, যিনি মোয়াবিয়ার সঙ্গে খেলাফত নিয়ে তাঁর বিরোধের সময় মোয়াবিয়ার পক্ষে চলে গিয়েছিলেন। কথা বলা ও শোনার আসল জায়গা কিন্তু হচ্ছে একটি দেশের সংসদ বা পার্লামেন্ট। সত্যি বলতে কি, ইংরেজি parliament শব্দটাই এসেছে ফরাসি parler (ফরাসি উচ্চারণ পাঘেল) শব্দ থেকে, যেটার অর্থ হচ্ছে কথা বলা। তা আমাদের মহান সংসদের মাননীয় সাংসদদের কথাবার্তা বাস্তবিক খুব ‘শালীন’ ও ‘প্রাণবন্ত’ হয়ে থাকে। বিশেষত, যেদিন সংসদে সরকার ও বিরোধী দল দুই পক্ষই উপস্থিত থাকে (যেটা কদাচিৎ ঘটে থাকে)। আর গরমের শুরুতেই ঘন ঘন লোডশেডিংয়ের ফলে জনসাধারণের যেখানটায় প্রাণান্তকর অবস্থা, সে ক্ষেত্রে দেশের সর্বোচ্চ নির্বাহী পার্লামেন্টে দাঁড়িয়ে আকর্ণবিস্তৃত হাসি হেসে মাইকে যখন বলেন, ‘আমি আমার লোকজনদের বলে দিয়েছি, তোমরা মাঝে মাঝে লোডশেডিং করো, যাতে জনগণ লোডশেডিং কী জিনিস সেটা ভুলে না যায়’, তখন এটাকে রসিকতা বলেই প্রতীয়মান হয়। তাঁর পক্ষে এ ধরনের কথা বলাশোভন নয় , এটা বলে দেওয়ার মতো কোনো পুরুষ(!) কি তাঁর কেবিনেটে নেই?প্রসঙ্গত, ‘আয়রন লেডি’ তথা লৌহমানবী বলে খ্যাত বিলেতের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের উপাখ্যানটা মনে পড়ে গেল। তাঁকে বলা হতো তাঁর কেবিনেটে একমাত্র পুরুষমানুষ। তো একবার তিনি নাকি তাঁর কেবিনেট-কলিগদের নিয়ে একটি অভিজাত হোটেলে রাতের খাবার খেতে গিয়েছিলেন। ওয়েটার অভিবাদনপূর্বক অর্ডার নেওয়ার উদ্দেশ্যে এসে দাঁড়াতেই তিনি নিজের জন্য কিছু মাংসের আইটেম অর্ডার দিয়ে দিলেন।‘আর ভেজিটেবলস (Vegetables)?’ ওয়েটার প্রশ্ন করল।ওয়েটার ভেজিটেবলস বলতে নিরামিষ বোঝাচ্ছিল। কিন্তু বিলেতে তথা ইংরেজি ভাষায় ‘ভেজিটেবল’ বলতে মেরুদণ্ডহীন পুরুষদেরও বোঝায়। মিসেস (বর্তমানে ব্যারনেস) থ্যাচার বুঝলেন ওটাই এবং ঝটপট জবাব দিলেন, ‘ওহ্, ওঁরা সকলেও তাই-ই নেবেন।’সিনেমায় তাঁর নাম ভূমিকায় অভিনয় করে আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ এবার অস্কার জিতেছেন।পরিশেষে একটা ছোট্ট কথা বলতে চাই: ‘হ্যাঁ’ ও ‘না’ কথা দুটো সবচেয়ে পুরোনো ও সবচেয়ে ছোট, অথচ এই কথা দুটো বলতে প্রায়শই অনেক চিন্তাভাবনা করতে হয়।কথা-সম্পর্কিত কথা তাহলে আপাতত এটুকুই থাক।পাদটীকা: জীবনে চারটি জিনিস ফিরে আসে না—অতীত সময়, হারানো সুযোগ, ছোড়া তীর ও বলা কথা।আতাউর রহমান: রম্য লেখক। ডাক বিভাগের সাবেক মহাপরিচালক।