যশোর ও সাতক্ষীরা জেলার মধ্য দিয়ে প্রবাহিত খরস্রোতা কপোতাক্ষ নদ আজ যৌবনহারা। নদবক্ষে ধীরে ধীরে পলিমাটি জমতে থাকায় গ্রীষ্মকালে সম্পূর্ণ পানি শুকিয়ে যায়। পানিপ্রবাহের গতি কমে যাওয়ায় স্থানে স্থানে চর জেগে ওঠে এবং নদের নাব্যতা হ্রাস পায়। নদে পানি বহনের ক্ষমতা হারানোর ফলে দ্রুত নিঃসরিত না হওয়ায় বন্যার সৃষ্টি করছে। অতিরিক্ত বর্ষার ফলে নদে পানির পরিমাণ বেড়ে যাওয়ায় বন্যায় প্লাবিত হচ্ছে শত শত গ্রাম। বর্ষার মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই খুলনার পাইকগাছা, সাতক্ষীরার তালা সদর, কলারোয়া এবং যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলার কপোতাক্ষের পার্শ্ববর্তী গ্রামগুলো বন্যাকবলিত হয়ে পড়েছে। বন্যার ফলে কপোতাক্ষ নদের পারের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়ে এবং তাদের ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গা, স্কুল, উঁচু ভবন প্রভৃতিতে ঠাঁই নিতে হয়। বন্যার ফলে নষ্ট হয় হাজার হাজার একর জমির ফসল। কপোতাক্ষ নদের নাব্যতা সমস্যা ভেঙে দিয়ে যাচ্ছে অর্থনীতির মেরুদণ্ডকে। সে কারণেই বর্তমানের বাস্তবতায় এই নদের প্রাণ ফিরিয়ে আনা খুবই জরুরি। ড্রেজিংয়ের সাহায্যে নদের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ডিজাইনে গভীরতা বা নাব্যতা বাড়ানো যায়। মনে রাখা দরকার, বানডালিং বা ড্রেজিং যে পদ্ধতিতেই হোক, নদের নাব্যতা বাড়ানোর বিকল্প নেই। কারণ, নদের ড্রেজিংয়ের ব্যয় যা, ড্রেজিং না করার ক্ষতি তার চেয়ে অনেক বেশি। তাই কপোতাক্ষ নদের প্রাণ ফিরিয়ে আনতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি।মিল্টন দাশশার্শা, পাটকেলঘাটা, সাতক্ষীরা।