কর দিতে চাই, নিতে চায় না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর দেওয়ার জন্য যখন এনবিআর ঢাকঢোল পিটিয়ে প্রচার করছে, তখন ঢাকার দুই সিটি করপোরেশনের হতভাগা ভবন-মালিকদের হোল্ডিং কর পরিশোধের জন্য বাড়তি টাকা-পয়সা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এক সংস্থা সচ্ছল নাগরিকদের মাথায় হাত বুলিয়ে বলছে, পাঁচ-দশ হাজার বা লাখ কয়েক টাকার কর দিয়ে যাও, কোনো হয়রানি করা হবে না! আর অন্য সংস্থাটি নির্বিকার, তাদের কর্মীরা যেন বলতে চাইছে, বাড়তি কিছু না দিলে কর নেব কেন!
করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এমন কায়দাকানুন করেছেন যে হোল্ডিং কর দেওয়ার জন্য তাঁদের টেবিলে টেবিলে ঘোরাঘুরি না করে উপায় নেই। ৩০ সেপ্টেম্বরের মধ্যে কর দিতে হবে। অথচ এখনো বাসায় বাসায় করের বই দেওয়া হয়নি। প্রতিবছর গ্রাহকদের কাছে যে বিল-বই পৌঁছে দেওয়া হয়, সে কাজটি এবার কেন করা হলো না, তা নিয়ে করপোরেশনের কারও মাথাব্যথা আছে বলে মনে হয় না। বুধবার প্রথম আলোয় নগরবাসীর ভোগান্তির খবরে যদি মেয়রদের সংবিৎ হয়, তাহলে হয়তো এ যাত্রায় বাড়ির মালিকেরা বেঁচে যাবেন। যত দ্রুত চৈতন্যোদয় হয়, ততই মঙ্গল।
একটা বিষয় পরিষ্কার হলো, বাসাবাড়ির মালিকেরা হোল্ডিং কর দিতে চান। কর দেওয়ার সংস্কৃতি আমাদের দেশে প্রায় উঠেই গেছে। সবখানে ফাঁকিবাজির মনোবৃত্তি চেপে বসেছে। যাঁরা হোল্ডিং কর দেওয়ার জন্য নিজ উদ্যোগে করপোরেশনের টেবিলে টেবিলে ঘুরছেন, তাঁদের সৎ উদ্যোগকে আমরা উচ্চ মূল্যায়ন করি। এ রকম নিষ্ঠাবান নাগরিকেরাই আমাদের সমাজকে উঁচুতে নিয়ে যাচ্ছেন। কিন্তু টেবিলে টেবিলে যাঁরা ওত পেতে বসে থাকেন, তাঁদের কঠোর শাস্তির আওতায় আনতে না পারলে ঘুষ-দুর্নীতি বাড়তেই থাকবে।
ঢাকার দুই মেয়রের ওপর আমাদের ভরসা আছে। হোল্ডিং কর আদায়ের প্রথম সামান্য পরীক্ষাটিতে তাঁরা অনুত্তীর্ণ হবেন না আশা করি। শিগগির বিল-বই বিলি করুন, আমরা কর দিয়ে ধন্য হই! দরকার হলে এক মাস সময় বাড়িয়ে দিন।