কম ওজনের শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী জন্মের সময় নবজাতকের ওজন ২ হাজার ৫০০ গ্রামের কম হলে তা ‘লো বার্থ ওয়েট’ বা ‘কম জন্ম ওজন’। আর এই কম ওজন হওয়ার পেছনে রয়েছে গর্ভাবস্থায় মায়ের পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণের অভাব, অল্প বয়সে সন্তান ধারণ, একাধিক গর্ভধারণ, বিভিন্ন রোগব্যাধি, যেমন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ম্যালেরিয়া, আয়োডিনের অভাব ইত্যাদি।

কম ওজন নিয়ে জন্মানো শিশুরা খুব সহজেই রোগাক্রান্ত হয়। তাই তাদের মৃত্যুঝুঁকি স্বাভাবিক ওজনের শিশুদের তুলনায় চার গুণ বেশি। এসব শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ কম হয়। এসব শিশু পরিণত বয়সে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও হৃদ্‌রোগে ভোগে বেশি। মার্কিন গবেষকদের এক গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক ওজন নিয়ে জন্মানো শিশুর চেয়ে কম ওজন নিয়ে জন্মানো শিশুদের মধ্যে অটিজমে আক্রান্ত হওয়ার হার বেশি। এসব তথ্য মনে সত্যিই উদ্বেগের সৃষ্টি করে। যদিও জাতীয় জরিপ বলছে, দেশে কম ওজন নিয়ে জন্মানো শিশুর হার আগের তুলনায় কমেছে।

মা ও শিশু চিকিৎসাসেবায় বাংলাদেশ পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশের চেয়ে এগিয়ে রয়েছে। শিশু ও মাতৃমৃত্যু রোধে বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করেছে। কমিউনিটি ক্লিনিক, মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র এখন প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। তারপরও দেশে ২২ দশমিক ৬ শতাংশ শিশুর কম ওজন নিয়ে জন্ম নেওয়ার বিষয়টি দুঃখজনক। এতে বোঝা যায়, দেশে চলমান পুষ্টি কার্যক্রমগুলোতে ঘাটতি রয়েছে। এ ঘাটতিগুলো শনাক্ত করে দ্রুত তা পূরণের ব্যবস্থা করতে হবে।

আমাদের দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের পুষ্টি সম্পর্কে জ্ঞান কম। তাই পুষ্টি সম্পর্কে বেশি করে প্রচার-প্রচারণা চালাতে হবে। মা ও নবজাতকের পুষ্টিপ্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনে আরও কার্যক্রম ও কর্মসূচি গ্রহণ করতে হবে।