পুলিশ জনগণের সেবক—এমন বক্তব্য প্রায়ই আমরা শুনে থাকি। আবার ‘বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশ ছুঁলে ছত্রিশ’—এমন প্রবাদবাক্যের সঙ্গেও আমরা পরিচিত। এর মাধ্যমে প্রকাশ পায় থানা-পুলিশ নিয়ে মানুষের মধ্যে কী রকম নেতিবাচক অনুভূতি কাজ করে। না পারতে কেউ থানার পাশ ঘেঁষতেও চায় না। মানুষের এমন ভীতি দূর করতে রাজধানীর কমলাপুর রেলওয়ে থানা দারুণ এক উদ্যোগ নিয়েছে। হাজতখানায় তারা একটি পাঠাগার গড়ে তুলেছে। বাংলাদেশের কোনো থানায় এমন উদ্যোগ এই প্রথম। সমাজে অপরাধপ্রবণ মানুষের উন্নত মানসিকতা গঠনে এমন কর্মকাণ্ড নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের উদ্যোগে নিজস্ব অর্থায়নে পাঠাগারটি বাস্তবায়ন করা হয়েছে। এই পুলিশ কর্মকর্তা বলছেন, কোনো মানুষ হয়তো সাময়িক ভুলের কারণে অপরাধী হয়েছেন। হাজতে এসে তাঁর মনোজগতের পরিবর্তন হতে পারে। নিজেকে সংশোধন করে তিনি সুন্দর মনের মানুষে পরিণত হতে পারেন। সেই চিন্তা থেকেই হাজতখানাকে নতুনভাবে সাজানো হয়েছে। এ পাঠাগারের তাকগুলো সাজানো হয়েছে উপন্যাস, গল্প, কবিতা, আত্মজীবনী, ধর্মীয়সহ বিভিন্ন ধরনের বই দিয়ে। আছে বসে পড়ার ব্যবস্থাও।
থানাহাজতে অল্প সময়ের জন্য অভিযুক্ত ব্যক্তিদের রাখা হয়। তাদের মধ্যে অনেকে অপরাধী না–ও হতে পারেন। তবে কাউকেই ২৪ ঘণ্টা পর্যন্ত হাজতে রাখার বিধান নেই। কারণ, নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে তোলার বাধ্যবাধকতা আছে। এই অল্প সময়ে অভিযুক্তরা হাজতে নয় পাঠাগারে আছেন, এমন উপলব্ধি তৈরি হবে, তাঁদের মনোজগতেও ইতিবাচক পরিবর্তন আসবে। পাঠাগার ছাড়াও হাজতে শোয়ার ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। আছে আধুনিক একটি শৌচাগারও। শিশুদের জন্য চকলেটের ব্যবস্থা রাখা হয়েছে। আটককৃত ব্যক্তিদের কাউন্সেলিংও করা হয় এখানে। থানা কর্মকর্তার ভাষ্য, গত এক বছরে থানার চিত্রই বদলে গেছে। কোনো সেবাপ্রার্থী যেন মনঃক্ষুণ্ন না হন, সেদিকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোয় পরিবর্তন আনা হয়েছে।
পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনা প্রায়ই খবর হয়। ফলে হাজতবাস অনেক মানুষের জন্য রীতিমতো দুঃস্বপ্নের মতো। এর মধ্যে আছে শোয়ার ব্যবস্থা ও শৌচাগার নিয়ে অবর্ণনীয় অব্যবস্থাপনা। হাজতখানার শৌচাগারের দুঃসহ পরিবেশই যেন প্রথাসিদ্ধ। এমন পরিস্থিতিতে কমলাপুর রেলওয়ে থানা ভিন্ন এক নজির রাখল। গোটা দেশের হাজতখানাগুলোতে এমন উদ্যোগ ছড়িয়ে দেওয়া হোক।