ঢাকা ও চট্টগ্রামে তিনটি সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি এখন প্রধান হয়ে উঠেছে। মেয়র ও কাউন্সিলর পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা নিজেরা কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র গ্রহণ ও জমা দিতে পারেননি। তাঁরা এ কাজগুলো করেছেন প্রতিনিধিদের মাধ্যমে। কারণ, তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার প্রায় সবই রাজনৈতিক কারণে আরোপিত। মামলা না থাকলেও অনেকে গ্রেপ্তার-আতঙ্কে রয়েছেন। একই কারণে কর্মীরাও প্রকাশ্যে আসতে
পারছেন না। অন্যরা সবাই অবাধে প্রচার করবেন, কিন্তু বিএনপি-সমর্থিত প্রার্থীরা পারবেন না। তাই বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনায় এনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।
ক্ষমতা থাকলেও কিছুই করছে না কমিশনসুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির সার্বিক ক্ষমতা নির্বাচন কমিশনকে সংবিধান দিয়েছে। কমিশন নির্বাচনী বিধি–বিধানের সঙ্গে নতুন সংযোজনও করতে পারে। একটি মামলায় হাইকোর্ট এ রকম রায় দিয়েছেন। নির্বাচন কমিশনকে সেই ক্ষমতা প্রয়োগে সক্রিয় ভূমিকা নিতে হবে। সম্প্রতি পুলিশের এক কর্মকর্তা বলেছেন, প্রার্থীদের মধ্যে কারও বিরুদ্ধে মামলা থাকলে তিনি প্রকাশ্যে আসামাত্র তাঁকে গ্রেপ্তার করা হবে। এ ধরনের কথা নির্বাচনে একধরনের ভয়ের পরিবেশ সৃষ্টি করে। পুলিশের কর্মকর্তা তাঁদের নিয়মিত একটি কাজের বিষয়কে কেন নির্বাচনের সঙ্গে যুক্ত করে বক্তব্য দিচ্ছেন, এ প্রশ্ন নির্বাচন কমিশনের তোলা উচিত।
তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যায়। এ সময় সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো পদক্ষেপ গ্রহণের আগে, এমনকি কোনো প্রার্থীকে গ্রেপ্তার করতে হলেও নির্বাচন কমিশন, এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার সঙ্গে পরামর্শ করা উচিত। নির্বাচনী এলাকায় কোনো কর্মকর্তার নিয়োগ-বদলি, পদোন্নতি প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই তাঁদের সম্মতি লাগবে। কোনো কর্মকর্তার ভূমিকা নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ন করলে তিনি তাঁকে বদলি করতে পারেন। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্যই কমিশন তাদের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করুক। এটা সবার কাম্য।