কর্ণফুলী নদীতে তেলদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে সেতু ভেঙে তেলবাহী ট্রেন পড়ে যাওয়ার ঘটনায় দূষণ ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষ অমার্জনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটা পরিষ্কার যে দুর্ঘটনার পরপর উদ্যোগ নিলে দূষণ ঠেকানো সহজ হতো। কর্তৃপক্ষের দায়িত্বহীন ভূমিকার কারণে তেলের এই দূষণ এখন কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়েছে।
গত শুক্রবার দুপুরে দুর্ঘটনায় সেতু ভেঙে তেলবাহী দুটি ওয়াগন বোয়ালখালী খালে পড়ে যায় এবং খালে তেল ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু দুর্ঘটনাটি খালের মধ্যে হওয়ায় সেখানে ছড়িয়ে পড়া তেল সহজেই নিয়ন্ত্রণ করা যেত। তেল যাতে খাল থেকে কর্ণফুলী নদীতে না যেতে পারে, সে জন্য উচিত ছিল জরুরি ভিত্তিতে নদীর প্রবেশমুখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে দুর্ঘটনার দুই দিনেরও বেশি সময় পর। এ কারণে সর্বনাশ যা হওয়ার এর আগেই হয়ে গেছে। ৭০ হাজার লিটার তেলের বেশির ভাগই এখন মিশে গেছে কর্ণফুলী নদীতে।
চট্টগ্রামে সেতু ভেঙে তেলবাহী ট্রেন খালেএ দুর্ঘটনার পর কর্তৃপক্ষের কাছ থেকে যে ধরনের উদ্যোগ আয়োজন প্রত্যাশিত ছিল, তার কিছুই প্রতিভাত হয়নি। যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো কার্যত লোক দেখানো। বোয়ালখালী খাল ও কর্ণফুলী নদীর সংযোগস্থলে দুই দিন পর যে বুম (তেল না ছড়ানোর পদ্ধতি) বসানো হয়েছে, সেটাও জোয়ারে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় কোনো কাজে দেয়নি বলে জানা গেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) স্থানীয় লোকদের কাছ থেকে খাল থেকে সংগ্রহ করা তেল কেনার কথা ঘোষণা করেছে ঠিকই, কিন্তু তেল যেভাবে নদীর পানিতে মিশে গেছে, তাতে সেটা আদৌ ফল দেবে বলে মনে হচ্ছে না। পরিবেশ অধিদপ্তর খালের পানিতে এরই মধ্যে দূষণের প্রমাণ পেয়েছে। পানিতে এ ধরনের দূষণ ছড়িয়ে পড়ার দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে বলে তারা মনে করে। এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সে জন্য এর একটি বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা জরুরি।