কম নিরপেক্ষ পরিবেশে নির্বাচন মঙ্গলজনক হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইলিয়াম বি মাইলামের জন্ম ১৯৩৬ সালের ২৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে। বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসিতে উড্র উইলসন সেন্টারের জ্যেষ্ঠ পলিসি স্কলার। ২০০১ সালে অবসর গ্রহণের আগে তিনি পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ১৯৯০-১৯৯৩ পর্যন্ত। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর মাইলাম দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তাঁর গবেষণার বিষয় হচ্ছে লাইবেরিয়া: ব্যর্থতা থেকে উত্তরণ—বিচার বনাম পুনর্মীমাংসা, মোশাররফ-পরবর্তী পাকিস্তান এবং বাংলাদেশের পূর্বাবস্থায় ফিরে যাওয়া। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা বাংলাদেশ অ্যান্ড দ্য বার্ডেন্স অব দ্য হিস্ট্রি (২০০৭) এবং বাংলাদেশ ও পাকিস্তান: ফ্ল্যার্টিং উইথ ফেইলইউর ইন সাউথ এশিয়া (কলাম্বিয়া ইউনিভার্সিটি ২০০৯)।মাইলাম গত ৩ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতেপ্রথম আলোর মুখোমুখি হন।  সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খানপ্রথম আলো  শেখ হাসিনার সরকারের আমলে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আপনি কীভাবে মূল্যায়ন করেন।মাইলাম  যুক্তরাষ্ট্র সরকারের তরফে নয়, আমি নিজের কথাই বলব। উভয় সরকারের মূল্যায়ন করে আমি বলব, শেখ হাসিনা ও তাঁর সরকার এমন অনেক পদক্ষেপ নিয়েছেন, যা বেশ উদ্বেগজনক। একই সঙ্গে এও বলব, দক্ষিণ এশীয় পরিপ্রেক্ষিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ এবং তার সার্বভৌমত্বকে সমীহ করতে হবে। আমরা সবাই এটা দেখতে চাই যে বাংলাদেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি সাফল্যের উপাখ্যানে পরিণত হয়েছে। কিন্তু বর্তমান সরকার এমন অনেক পদক্ষেপ নিচ্ছে, যা এই লক্ষ্যে অবদান রাখছে না। প্রথম আলো  যুক্তরাষ্ট্রের প্রতিবাদ সত্ত্বেও ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের যে উদ্যোগ সরকার নিয়েছে, তার পেছনে আপনি যৌক্তিকতা খুঁজে পান কি?মাইলাম  এই বিষয়টিতে আমি যুক্তরাষ্ট্রের পক্ষে কোনো বক্তব্য দিতে পারি না। কিন্তু আমি এটা বলতে পারি যে ড. ইউনূসের বিষয়ে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ অযৌক্তিক এবং ভ্রান্তিকরই শুধু নয়, এটা একই সঙ্গে নিষ্ঠুর এবং প্রতিশোধপরায়ণ।প্রথম আলো  এ ঘটনা কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যুক্ত নাকি এর কোনো আন্তর্জাতিক মাত্রা রয়েছে?মাইলাম  আমি মনে করি না যে এতে সীমান্তের বাইরের কোনো কারণ আদৌ নিহিত রয়েছে। এটা প্রায় সর্বাংশে একান্ত দেশীয় বিষয়। অবশ্য এর নানাবিধ কারণ থাকতে পারে। আওয়ামী লীগ সরকার দেশে দ্বিতীয় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির অস্তিত্বকে হুমকি হিসেবে দেখতে পারে। এ ক্ষেত্রে তা টিকিয়ে রাখতে না চাওয়ার বিষয়টি এখানে কাজ করেছে। এই দুটি কারণ একসূত্রে গাঁথা। আর তৃতীয় একটা কারণ হতে পারে বাংলাদেশের রাজনীতি অযৌক্তিক উপায়ে পরিচালিত হয়ে থাকে। কিন্তু আমার সন্দেহ এর কিছু অংশ স্বপ্রমাণিত। সরকার কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট এমন অনেক ব্যক্তি থাকতে পারেন, যাঁরা আদর্শগত কিংবা অন্যান্য কারণে এ বিষয়টিকে সমর্থন দিয়েছেন কিংবা এর সঙ্গে জড়িত হয়েছেন।প্রথম আলো  গ্রামীণ ব্যাংকের মডেলে যুক্তরাষ্ট্রে কি কিছু চলমান আছে? ক্ষুদ্রঋণ ও তার চড়া সুদ নিয়ে তো অনেক তাত্ত্বিক বিতর্কও দেখা যায়। যুক্তরাষ্ট্রে ঠিক কী ঘটছে? মার্কিন জনগণ কীভাবে দেখছে? মাইলাম  শিকাগো ও ইলিনয়ে ক্ষুদ্রঋণের সংগঠনের কথা জানি। আরকানসেও কিছু রয়েছে। ক্ষুদ্রঋণ নিয়ে আমি যুক্তরাষ্ট্রে কোনো সমালোচনা দেখিনি। তৃতীয় বিশ্বের অর্থনীতিবিদদের এ নিয়ে সমালোচনা করতে দেখেছি। কিন্তু আমি মনে করি তাঁদের দৃষ্টিভঙ্গি ভ্রান্তিপ্রসূত। প্রথম আলো  বর্তমান সরকার জঙ্গি মোকাবিলাসহ অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। এসব সাফল্যকে আপনি কীভাবে দেখেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর সার্বিকভাবে শেখ হাসিনা সরকারের অগ্রগতিকে কীভাবে, কতটা বিবেচনায় নিয়েছে?মাইলাম  আমার ব্যক্তিগত বিশ্বাস, বাংলাদেশের সমাজে তথাকথিত জিহাদি ও উগ্রপন্থীদের বিষয়ে বর্তমান সরকার যে সাফল্য পেয়েছে, তাকে তারা ব্যবহার করেছে। বাংলাদেশের উগ্রপন্থা নিয়ে অন্য অনেকে যতটা উদ্বেগ অনুভব করেন, আমি মনে করি তার চেয়ে এটা কম উদ্বেগের বিষয়। যুক্তরাষ্ট্র এবং অন্য যেসব সরকার বাংলাদেশ সরকারকে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে দেখছে, তারা অবশ্য বাংলাদেশ সরকারের এ ধরনের পদক্ষেপে সন্তুষ্ট। আর এই সুযোগে বাংলাদেশ সরকার কেবল অধ্যাপক ইউনূসের বিরুদ্ধেই নয়, আরও অনেক অযৌক্তিক পদক্ষেপ নিচ্ছে। যেমন তারা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিলোপ করেছে, যা কিনা আমাদের বিবেচনায় বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন রাজনীতি ও উন্নত গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার পথে বৈশিষ্ট্যপূর্ণ ছিল। আমরা আশঙ্কা করি, এর ফলে এসব উদ্দেশ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম আলো  বাংলাদেশে যুক্তরাষ্ট্র তার সমরাস্ত্র বিক্রয় নীতিতে কি পরিবর্তন আনছে? মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে। এটা কি বিশেষ পদক্ষেপ? নাকি একে দক্ষিণ এশিয়ায় মার্কিন সমরাস্ত্র বিক্রয় নীতির অংশ হিসেবে দেখা যাবে?মাইলাম  আমি জানি না এর পেছনে মার্কিন সামরিক বাহিনী কিংবা মার্কিন সরকারের কী ধরনের প্রণোদনা কাজ করছে। এটা বলতে পারি, যুক্তরাষ্ট্র দক্ষিণ এশীয় অন্য দেশগুলোতে উপযুক্ত সমরাস্ত্র বিক্রি করে থাকে। সুতরাং, আপনি যেটা বলছেন, সেটা যুক্তরাষ্ট্রের সাধারণ দক্ষিণ এশীয় নীতির সঙ্গে খাপ খাইতে পারে। তবে এটা নিশ্চিত, বিষয়টি বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার সঙ্গে সম্পর্কিত এবং হয়তো যেসব বিষয়ে আমাদের অসন্তুষ্ট করে, সেসব বিষয়ে আমাদের ‘লেভারেজ’ বৃদ্ধি করার সঙ্গে যুক্ত। আপাতত এটুকুই বলতে পারি। প্রথম আলো  হিলারি ক্লিনটনের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন কি সম্ভব? মাইলাম  এটা ‘যদি’ নির্ভর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। অন্য সূত্রগুলো থেকে আমি বুঝতে পারি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারের কোনো অংশ বিশ্বাস করে যে হিলারি ক্লিনটনের বিদায়ের পর একটা পার্থক্য আসবে। তারা ড. ইউনূস ইস্যু তফাতে সরিয়ে রাখবে। এসবের সত্য-মিথ্যা আমার জানা নেই। আমি মনে করি, আগামী কয়েক বছরে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় অন্য আরও অনেক ঘটনা ঘটার ওপর পরিবর্তনের বিষয়টি নির্ভরশীল। উদাহরণস্বরূপ বাংলাদেশে একটি নির্বাচন আসন্ন। সেই নির্বাচন যদি ভালোভাবে সম্পন্ন না হয়, তাতে যদি ব্যাপক কারচুপির আশঙ্কাজনিত উক্তি কিংবা বর্জন কিংবা অন্যান্য অনিয়ম বা সহিংসতা ঘটে, তাহলে যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্য হতাশ হবে। সুতরাং, আগামী কয়েক বছরে বাংলাদেশের রাজনীতিতে কী কী ঘটে, তার ওপর অনেক কিছুই নির্ভর করছে। প্রথম আলো  বাংলাদেশের আসন্ন নির্বাচনে কী ঘটতে পারে বলে মনে হয়? তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের পর নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে। যুক্তরাষ্ট্র ও ভারতের সম্ভাব্য ভূমিকা কী হতে পারে, তা নিয়েও ঢাকায় জল্পনা-কল্পনা আছে। অনেকের মতে, ভারত আওয়ামী লীগের বিজয় দেখতে চাইবে। আর যুক্তরাষ্ট্রও শেষ পর্যন্ত ভারতীয় দৃষ্টিভঙ্গির প্রতি সহানুভূতিশীল থাকতে পারে। মাইলাম  আমার দৃষ্টিতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিলোপ একটি ভুল সিদ্ধান্ত। দীর্ঘ মেয়াদে একটি গণতান্ত্রিক সমাজে পরিণত হতে তা প্রতিবন্ধকতা তৈরি করবে। এখনো আমরা আশা করি, দেশটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে। আমি মনে করি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালুর কারণে বাংলাদেশের বিখ্যাত হওয়ার সুযোগ ছিল। বিশেষ করে এই বিধান টিকে গিয়েছিল। বাংলাদেশ এখন সেসব দেশের তালিকায় নাম লেখাতে চলেছে, যারা খারাপ নির্বাচন করার জন্য পরিচিত এবং খারাপ নির্বাচন সব সময় ঐক্যের বিপরীতে বিরোধের উৎস হিসেবে চিহ্নিত। এবং আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। এখন এর ফলে যে কেউ সন্দেহ করতে পারেন যে ক্ষমতাসীন দলকে অধিকতর সুুবিধা দিতেই তারা এই ব্যবস্থা বাতিল করেছে। নির্বাচনের ফলাফলকে গ্রহণযোগ্যতা দিতে এটা সহায়ক হবে না। প্রথম আলো  বাংলাদেশের কোনো কোনো মহলে এই প্রশ্ন তোলা হয় যে যুক্তরাষ্ট্র কি সব পরিস্থিতিতে বাংলাদেশের বিষয়ে নিজস্ব ধারায় সিদ্ধান্ত নেবে, নাকি তারা দিল্লির সংবেদনশীলতাও বিবেচনা করবে? মাইলাম  আবারও আপনি কিন্তু ‘যদি’ দিয়ে প্রশ্ন করছেন। আমি তো জানি না ভারত কী চিন্তা করছে। প্রথম আলো  তাহলে এভাবে বলি, বিএনপির অংশগ্রহণ ছাড়াই আগামী সাধারণ নির্বাচনের অনুষ্ঠানে একটি প্রশ্ন আছে—মাইলাম  সে কাজটি করলে আওয়ামী লীগ সরকারের যবনিকাপাত ঘটতে পারে। কিন্তু আমি নিশ্চিত নই যে সেই বিষয়ে ভারত কী ভাববে। আমি আসলেই কিছু জানি না। এবং আপনি ভারতীয় নীতি কী হবে সেটা আমাকে না বলা পর্যন্ত আমার কোনো উপায় নেই এটা জানা যে বাংলাদেশে ভারতের যে প্রভাব রয়েছে, তা দায়িত্বশীলতার সঙ্গে অনুশীলন করা হবে কি হবে না।প্রথম আলো  পত্রিকায় পড়েছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে তার সুসম্পর্কের কারণে বাংলাদেশকে তারা দিল্লির চোখ দিয়ে দেখবে। মাইলাম  আমি মনে করি, এটা ভুল। আমরা বরং বাংলাদেশকে ভিন্ন চোখে দেখি। সেটা এমন একটি দৃষ্টিভঙ্গি, যেখানে আশাবাদ রয়েছে এবং বাংলাদেশের জন্য সর্বাধিক অগ্রগতির কথা রয়েছে। বাংলাদেশে কম নিরপেক্ষ কোনো পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান আমি দেখতে চাই না। কারণ, সেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে না। এবং সেটা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্যও ভালো হবে না। আমি মনে করি, এই বিষয়ে আমাদের দৃষ্টি যথেষ্ট শক্তভাবে নিবদ্ধ রয়েছে। প্রথম আলো  বাংলাদেশে আমরা ইদানীং বহু জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তার যাতায়াত লক্ষ করি। বলা হচ্ছে, এটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিনদের ‘পুনর্ভারসাম্যকরণ’ নীতির সঙ্গে সম্পর্কিত।মাইলাম  সম্ভবত এটাই সত্যি। হতে পারে পুনর্ভারসাম্যকরণের একটা পুনর্ভারসাম্যকরণ। স্মরণ রাখুন পশ্চিম-দক্ষিণ এশিয়া, পাকিস্তান ও আফগানিস্তানে আমরা আমাদের অবস্থান কিছুটা হারাচ্ছি। ২০১৪ সালের শেষাশেষি আফগানিস্তান থেকে আমরা অনেকটাই চলে যাব। এর পরে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা কী দাঁড়াবে, সেটা অস্পষ্ট। এই মুহূর্তে সত্যিই আমাদের তা জানা নেই। একই সময়ে প্রশান্ত মহাসাগরে, যার মধ্যে বঙ্গোপসাগর অন্তর্ভুক্ত, সেদিকে আমরা পুনর্ভারসাম্য রক্ষায় মনোযোগী রয়েছি। আমার দৃষ্টিতে আমাদের এই অবস্থানকে অনিষ্টকর হিসেবে দেখা সংগত নয়। প্রথম আলো  বাংলাদেশ ও পাকিস্তান বিশেষজ্ঞ হিসেবে বলুন তো পাকিস্তান কি আবারও ভেঙে যেতে পারে? মাইলাম  আমি মনে করি আগামী কয়েক বছরের মধ্যে তার আশঙ্কা নেই। কারণ, পাকিস্তানের সামরিক বাহিনী এখনো একটি জাতীয় শক্তি এবং তারা দেশটিকে ধরে রাখতে চাইছে। এও সত্য, পাকিস্তান অনেক শঙ্কাপূর্ণ চাপের মুখোমুখি। পাকিস্তানের ভবিষ্যৎ আমার জানা নেই। এক বছর আগে পাকিস্তানের ভবিষ্যৎ নামে একটি বই বের হয়। সেই বইয়ের একটি পরিচ্ছেদে আমি পাকিস্তানের ভবিষ্যৎ বলেছিলাম। আসলে আমরা ওই বইয়ের সব লেখকই পাকিস্তানের ভবিষ্যৎ যে খুবই অনিশ্চিত, সে সম্পর্কে ধারণা ব্যক্ত করেছিলাম এবং আমরা কেউই পূর্বাভাস দিতে রাজি হইনি যে পাকিস্তান সাফল্য অর্জন করতে চলেছে। আবার আমরা কেউ এটা বলতেও রাজি হইনি যে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র; মানে ভূখণ্ডগত পরিবর্তন বা তারা তেমন কোনো পরিবর্তনের মুখোমুখি। পাকিস্তান নিয়ে আমরা সবাই একটা গোলমেলে অবস্থায় নিপতিত, সেখানে এখনো ভবিষ্যদ্রষ্টার দেখা নেই। প্রথম আলো  আপনি কি মনে করেন, সংঘাতের জ্বালামুখ হিসেবে কাশ্মীর অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে? মাইলাম: সংঘাতের জ্বালামুখ হিসেবে কাশ্মীর কিছুটা হলেও প্রাসঙ্গিকতা হারিয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে নয়। নিকট ভবিষ্যতে যদি পাকিস্তান ও ভারত কিংবা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে মারাত্মক কোনো রাজনৈতিক সমস্যা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, তাহলে সেটা হবে আফগানিস্তান নিয়ে, কাশ্মীর নিয়ে নয়।প্রথম আলো  তাহলে কি বলতে পারি কাশ্মীর আফগানিস্তানে রূপান্তরিত হয়েছে? মাইলাম  দেখুন, আপনি প্রাসঙ্গিকতা না হারিয়েও পরিবর্তন আনতে পারেন এবং যথেষ্ট লঘু হলেও কাশ্মীর এখনো প্রাসঙ্গিক। প্রথম আলো  নতুন করে একটি আফগান সংঘাত কি তাহলে সামনে আসছে? মাইলাম  সেটা গুরুত্ব পাচ্ছে সেখানকার ঘটনাবলির ওপরে। ২০১৪ সালে আমরা দেশটি ত্যাগ করছি। এরপর সেখানে কী ঘটবে সেটা অত্যন্ত ধূসর। মার্কিন সেনা প্রত্যাহার-পরবর্তী আফগানিস্তান নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মারাত্মক সমস্যা দেখা দেওয়ার নিশ্চিত আশঙ্কা রয়েছে। প্রথম আলো  ধন্যবাদ।মাইলাম: আপনাকেও ধন্যবাদ।