কপোতাক্ষ নদে পৌরসভার বর্জ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর পৌরসভা যা করে চলছে তাতে হতবাক না হয়ে উপায় নেই। প্রতিদিন পৌর এলাকায় জমা হওয়া বর্জ্য তারা ফেলছে কপোতাক্ষ নদে!

রোববার প্রথম আলোর খবরে প্রকাশ, যশোর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের কিছু অংশ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা দিয়ে গেছে। মহেশপুর পৌরসভা কর্তৃপক্ষ এলাকার সব বর্জ্য প্রতিদিন কপোতাক্ষ নদের পাড়ে ফেলছে। এতে পানি দূষিত হওয়ার পাশাপাশি নদটি ভরাট হয়ে যাচ্ছে। সড়কের ধার ঘেঁষে বর্জ্য ফেলায় এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। আগে নদটির দক্ষিণ পারের বাসিন্দারা নদের পানিতে নেমে গোসল করত। এখন তারা দুর্গন্ধের কারণে আর পানিতে নামে না। তিন মাস ধরে এভাবে নদে বর্জ্য ফেলা হচ্ছে। অথচ দেখার যেন কেউ নেই।

যেখানে পৌরসভার দায়িত্ব হচ্ছে এলাকার বর্জ্য ব্যবস্থাপনা করা এবং নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষণাবেক্ষণ করা, সেখানে মহেশপুর পৌরসভা কিনা ঠিক উল্টো কাজটিই করছে। জনস্বাস্থ্য ও পরিবেশের কথা চিন্তা না করে কপোতাক্ষ নদে বর্জ্য ফেলছে। এ যে সরষের মধ্যেই ভূত।

প্রথম আলোর খবর অনুযায়ী, মহেশপুর পৌর এলাকার বর্জ্য আগে গোডাউনপাড়া বলে পরিচিত একটি পরিত্যক্ত জায়গায় ফেলা হতো। কিন্তু কপোতাক্ষ নদ কাছে হওয়ায় তিন মাস ধরে বর্জ্য নদেই ফেলা হচ্ছে। এভাবে বর্জ্য ফেলতে থাকলে তা একসময় যে ভরাট হয়ে যাবে, তা নিয়ে পৌরসভা কর্তৃপক্ষের কোনো ভাবনাই যেন নেই। মহেশপুর পৌরসভার এ দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পৌরসভার সচিব সব দোষ পৌরসভার কর্মচারীদের ওপর দিয়ে বলেছেন, তিনি বিষয়টি দেখবেন। এটা সত্যিই বিস্ময়কর যে পৌর কর্মচারীরা এভাবে নদে বর্জ্য ফেলছেন আর তা পৌর মেয়র বা কর্তাব্যক্তিরা জানেন না! সচিবের এমন দায়সারা বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

পৌর মেয়র এখন কী অবস্থান নেন, সেটাই এখন দেখার বিষয়। আমরা এ ব্যাপারে মহেশপুর উপজেলা ও ঝিনাইদহ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।