প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগরের মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়কের নির্মাণকাজ উদ্বোধনকালে চট্টগ্রামের উন্নয়নে তাঁর সরকারের নানা কাজের ফিরিস্তি দিয়েছেন। চট্টগ্রামের সঙ্গে তাঁর আত্মার সম্পর্কের কথাও বলেছেন তিনি। এ কথা ঠিক যে উড়ালসড়কটি নির্মিত হলে চট্টগ্রাম শহরের যানজট অনেকটাই কমে যাবে। কিন্তু সড়কটির নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রামবাসী কি দুর্ভোগই পোহাতে থাকবে?
খালেদা জিয়ার প্রথম সরকারের আমলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়েছিল। এরপর বহু বছর পার হলেও চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন তেমন হয়নি। সরকার একদিকে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলে প্রচার চালাচ্ছে, অন্যদিকে একটির পর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সদর দপ্তর চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরিত হচ্ছে। এটি মোটেই সুলক্ষণ নয়। ভারতে মুম্বাইকে বাণিজ্যিক রাজধানী ঘোষণার পর বন্দর ও নাগরিক সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। দিল্লির সঙ্গে দ্রুতগতির ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে মোদি সরকার। আর সুষ্ঠু নীতি ও পরিকল্পনার অভাবে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীটি অতীত গৌরব হারাচ্ছে।
প্রধানমন্ত্রীর দাবি, তাঁর সরকার চট্টগ্রামের উন্নয়নে অনেক কাজ করেছে। কিন্তু বাণিজ্যিক রাজধানীর মৌখিক ঘোষণা এবং চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক করার বাইরে কোনো উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান নয়। সমুদ্র ও পাহাড়ঘেরা চট্টগ্রাম এখন নোংরা আবর্জনাময় শহরে পরিণত হয়েছে। অনেকেই মনে করেন, সিটি করপোরেশনে বিরোধী দলের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে চট্টগ্রামের প্রতি সরকারের বিমাতাসুলভ মনোভাব লক্ষ করা গেছে। নগরের যেসব কাজ সিটি করপোরেশনের করার কথা সেসব কাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে করানো হচ্ছে।
সরকার যদি চট্টগ্রামের প্রকৃতই উন্নয়ন চায়, কেবল কথা নয়, কাজেই প্রমাণ করতে হবে। বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হলে সরকারের কেন্দ্রমুখী উন্নয়ন চিন্তা বাদ দিয়ে বিকেন্দ্রায়িত উন্নয়ননীতি গ্রহণ করতে হবে।