দেশের ২৩৪টি পৌরসভায় আজ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার প্রতি দেশবাসীর অধিক আগ্রহের কারণ হলো, এই প্রথম কোনো স্থানীয় সরকার সংস্থার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে। আরও তাৎপর্যপূর্ণ হলো, সাত বছর পর নৌকা ও ধানের শীষের মুখোমুখি হওয়া। জাতীয় রাজনীতিতে যখন সন্দেহ, অবিশ্বাস ও বাদানুবাদ প্রকট, তখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই পারে রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে, হোক না সেটি স্থানীয় সরকারের নির্বাচন।
এবার পৌরসভা নির্বাচন নিয়ে ঢের রাজনৈতিক বিতণ্ডা সত্ত্বেও শেষ মুহূর্তে কিছু ইতিবাচক লক্ষণ লক্ষ করা যাচ্ছে। নির্বাচন কমিশন প্রথম দিকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রায় নির্বিকার থাকলেও অতি সম্প্রতি তারা কিছু কিছু পদক্ষেপ নিয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন—এই নিশ্চয়তাও কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে তাদের আসল পরীক্ষা হবে ভোটের দিন।
নারায়ণগঞ্জের মতো ভোট হবে: আশরাফসোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নারায়ণগঞ্জ স্টাইলে ভোট করার প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকার কথা বলেছেন। এর আগে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে।
এই তিন পক্ষের বক্তব্যে যে প্রত্যয় ব্যক্ত হয়েছে তা হলো, তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। জনগণের প্রত্যাশা, নির্বাচন কমিশন তার ওপর অর্পিত দায়িত্ব পালন থেকে বিচ্যুত হবে না এবং ক্ষমতাসীন ও বিরোধী দলও তাদের সর্বতোভাবে সহায়তা করবে। কেননা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রাজনৈতিক দল, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।
তাই নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের দাবি, আপনারা কথা রাখুন। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ দিন। পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে যে–ই জিতুক না কেন, অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোকরেখা দেখা যেতে পারে। কিন্তু নির্বাচনটি বিতর্কিত হলে রাজনৈতিক হাওয়াই কেবল উত্তপ্ত হবে না, নড়বড়ে গণতান্ত্রিক ব্যবস্থাটিও ভেঙে পড়বে।