বৈশ্বিক পরিসরে করোনাভাইরাস মহামারি আরও ছড়িয়ে পড়ার খবর আসা অব্যাহত আছে। আরও বেশি মানুষের সংক্রমিত হওয়া এবং মারা যাওয়ার খবরে দেশে দেশে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে বাড়ছে এই মহাসংকট মোকাবিলা করার নানা প্রয়াস। আমাদের দেশে এ পর্যন্ত ৮ ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য সরকারিভাবে জানানো হয়েছে। প্রথমে আক্রান্ত তিন ব্যক্তি সেরে উঠেছেন, এটা যেমন স্বস্তির বিষয়, তেমনই সর্বশেষ আক্রান্ত তিনজনের মধ্যে দুজনই শিশু—এই খবরটি বাড়তি উদ্বেগ যোগ করে। কেননা, আক্রান্ত শিশুদের মাধ্যমে পরিবারের বয়স্ক সদস্যদের মধ্যে রোগটি সংক্রমিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ফলে, ঝুঁকি এড়ানোর লক্ষে্য কিছুটা বিলম্বে হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সরকার সঠিক কাজই করেছে।
এই গুরুতর সংকট মোকাবিলার জন্য আরও অনেক করণীয় আছে। প্রথমত, মহামারির মতো জাতীয় সংকটে পুরো সরকারকেই তা মোকাবিলা করার জন্য তৎপর হতে হয়; ইংরেজিতে যেটাকে বলা হয় ‘হোল গভর্নমেন্ট অ্যাপ্রোচ’। সব মন্ত্রণালয়সহ সরকারের সমস্ত শাখা-প্রশাখাকে একযোগ তৎপর হয়ে নিজ নিজ ক্ষেত্রে করণীয় শনাক্ত করে তা সম্পাদন করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই পথে সংকট মোকাবিলার ওপর গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে, তাদের দুটি সভা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আরও যেসব কমিটি গঠন করার কথা বলা হয়েছে, সেগুলো দ্রুত গঠন করে একসঙ্গে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, যেন এই রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ার আগেই রোধ করা সম্ভব হয়।
রোগটি ছড়িয়ে পড়া রোধ করার জন্য যে সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন, তার প্রথমেই রয়েছে ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা এবং অন্যদের থেকে আলাদা রেখে চিকিৎসা দেওয়া। রোগ শনাক্ত করার দায়িত্ব এখন পর্যন্ত একটি মাত্র সংস্থার হাতে (আইইডিসিআর)। তাদের কাছে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় কিট মজুত যথেষ্ট নেই বলে জানা গেছে। দ্রুত এই ঘাটতি পূরণ করার উদ্যোগ নিতে হবে। পরিস্থিতি খারাপের দিকে গেলে সরকারি এই একটি মাত্র প্রতিষ্ঠানের পক্ষে তা সামাল দেওয়া সম্ভব কি না, তা এখনই বিবেচনায় নিতে হবে।
ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে সম্ভাব্য করোনায় আক্রান্ত এক রোগীর পালানোর ঘটনায়ও প্রতীয়মান হয়, করোনাভাইরাস মোকাবিলার প্রস্তুতিতে কত রকমের ঘাটতি রয়ে গেছে। হাসপাতালগুলোতে চিকিৎসকসহ সব কর্মীর নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর জন্য ব্যাপক প্রচারণার উদ্যোগ নিতে হবে এবং প্রতিনিয়ত সঠিক ও হালনাগাদ তথ্য সরবরাহ করতে হবে, যেন সঠিক তথ্যের অভাবে গুজব ও আতঙ্ক না ছড়ায়।