করতোয়া নদীর কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীটিকে শুকিয়ে মেরেছিল পানি উন্নয়ন বোর্ডের ভুল জলকপাট, এখন দখলের মাধ্যমে তার মৃত্যু সম্পূর্ণ করা হচ্ছে। ২৭ বছর আগে বন্যা নিয়ন্ত্রণের জন্য করতোয়া নদীতে জলকপাট (স্লুইসগেট) নির্মাণের পর থেকেই মৃতপ্রায় নদীটি। এই সুযোগে বগুড়া শহর ও এর উপকণ্ঠ পর্যন্ত ১০ কিলোমিটার নদী এলাকায় গড়ে উঠেছে দখলদার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৮টি অবৈধ স্থাপনা।
গত বৃহস্পতিবারের প্রথম আলোর সংবাদে দখলদারদের তালিকার শীর্ষে পাওয়া যাচ্ছে বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নাম। সমাজসেবা অধিদপ্তরের অনুমোদন নেওয়া একটি সংস্থার এহেন দখলদারি থাবা প্রতিহত করার কি কেউ নেই? দখলদারের তালিকায় ডায়াবেটিস সমিতি, মাদ্রাসা ও মন্দিরও রয়েছে। পরিবেশ অধিদপ্তর ২০১৩ সালে এদের উচ্ছেদে জেলা প্রশাসনকে চিঠি দেয়। টিএমএসএসসহ ২৮ দখলদারকে উচ্ছেদে মামলাও করে প্রশাসন। জেলা প্রশাসনের সভায় উচ্ছেদের সিদ্ধান্তও হয় গত বছর। কিন্তু বাস্তবায়ন নেই।
ক্ষতবিক্ষত করতোয়ামহাভারতের বর্ণনায় করতোয়া প্রাচীন ও পবিত্র নদী। এ নদীর পারেই গড়ে উঠেছিল বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা পুণ্ড্রনগর। প্রাচীন শ্রাবস্তী নগরও এই নদীর পারে ছিল বলে অনুমান। উত্তরের বাণিজ্যিক কেন্দ্র বগুড়া শহরও এই নদীর ওপর নির্ভরশীল। এ নদীর সর্বনাশ করে গোবিন্দগঞ্জের খলসীতে ২৭ বছর আগে বন্যা নিয়ন্ত্রণের নামে নির্মিত হয় জলকপাট। সেই থেকে জলকপাটের এক পাড়ের নদী জলভরা বহমান; অন্য পাড়ে শুষ্কপ্রায় নর্দমার আকার। তাতে অবশ্য দখলদারদের সুবিধাই হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জলকপাটটি সরাতে কয়েক দফা চিঠিও দিয়েছে বগুড়া ও গাইবান্ধার জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে। কিন্তু এ ব্যাপারেও কোনো অগ্রগতি নেই। ১১৬ কিলোমিটার দীর্ঘ একটি নদী শুকিয়ে গেল, অথচ কারোরই কোনো ভাবান্তর হলো না!
আমরা করতোয়া নদীর সংযোগস্থলের জলকপাট অপসারণ এবং নদীর ওপর দখল ও দূষণ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।