বাংলাদেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর গতকাল ৫০তম দিনে এই রোগে সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২। আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৯১৩। নমুনা সংগ্রহ ও শনাক্তকরণ পরীক্ষা ব্যবস্থাপনায় ঘাটতির ফলে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। তবে বিশেষজ্ঞদের ধারণা, পরীক্ষা আরও বেশি সংখ্যায় করা সম্ভব হলে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লিখিত সংখ্যার চেয়ে বেশি হতে পারে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, ইউরোপ-আমেরিকার দেশগুলোতে সংক্রমণের হার কমতে শুরু করেছে; কিন্তু দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোতে তা বেড়ে চলেছে। বাংলাদেশের সরকারি পরিসংখ্যানেও সেটাই দেখা যাচ্ছে। গত রোববার জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪১৮ জন; আর সোমবার দুপুরের তথ্য হলো, পরের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। অর্থাৎ আমাদের হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বেড়ে চলেছে এবং আগামী দিনগুলোতে আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার চ্যালেঞ্জটি আরও বড় হয়ে উঠছে। করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোর রোগীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে তাঁরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। আর চিকিৎসকেরা বলছেন, রোগীদের এই অভিযোগ ঠিক নয়। তাঁরা নানা সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসাসেবা দিয়ে চলেছেন। তবে উভয় পক্ষেরই একটা অভিযোগ অভিন্ন, সেটা হলো করোনা হাসপাতালগুলোর ব্যবস্থাপনায় ত্রুটি আছে।
আমরা এই অভিযোগের ওপর বিশেষ গুরুত্ব দিতে চাই। কারণ, পর্যাপ্ত জনবল ও লজিস্টিক সুবিধার ঘাটতির সঙ্গে হাসপাতালের ব্যবস্থাপনার দুর্বলতা যোগ হলে চিকিৎসা-পরিস্থিতির অবনতি ঘটতে পারে। প্রথমত, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চিকিৎসকের স্বল্পতা দূর করার কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশে সাধারণ অবস্থাতেই সরকারি হাসপাতালগুলোতে পদসংখ্যার তুলনায় কর্মরত চিকিৎসকের সংখ্যা কম থাকে। এখন এই বিশেষ সংকটময় পরিস্থিতিতে করোনা হাসপাতালগুলোর জন্য পর্যাপ্তসংখ্যক চিকিৎসকের ব্যবস্থা করা নিশ্চয়ই সহজ নয়, কিন্তু তা একদম অসম্ভব হওয়ারও কথা নয়। চিকিৎসকদের কর্মসময়ের সমন্বয় সাধন করে বিভিন্ন হাসপাতাল থেকে পালাক্রমে করোনা হাসপাতালগুলোতে দায়িত্ব পালনের ব্যবস্থা করা যেতে পারে। এ ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। শিক্ষানবিশ চিকিৎসকদের একটা বড় অংশকে এখন করোনা হাসপাতালগুলোতে পাঠানো হলে জ্যেষ্ঠ চিকিৎসকদের ওপর চাপ কমবে। আমাদের চিকিৎসাব্যবস্থার বৃহত্তর অংশই বেসরকারি। সুতরাং স্বাস্থ্য বিভাগ ভেবে দেখতে পারে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলো থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় কি না।
করোনা হাসপাতালগুলোর দ্বিতীয় বড় সমস্যাটি হলো পর্যাপ্ত শয্যার অভাব। ৫০০ শয্যার ও ৩০০ শয্যার যে হাসপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, সেগুলোর সব শয্যা রোগীদের সেবার জন্য প্রস্তুত করা হয়নি। ফলে ৫০০ শয্যাবিশিষ্ট কুর্মিটোলা হাসপাতালে শয্যার অভাবে রোগীকে ভর্তি করানো সম্ভব হয়নি, এমন খবরও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে কুর্মিটোলা হাসপাতালে কখনোই ৩০০ জনের বেশি রোগী ভর্তি হতে পারেনি, অথচ বলা হচ্ছে হাসপাতালটি ৫০০ শয্যাবিশিষ্ট। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ৩০০ শয্যাবিশিষ্ট, কিন্তু সেখানেও কখনো ভর্তি রোগীর সংখ্যা ২০০তে পৌঁছায়নি।
করোনা হাসপাতালগুলোতে এই শয্যাঘাটতি নিঃসন্দেহে ব্যবস্থাপনাগত ব্যর্থতা, যা এমন গুরুতর সংকটের সময় কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।