কপালপোড়া শ্যামাসুন্দরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

নগরায়ণের কারণে যদি নদী-খাল-জলাশয় ধ্বংস করে ফেলা হয়, নগরের প্রাণ বলে কি কিছু থাকে? অথচ আমাদের শহরগুলোতে সেটিই হয়ে আসছে। উজাড় হয়ে যাচ্ছে পাহাড়-প্রকৃতি, দখল হয়ে যাচ্ছে নদী-খাল। সেসব রক্ষায় নানা আইন প্রয়োগ ও প্রকল্প গ্রহণ করা হলেও কোনো কিছু কাজে আসছে না। উল্টো সরকারি অর্থ অপচয়ই হয়েছে শুধু। যার একটা বড় নমুনা রংপুর শহরের শ্যামাসুন্দরী খাল। এর খননে ও পাড় নির্মাণে ৩৭ কোটি টাকা ব্যয় করা হলেও কোনো সুফল মেলেনি। উল্টো বৃষ্টির পানিতে পাড় ভেঙে খালটি ভরাট হয়ে ময়লা-আবর্জনা, ঝোপজঙ্গলে ভরে গেছে। খালটিকে রক্ষা করতে পারেনি সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড কেউ।

রংপুর শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে মাহিগঞ্জ এলাকার ঘাঘট নদের উৎসমুখ পর্যন্ত ১৬ কিলোমিটারব্যাপী শ্যামাসুন্দরী খাল। এটি খনন, সংস্কার, পাড় নির্মাণ ও খালের ওপর তিনটি সেতু নির্মাণ বাবদ ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই দফায় প্রায় ৩৭ কোটি টাকা খরচ করা হয়েছে। ২০১৫ সাল থেকে বৃষ্টিতে পাড় ভেঙে আবার খাল ভরাট শুরু হয়। এরপর থেকে বর্ষায় শহরের জলাবদ্ধতা লেগেই থাকে। ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর রাতভর এক প্রবল বর্ষণে পুরো শহর পানিতে তলিয়ে যায়। খালটি খনন করা থাকলে পানিনিষ্কাশন সহজ হতো বলে মনে করেন স্থানীয় লোকজন।

খালের বিভিন্ন স্থানে কাদা আর ময়লা-আবর্জনার স্তূপ। সেই সঙ্গে ঝোপজঙ্গলে ভরে গেছে দুই পাড়। কোনো পানিপ্রবাহ নেই। ময়লা পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। ময়লার ভাগাড় হয়ে উঠেছে যেন। কোনো জায়গায় সংস্কার হলেও ভেঙে গেছে পাড়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ খাল নিয়ে এত এত পরিকল্পনা হয় কিন্তু তা কথার মধ্যেই সীমাবদ্ধ। এটি এখন দুর্ভোগের খাল হয়ে উঠেছে। রংপুরের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ইতিমধ্যে খালের ১৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে খাল সংস্কারের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাউবোর আঞ্চলিক কার্যালয় জানাচ্ছে, খাল পুনঃখনন করে দুই পাড়ে সীমানাদেয়ালের জন্য ১০০ কোটি টাকা ব্যয়ে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে।

নাগরিক সেবা নিয়ে রংপুরের বাসিন্দাদের অভিযোগের শেষ নেই। বলতে গেলে এখনো নামে মাত্র সিটি করপোরেশন। অথচ করও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে এত টাকা খরচ করেও শ্যামাসুন্দরী খালের কোনো উন্নতি ঘটেনি। এখন আবারও প্রকল্প বাস্তবায়নের কথা বলা হচ্ছে। তাতেও কি সুফল মিলবে? খাল সংরক্ষণের পর সেটির রক্ষণাবেক্ষণের পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য গণসচেতনতাও তৈরি করতে হবে সিটি করপোরেশনকে।