করোনা প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার প্রথম আলোর প্রথম পাতায় পাশাপাশি দুটি খবরে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে করোনা সংক্রমণের চিত্র উঠে এসেছে। তবে কুষ্টিয়ার লক্ষ্মীপুরের ঘটনাটি বাড়তি কৌতূহল তৈরি করেছে এ কারণে যে সেখানে সংক্রমণের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে জেলা সিভিল সার্জন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা গিয়ে ঘরে ঘরে রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র দিচ্ছেন। গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্যবিষয়ক নানা তথ্য সংগ্রহ করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে তিনটি দল গঠন করা হয়েছে। একই সঙ্গে সেখানে করোনা পরীক্ষা ও টিকা দেওয়ারও উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগ।

৩ জুলাই লক্ষ্মীপুর গ্রামে করোনায় একজন রোগীর মৃত্যু হলে গুজব ছড়িয়ে পড়ে যে হাসপাতালে রোগী গেলেই ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়। গ্রামবাসী গুজবে কান দিয়ে প্রথমে করোনায় আক্রান্ত হলেও চিকিৎসার জন্য হাসপাতালে যাননি। পরে যখন গেছেন, তখন চিকিৎসা নিলেও লাভ হয়নি। গত মঙ্গলবার প্রথম আলোয় ‘ছোট্ট গ্রামে বড় আঘাত, ২২ দিনে ১২ মৃত্যু’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ পাওয়ার পরই সংশ্লিষ্টরা নড়চড়ে বসেন। মঙ্গলবার কেবল সিভিল সার্জন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদ চেয়ারম্যানও গ্রামে গিয়ে খোঁজখবর করেন। ইউএনও শারমিন আক্তার হাতমাইকে স্বাস্থ্যসচেতনতামূলক বার্তা পৌঁছানো ছাড়াও আক্রান্ত সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার নিশ্চয়তা দেন। আরও উদ্বেগের খবর হলো এ গ্রামে কোনো কমিউনিটি ক্লিনিক না থাকায় আগে থেকেই গ্রামবাসীর স্বাস্থ্যসেবা পাওয়া দুরূহ ছিল। করোনা সংক্রমণ পরিস্থিতি আরও নাজুক করে দিয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে ২৫ দিনে মারা গেছেন ২১ জন। এখানেও করোনা পরীক্ষা নিয়ে গ্রামবাসীর মধ্যে অনীহা ও কুসংস্কার আছে। জ্বর-সর্দি থাকা সত্ত্বেও পানছুরা খাতুন নামের এক নারী জানান, ‘করোনা পরীক্ষা করে কি আমরা একঘরে হব?’ জেলা সিভিল সার্জন অফিস থেকে বলা হয়, গাংনী উপজেলায় ১ হাজার ৪১৪ জন আক্রান্ত হয়েছেন। কিন্তু প্রকৃত আক্রান্ত ব্যক্তির সংখ্যা আরও অনেক বেশি। পানছুরা খাতুনের মতো অনেকেই একঘরে হয়ে যাওয়ার ভয়ে পরীক্ষা করাননি।

কুষ্টিয়ার লক্ষ্মীপুর কিংবা মেহেরপুরের গাড়াডোবের ঘটনা ব্যতিক্রম নয়। দেশের অধিকাংশ গ্রামের বাস্তবতা এ রকমই। সে ক্ষেত্রে উপসর্গ থাকুক আর না-ই থাকুক, অধিকসংখ্যক মানুষের করোনা পরীক্ষা নিশ্চিত করতে হবে। পরীক্ষায় কারও সংক্রমণ ধরা পড়লে দ্রুত চিকিৎসাসেবা দিতে হবে। গুরুতর না হলে বাড়িতেও সেটি করা যায়। গুরুতর হলে রোগীকে হাসপাতালে পাঠাতে হবে।

আমরা শুরু থেকেই বলে আসছি করোনা একটি জাতীয় ও বৈশ্বিক দুর্যোগ। কেবল স্বাস্থ্য বিভাগের গুটিকয়েক কর্মকর্তাকে দিয়ে এর পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া যাবে না। জনসচেতনতার পাশাপাশি পরীক্ষার কাজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণদের যুক্ত করতে হবে।

আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত টিকা দেওয়া শুরু হচ্ছে। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তবে ইউনিয়নে একটি মাত্র টিকাকেন্দ্র থাকলে দূরদূরান্তের মানুষ এসে টিকা দিতে পারবেন না। সে ক্ষেত্রে ইউনিয়নে একাধিক টিকাকেন্দ্র স্থাপন করতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র স্থাপন করা যেতে পারে। সব গ্রামেই কুষ্টিয়ার লক্ষ্মীপুরের দৃষ্টান্ত অনুসৃত হোক।

করোনা রুখতে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে।