কথা কম বলা সব সময়ই ভালো। আমাদের কান দুটো, আর মুখ একটা। জ্ঞানীরা বলেন, এর মানে, কথা কম বলো, বেশি করে শোনো। কথা কম বলার একটা সুবিধা হলো, আপনাকে বেশ বিচক্ষণ, বেশ প্রাজ্ঞ বলে মনে হবে।কথা বেশি বলা সব সময়ই বিপজ্জনক। বেশি কথা বলতে গিয়ে আমরা কত বিপদই না কত সময় ডেকে আনি।আমাদের অনেকেরই ধারণা, আমরা খুব সুন্দর কথা বলি, উচিত কথা বলি, তাতে কিছু লোক আহত হয়তো হয়, কিন্তু উচিত কথা তো আমাকে বলতেই হবে। আমি না বললে কে বলবে? কিন্তু অসুন্দর কথা, ক্ষোভের কথা, রাগের কথা কেউ পছন্দ করে না। লোকে এ ধরনের কথা ভালোভাবে গ্রহণ করে না।তবু আমরা কথা বলি। কথা বলে বিপদ ডেকে আনি। বোবার শত্রু নাই—এই কথাটা আমরা মনে রাখি না।আমরা যারা সাধারণ মানুষ, আমরা যখন বেশি কথা বলি, তখন যে বিপদ সৃষ্টি হয়, সেটা সাধারণ বিপদ। যাঁরা বড় বড় পদে বসে থাকেন, তাঁরা যখন বেশি কথা বলেন, তখন যে বিপদটা সৃষ্টি হয়, সেটা বড় বিপদ।এই কথাটা বড় মানুষদের কে বোঝাবে। একজন মানুষ যখন বড় হয়, তখন তাকে তার বড়ত্বটা বজায় রাখতে হবে। কথা কম বলা, বুঝেশুনে কথা বলা, সুন্দর কথা, মধুর কথা, ঐক্যের কথা, মিলনের কথাই তাকে বলতে হবে।নীরবতা হিরণ্ময়, এই কথাটা নেতানেত্রীরা যে মানেন না, তার পেছনে কী যুক্তি আছে। আমার মনে হয়, তাঁরা কতগুলো কৌতুক শুনেছেন। এবং সেখান থেকে শিক্ষা নিয়েছেন।এক ভদ্রলোক আর তাঁর স্ত্রী গেছেন কক্সবাজারে। সৈকতে কয়েকটা খোলা জিপগাড়ি অপেক্ষা করছে। এই গাড়ি হিমছড়িতে যাবে। প্রত্যেক যাত্রীর জন্য ১০০ টাকা।ভদ্রলোক বললেন, চলো, খোলা জিপে চড়ে হিমছড়িতে যাই।স্ত্রী বললেন, মনে রেখো, জনপ্রতি ১০০ টাকা।ভদ্রলোক বললেন, থাক, তাহলে যাওয়ার দরকার নাই।পরের দিন সকালবেলা তাঁরা আবার গেলেন সৈকতে। ভদ্রলোক বললেন, চলো না হিমছড়িতে যাই।স্ত্রী মনে করিয়ে দিলেন, কিন্তু মনে রেখো, জনপ্রতি খরচ ১০০ টাকা। দুজনের লাগবে ২০০ টাকা।পরের দিন আবার সকালে তাঁরা সৈকতে সেই গাড়ির কাছে গিয়ে দাঁড়ালেন। ভদ্রলোক বললেন, আজকেই আমরা কক্সবাজার থেকে চলে যাব। আজকেও যদি হিমছড়ি দেখতে না যাই।স্ত্রী বললেন, কিন্তু ওই ২০০ টাকা কি খরচ না করলেই নয়।গাড়ির চালক রোজ তাঁদের এই কথোপকথন শোনে। সে বলল, আচ্ছা, এক কাজ করেন। আপনারা আমার জিপে ওঠেন। গাড়িতে উঠে যদি আপনারা একটু শব্দ না করেন, তাহলে আমি বিনা পয়সাতেই আপনাদের হিমছড়িতে নিয়ে যাব, আর সেখান থেকে ফিরিয়ে আনব।দুজন সানন্দে রাজি হলেন। তাঁরা গাড়িতে উঠলেন। ড্রাইভার উঁচু-নিচু রাস্তা দিয়ে খুব খারাপভাবে গাড়ি চালাতে লাগল, যাতে অন্তত ভয়ে ব্যথায় তাঁরা কথা বলে ওঠেন। কিন্তু দুজনই ঠিক করে রেখেছেন, একটা কথাও তাঁরা বলবেন না। গাড়ি হিমছড়িতে গিয়ে পৌঁছাল। হিমছড়ির ঝরনাধারা দেখে তাঁরা ফিরে আসছেন। এবার গাড়ির চালক আরও বেপরোয়া। যে করেই হোক, এই দুজনের মুখ থেকে কথা বের করতেই হবে। গাড়ি খানাখন্দ, পাথর-বালু কিছুই মানছে না। যেখানে-সেখানে ব্রেক কষছে। শেষে গাড়ি এসে কক্সবাজার সৈকতে পৌঁছাল।চালক বলল, বাপ রে, একটা কথাও বললেন না!ভদ্রলোক বললেন, কেন বলব, কথা বললেই তো বেরিয়ে যাবে ২০০ টাকা। এমনকি আমার বউ যখন গাড়ি থেকে ছিটকে পড়ে গেল, সেও কোনো কথা বলেনি, আমিও কোনো কথা বলিনি।এবার নীরবতা যে সব সময় হিরণ্ময় নয়, সে বিষয়ে একটা গল্প।এক রাজপুত্র। এক ডাইনির অভিশাপে সে প্রায় বধির হয়ে গেছে। সে এক বছরে শুধু একটা শব্দ উচ্চারণ করতে পারে।তার সঙ্গে দেখা হলো এক অপূর্ব সুন্দরী রাজকন্যার। রাজপুত্র ঠিক করল, এই মেয়েটিকে প্রেম নিবেদন করতে হবে। দুই বছর অপেক্ষা করার পর সে বলল, প্রিয়তমা, আমি...কিন্তু এর বেশি কথা বলা তার বরাতে বরাদ্দ নেই। কাজেই সে আরও চার বছর অপেক্ষা করল।তারপর সে গেল সেই রাজকন্যার কাছে। রাজকন্যা তখন গভীর মন দিয়ে একটা সুঁইয়ে সুতা ভরছিল।রাজপুত্র বলল, প্রিয়তমা, আমি তোমাকে ভালোবাসি।রাজকন্যা সুঁইয়ে সুতা ভরা শেষ করে বলল, আপনি কি আমাকে কিছু বললেন?রাজপুত্র বধির হয়ে গেছে ততক্ষণে।কাজেই দেখা যাচ্ছে, কথা বলাটাও জরুরি।আমাদের নেতানেত্রীরা নিশ্চয়ই এসব উপদেশমূলক গল্প শুনেছেন আর সারাক্ষণ সেটাই মেনে চলছেন। তাঁরা কথা বলেন, মাইক্রোফোন সামনে পেলেই তাঁদের মুখের অর্গল খুলে যায়। এবং বলা বাহুল্য, তাঁরা যা বলেন, তাতে নিজেদের উপকারের চেয়ে ক্ষতিই হয় বেশি।তবে একজন বুড়ো ট্রাকচালক একবার কথা না বলেই ভালো করেছিলেন।তিনি ট্রাক চালিয়ে মহাসড়কের পাশে রেখে একটা বিশ্রামাগারে ঢুকলেন। তিনি সেখানে চা-নাশতা খাচ্ছেন।এই সময় তিনজন বখাটে মোটরবাইক চালকের প্রবেশ। তাদের একজন বৃদ্ধের মাথায় একটা চাটি মারল। বৃদ্ধ কিছুই বললেন না।একজন তাঁর চায়ের মধ্যে থুতু ছিটাল।বুড়ো এবারও চুপ করে রইলেন।তৃতীয়জন বলল, এই আবার কী ধরনের ট্রাকচালক রে। সাত চড়েও রা করে না। সে ট্রাকচালকের পরাটা হাতে নিয়ে লোফালুফি খেলতে লাগল।বৃদ্ধ নীরবে বেরিয়ে গেলেন।একটু পরে বেয়ারা এল তিনজন মোটরবাইক চালককে খাবার দিতে। তারা বলল, এই বুড়া কি প্রায়ই আসে তোমাদের এখানে খেতে?বেয়ারা বলল, হ্যাঁ, মাঝেমধ্যে আসে।বেটা একদমই ট্রাকচালকদের মতো নয়।বেয়ারা বলল, তা ঠিক। উনি ট্রাকচালকের মতো কথা বলেন না। আসলে তিনি ট্রাকও ভালো চালান না। এই যে ট্রাকটা নিয়ে চলে যাওয়ার সময় তিনি তিনটা মোটরসাইকেলকে একেবারে পিষে ছাতু বানিয়ে চলে গেছেন।এক দেশে দুইটা দল ছিল। একটা ‘এ’ দল, আরেকটা ‘বি’ দল। ‘বি’ দল সব সময় প্রার্থনা করত, এ দলের অধিনায়ক যেন মুখ খোলেন। তিনি মুখ খুললেই নাকি ‘বি’ দল খেলায় জিতে যায়। তাদের আর কিছুই করতে হয় না।কী জানি, খেলাটা হয়তো ক্রিকেটের মতো। ব্যাটসম্যানের পেছনে উইকেটকিপার, স্লিপে দাঁড়ানো ফিল্ডার আর বোলার সারাক্ষণ ব্যাটসম্যানকে গালি দিতে থাকে। পারবি, পারবি, ওই মারটা? মার তো।ব্যাটসম্যানের একসময় ধৈর্যচ্যুতি ঘটে। সে বলে, এবার বল কর, দেখ, কী রকম ছক্কাটা মারি।এই যে ব্যাটসম্যান মুখ খুলল, কিছুক্ষণের মধ্যেই সে ভুল শট খেলে আউট হয়ে যায়।আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।