কমিউনিটি স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ জুলাই মন্ত্রিসভার বৈঠকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮ আইনটি উপস্থাপন করা হলে বিস্তারিত আলোচনার পর কিছু সংশোধন-সাপেক্ষে আইনটি নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট গঠনের লক্ষ্যে প্রস্তাবনা ও আইনের খসড়া তৈরির জন্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে অন্যান্যের মধ্যে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী (কমিটির উপদেষ্টা) আর কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেন কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক।

কথা ছিল পরবর্তী পনেরো দিনের মধ্যে কমিটি তাদের খসড়া স্বাস্থ্যমন্ত্রীর কাছে পেশ করবে। সেটি তারা করতে পারেনি। তারপরও ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত কাজটা হয়েছে। খসড়া আইন অনুযায়ী ট্রাস্টের অধীনে কমিউনিটি ক্লিনিকের সব কর্মীর চাকরি স্থায়ীকরণের পাশাপাশি বেতন বৃদ্ধি, পদোন্নতি, অবসর ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা সরকারি চাকরির মতো চালু থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে।

বর্তমানে প্রকল্পের আওতায় থাকা কমিউনিটি ক্লিনিকভিত্তিক মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা প্রস্তাবিত ট্রাস্টের অধীনে চলে আসবে। এই বছরের শেষ নাগাদ দেশের বর্তমানের ১৩ হাজার ৮৬১টি কমিউনিটি ক্লিনিকের সঙ্গে আরও ১ হাজার ২৯টি যুক্ত হলে সর্বমোট ১৪ হাজার ৮৯০টি কমিউনিটি ক্লিনিকের সার্বিক প্রশাসনিক ও ব্যবস্থাপনার দায়িত্ব বর্তাবে ট্রাস্টের ওপর। খসড়া প্রস্তাব অনুযায়ী ১৪ সদস্যের একটি ট্রাস্টি বোর্ডে একজন সভাপতি ও অতিরিক্ত সচিব বা সমমর্যাদার একজন ব্যবস্থাপনা পরিচালক থাকবেন। দেশের খ্যাতিমান ব্যক্তিদের মধ্য থেকে প্রধানমন্ত্রী একজনকে ট্রাস্টের সভাপতি হিসেবে মনোনয়ন দেবেন। ট্রাস্টে একটি উপদেষ্টা পরিষদও থাকবে।

প্রস্তাব অনুযায়ী নতুন এই ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য হবে গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। জনমানুষের সম্পৃক্ততায় পারে একটি স্বপ্নের সফল কার্যকরী ও টেকসই বাস্তবায়ন। অতীত অভিজ্ঞতা বলে মানুষের স্বত্ববোধ তৈরি করতে না পারলে কোনো ব্যবস্থাকেই স্বয়ংক্রিয়ভাবে সচল রাখা সম্ভব হয় না। প্রস্তাবিত ট্রাস্ট মানুষের স্বত্ববোধ তৈরির দুয়ার খুলে দিতে পারে।

অংশগ্রহণের নানা পথ ও প্রক্রিয়া আছে, খসড়া প্রস্তাবে ট্রাস্টের তহবিলে সামাজিক সহযোগিতা গ্রহণ, ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সম্পদ ও অনুদান সংগ্রহ এবং এর সুষ্ঠু ব্যবহারের কথা বলা হয়েছে। মানুষ তখনই স্বেচ্ছায় সম্পদ আর সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে, যখন সে দেখবে তার সম্পদ আর সহযোগিতা স্বচ্ছতা আর জবাবদিহির সঙ্গে কাজে লাগানো হচ্ছে। ট্রাস্টের নীতি প্রণয়ন, কর্মসূচি তৈরি এবং মনিটরিংয়ে জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের সম্পৃক্ততাই পারে চিরাচরিত আমলাতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে একটি নতুন ও ব্যতিক্রমী ব্যবস্থাপনা গড়ে তুলতে। ট্রাস্টের সেই সুযোগ আছে।