করোনাভাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দেশে করোনাভাইরাস তথা কোভিড-১৯ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ এশিয়ার জনবহুল দেশগুলোতে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছে। তাদের মতে, চীন ও ইউরোপের পর দক্ষিণ এশিয়াই হবে ‘হট স্পট। এরপরই বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার খবরটি অত্যন্ত উদ্বেগজনক। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক বুধবার এটি নিশ্চিত করেছেন। 

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের কারণে যেখানে প্রয়োজন সেখানে শাটডাউন করা হবে। কিন্তু পরিস্থিতি মোকাবিলায় যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেটি সরকার নিতে পেরেছে বলে মনে হয় না। জনগণকেও এ ব্যাপারে যথেষ্ট সচেতন করা যায়নি। 

করোনাভাইরাস প্রথমে চীনে আঘাত হানলেও দুই মাসের ব্যবধানে তা বিশ্বের প্রায় সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রকৃত অর্থে নতুন ভাইরাস মানবগ্রহকে ভয়াবহ বিপদের মধ্যে ঠেলে দিয়েছে, যার প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। এই সংকটের যেমন দেশীয় দিক আছে, তেমনি আছে আঞ্চলিক ও বৈশ্বিক দিক। কোনো একক দেশের পক্ষে বৈশ্বিক বা আঞ্চলিক পরিস্থিতি মোকাবিলা করা না গেলেও দেশীয় পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট দেশকেই। 

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মাত্র ১৪ জন আক্রান্ত হওয়া এবং ১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সরকার শুরু থেকেই প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে এমন দাবি করে আসছে। বলা হয়েছে, যাঁরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁরা হয় বিদেশ থেকে এসেছেন অথবা তাঁদের সংস্পর্শে এসেছেন। সরকারের আশ্বাস বা পরিসংখ্যান আমাদের কোনোভাবে আশ্বস্ত করে না। গত কয়েক মাসে কয়েক লাখ প্রবাসী বাংলাদেশে এসেছেন। এ ছাড়া বহু বিদেশিও নানা উপলক্ষে এখানে এসেছেন। রোগ শনাক্ত করার উপায় হলো সন্দেহভাজন ব্যক্তিকে পরীক্ষা করা। কিন্তু সেই কাজটি ঠিকমতো করা হয়নি। ১৭ কোটি মানুষের এই দেশে শুধু একটি কেন্দ্রের মাধ্যমে এই ভাইরাস শনাক্ত করার সিদ্ধান্তে অটল রয়েছে সরকার। 

করোনাভাইরাস সম্পর্কে সামাজিক সচেতনতা তৈরিতেও আমরা বেশ পিছিয়ে আছি। এই ভাইরাসের বিস্তার রোধের একমাত্র পথ হচ্ছে সামাজিক যোগাযোগ যতটা সম্ভব সীমিত করা। বিশ্বের অনেক দেশে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। আমাদের দেশে লোকজন স্বাভাবিক পরিস্থিতিতেই চলাচল করছে। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার দাবি উঠেছিল। সরকারি সেই সিদ্ধান্ত নিতেও কয়েক সপ্তাহ সময় লাগিয়েছে। ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা হওয়ার কথা। এ নিয়ে লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা দুশ্চিন্তায় আছেন। 

অন্যদিকে এমন একটি পরিস্থিতিতে নির্বাচন কমিশন ২১ মার্চ তিনটি সংসদীয় আসনে উপনির্বাচন এবং ২৯ মার্চ চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠানে যেন মরিয়া হয়ে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশেষজ্ঞরা যেখানে সব ধরনের সামাজিক যোগাযোগ বন্ধের কথা বলছেন, সেখানে নির্বাচনের প্রচার-প্রচারণা অব্যাহত থাকায় জনগণ, প্রার্থী ও দলের নেতা-কর্মী সবাইকে চরম ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। জনগণ কি এই পরিস্থিতিতে ভোট দেওয়ার মতো অবস্থায় রয়েছে? ইতিমধ্যে নির্বাচন নিয়ে আদালতে রিট হয়েছে। 

নির্বাচন কমিশনের সুমতি হোক।