কমিউনিটি সেন্টারে পুলিশের দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারতলা এ কমিউনিটি সেন্টারের তৃতীয় ও চতুর্থ তলার একাংশে ওয়ারী থানা কার্যালয় স্থাপন করা হয় ২০১২ সালে। তখন থেকেই সমস্যা শুরু হয়। থানা কর্তৃপক্ষ নির্ধারিত জায়গার চেয়ে বেশি জায়গা অবৈধভাবে ব্যবহার করতে শুরু করলে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের সংখ্যা কমতে থাকে।

কমিউনিটি সেন্টারে বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে। এই সেন্টারগুলো সমাজের অভিন্ন পরিসর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ একত্র হতে পারে। প্রতিটি এলাকায় এ রকম কমিউনিটি সেন্টারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বেসরকারি কমিউনিটি সেন্টারের ভাড়া অনেক বেশি। তাই মধ্যবিত্ত মানুষের মধ্যে সিটি করপোরেশনের এই সাশ্রয়ী কমিউনিটি সেন্টারগুলোর চাহিদা রয়েছে। এখন সিটি করপোরেশনের একটি কমিউনিটি সেন্টারে নির্ধারিত অংশের বাইরেও যদি পুলিশ তাদের দখল কায়েম করে, তবে এটা ব্যবহারের উপযোগী থাকে কীভাবে?

কমিউনিটি সেন্টারটির মালিকানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। এটা সঠিকভাবে পরিচালিত হোক তা নিশ্চিত করার দায়িত্ব তাদের। কিন্তু তারা এ বিষয়ে এখন পর্যন্ত একটি বিভাগীয় প্রতিবেদন জমা দেওয়া ছাড়া কিছু করেনি। এ কারণে এলাকার মানুষ যেমন সেন্টারটি ব্যবহার করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি সরকারও রাজস্ব হারাচ্ছে। 

বিভিন্ন অবৈধ দখল উচ্ছেদের ক্ষেত্রে পুলিশ তাদের দায়িত্ব পালন করে থাকে। এখন তারা নিজেরাই যদি দখলের সঙ্গে জড়িত হয়ে পড়ে, তবে তাদের উচ্ছেদ অভিযান চালানোর নৈতিক দিকটি প্রশ্নের মুখে পড়ে। কমিউনিটি সেন্টারটি দখলমুক্ত ও তা এলাকাবাসীর ব্যবহারের উপযোগী করা হোক।