দেশে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পুরোনো। কোভিড-১৯ মহামারি এর ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। মহামারির এই তিন মাসেও তথাকথিত বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে ৬৭ জনকে হত্যা করা হয়েছে বলে আইন ও সালিশ কেন্দ্র এবং সেন্টার ফর জেনোসাইডের রিপোর্টে এসেছে। এই পরিসংখ্যান অবশ্য কেবলই ১৮টি সংবাদমাধ্যমে পরিবেশিত তথ্যের ভিত্তিতে করা হয়েছে। ২০০৪ থেকে ২০১৯ সাল সময়কালে গ্রেপ্তারের আগে ১ হাজার ৭২৫ এবং নিরাপত্তা হেফাজতে ৯৬৩ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এত বড় একটা দুর্যোগের মধ্যে ৬৭ জন মানুষকে হত্যার মতো ঘটনা আবার প্রমাণ করছে, এই রাষ্ট্র কিছুতেই আইনের শাসনে আস্থা রাখতে পারছে না। তারা পদ্ধতিগতভাবে মানুষ হত্যার যে ছাড়পত্র আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দিয়ে রেখেছে, তা থেকে যেন আর বের হতে পারছে না।
করোনাকালে মানুষ কেন অভ্যাসগতভাবে স্বাস্থ্য সুরক্ষার বিধিবিধানগুলো এতটা হেলাফেলা ও ব্যাপকতায় লঙ্ঘন করছে, তার মূল কারণগুলো কী, সেসব শনাক্ত করা জরুরি হয়ে পড়েছে। আমরা দেখছি, একদিকে যেমন অপরাধ দমনের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, তেমনি সমাজের সর্বস্তরে আইন অমান্য করার একটি সংস্কৃতি ধীরে ধীরে বিস্তৃত এবং গভীরতর হয়েছে। অথচ এ বিষয়ে আমরা নীতিনির্ধারকদের নিরুদ্বিগ্ন ও নির্লিপ্ত দেখেছি। এমনকি অবস্থার অবনতি এতটাই ভয়ংকর হয়ে ওঠে যে জাতীয় সংসদেও এ ধরনের হত্যাকাণ্ডের সপক্ষে বক্তব্য দেওয়া হয়। এটা ঠিক যে আনুষ্ঠানিক বা ঘোষিত নীতি হিসেবে সরকার ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ বা এ নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে গ্রহণ করেনি। কিন্তু এর পক্ষে সংবিধান পরিপন্থী বক্তব্য সংসদের প্রসিডিংস থেকে এক্সপাঞ্জও করা হয়নি।
আজ কোভিড-১৯–এর সময় নীতিনির্ধারকেরা আয়নায় নিজেদের দেখে নিতে পারেন। কারণ, গত তিন মাসের অভিজ্ঞতায় ফুটে উঠেছে যে আইন এবং বিধিবিধানের প্রতি আনুগত্য না থাকার কুফল মানুষ পাচ্ছে। ভিয়েতনাম, নেপাল ও ভুটানের মতো বহু দেশ প্রধানত নাগরিকদের শৃঙ্খলাবোধের কারণে করোনার সংক্রমণ ঠেকাতে ভালো সাফল্যের পরিচয় দিয়েছে। কেবল পিপিই বা টেস্টের মতো উপকরণের বিশাল ভান্ডার না থাকাটাই আমাদের ব্যর্থতার একমাত্র কারণ নয়। স্বাস্থ্য খাত বা ত্রাণ বিতরণ ব্যবস্থাপনায় যে একটা বিপর্যয় চলছে, সেটা স্বীকার করতে হবে। আরও স্বীকার করতে হবে যে এই বৃত্ত থেকে বেরোতে হলে আমাদের আইনের প্রতি নাগরিক শ্রদ্ধা বাড়াতে হবে। মানুষ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়েছে বলেই তাকে আইন মানানো যাচ্ছে না।
বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) আড়াই হাজারের বেশি শিশু নির্যাতন, শতাধিক অপহরণ, প্রায় আড়াই শ ধর্ষণ, প্রায় ৭৫টি গণধর্ষণের মতো অপরাধ নিশ্চিত করছে যে করোনা বিশ্বের বহু স্থানে অনেক উল্লেখযোগ্য পরিবর্তন আনলেও বাংলাদেশ সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনেনি। এর মূল কারণ ক্ষমতাসীন রাজনীতিক এবং তাদের নেতৃত্বাধীন আমলাতন্ত্র পরিচালিত রাষ্ট্রযন্ত্রের মনমানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। তাদের উচিত এটা বোঝা যে এই দুর্যোগ দীর্ঘ হতে পারে। আরও বড় দুর্যোগও আসতে পারে। আর তা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার এবং সবচেয়ে বেশি ভরসার জায়গা করতে হবে আইনের শাসনকে। মানবাধিকার লঙ্ঘন করে মানুষকে ভয় দেখিয়ে যে ব্যবস্থা চালু রাখা হয়েছে, সেটাই এ ক্ষেত্রে বড় অন্তরায়।
করোনায় অন্যদের সঙ্গে পুলিশও সাহসিকতার সঙ্গে লড়ছে। ব্র্যাকের সমীক্ষাতেও পুলিশের প্রতি মানুষের ইতিবাচক মনোভাব এসেছে। কিন্তু অপ্রিয় সত্য হলো গত তিন মাসে নিহত ৬৭ জনের বেশির ভাগই মারা গেছেন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে। গোড়া কেটে আগায় পানি দেওয়ার নীতি পরিত্যাগের এখনই সময়।