কমলগঞ্জে চা-বাগান কর্তৃপক্ষের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়েছে, উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা-বাগানের ভেতর পাত্রখোলা খাসিয়াপুঞ্জির মানুষের চলাচল এবং তাদের জমিতে উৎপাদিত কৃষিপণ্য জিপে পরিবহনের জন্য গত বছর ১০ ফুট দীর্ঘ কালভার্ট কাম সেতু নির্মাণ করা হয়। কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করে। কিন্তু গত সপ্তাহে শ্রীগোবিন্দপুর চা-বাগান কর্তৃপক্ষ সেতুটি ভেঙে দেয়। ভেঙে দেওয়ার কারণ হিসেবে চা-বাগান কর্তৃপক্ষ বলছে, এটি একটি অবৈধ স্থাপনা। এটি নির্মাণের আগে অনুমতি নেওয়া হয়নি। চা–বাগান কর্তৃপক্ষের এই দাবি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য, কারণ চা-বাগানের সব জমির মালিক মূলত সরকার। চা-বাগানের মালিকেরা বন্দোবস্ত নিয়ে সেখানে চা-বাগান করেছেন। জনসাধারণের চলাচলের সুবিধার্থে নির্ধারিত স্থানে প্রয়োজন মনে করলে সরকার অবকাঠামো নির্মাণ করবে এবং সে ক্ষেত্রে বাগানমালিকের কাছ থেকে অনুমতি নেওয়ার কিছু নেই। 

আমাদের কমলগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, কালভার্ট কাম সেতুটি ভেঙে দেওয়ায় খাসিয়াপুঞ্জির লোকজনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সেতু দিয়ে খাসিয়ারা যাতায়াত করার পাশাপাশি তাদের উৎপাদিত পণ্য জিপে পরিবহন করে বাজারে নিয়ে যেত। সেতুটি ভেঙে দেওয়ায় তাদের ঘুরপথে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। পণ্য বাজার পর্যন্ত নিয়ে যেতে সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে উদ্যোগী হয়ে শ্রীগোবিন্দপুর চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কারণ, সরকারি ব্যয়ে নির্মিত সরকারি স্থাপনা ভেঙে তারা গুরুতর ফৌজদারি অপরাধ করেছে। প্রকাশিত খবর অনুযায়ী, এই চা-বাগানের মালিক শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া। পৌরসভার মেয়র হওয়ার সুবাদে তিনি যাতে এ ব্যাপারে কোনো প্রভাব খাটাতে না পারেন, সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।