‘আশরাফুল মাখলুকাত’ বা সৃষ্টির সেরা জীবরূপে মানবজাতিকে সৃজন করে আল্লাহ তাআলা প্রত্যেকের ওপর কোনো না কোনো দায়দায়িত্ব ন্যস্ত করেছেন। কর্মময় জীবনে মানুষ নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করবে, এটাই স্বাভাবিক। সাধারণত আগ্রহ ও আন্তরিকতাসহকারে দায়িত্ব সম্পাদন করাই কর্তব্যপরায়ণতা। জীবনের সর্বাবস্থায় ধর্মীয় রীতিনীতির যথাযথ অনুশীলনের মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় ইত্যাদি পরিমণ্ডলে বাস্তবতার সঙ্গে সমন্বয় করে ভূমিকা পালনের চেতনা হলো কর্তব্যপরায়ণতার মূল অঙ্গীকার। আল্লাহ তাআলা মানুষকে কর্তব্য পালনের নির্দেশ দিয়েছেন, ‘তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে।’ (সূরা আল ইমরান, আয়াত-১১০) কর্তব্যপরায়ণতার পরিধি অনেক বিস্তৃত। মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। সে খেয়ালখুশি অনুযায়ী চলতে পারে না। সমাজের সবার সুবিধার্থে ব্যক্তিস্বার্থ ত্যাগ করে কর্তব্যনিষ্ঠ হতে হয়। শুধু ঘরে বসে অলস জীবন যাপন করা যায় না। এমনকি বিরাট অর্থ-বিত্তশালী ব্যক্তিও কাজকর্ম ছাড়া অলসভাবে জীবন অতিবাহিত করতে পারে না; বরং ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে সব মানুষের প্রতি পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাই আল্লাহর নির্দেশ মোতাবেক মানুষকে দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হতে হবে। ইমানদারের প্রতিটি কর্তব্যই ইবাদত, যদি তা কল্যাণকর ও নিঃস্বার্থ হয়। রাসুলুল্লাহ (সা.) যথার্থই বলেছেন, ‘কর্মের ফল নিয়তের ওপর নির্ভরশীল।’ (বুখারি)একজন মানুষের সার্বিক জীবনবোধের অবিচ্ছেদ্য অংশ হলো দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা। নিজের দায়িত্ব ও শৃঙ্খলার জন্য কর্তব্যপরায়ণতার গ্রহণযোগ্যতা সৃষ্টি মানুষের অন্যতম প্রধান কাজ। সেহেতু নবী করিম (সা.) সাবধানবাণী উচ্চারণ করে বলেছেন, ‘তোমার নিজের প্রতি কর্তব্য রয়েছে।’ (বুখারি) ইসলামে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বয়োজ্যেষ্ঠ ও বয়োকনিষ্ঠ—সবার প্রতি পারস্পরিক দায়িত্ববোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জীবনের সর্বক্ষেত্রে সব সময় পিতামাতার আদেশ-নিষেধ মান্য করা এবং তাঁদের সঙ্গে সৌজন্যময় আচরণ করা মানুষের একান্ত কর্তব্য। পিতামাতা, সন্তান-পরিজনের প্রতি বিশেষ কিছু কর্তব্য রয়েছে। পিতামাতার প্রতি অবহেলা ক্ষমার অযোগ্য। তাঁদের সেবা করার জন্য পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে।’ (সূরা বনী ইসরাঈল, আয়াত-২২)আত্মীয়স্বজনের প্রতি দায়িত্ব পালনের বিশেষ দিকনির্দেশনাও ইসলামে রয়েছে। পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের সহায়তা করা এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা একান্ত কর্তব্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর (সত্যিকার কর্তব্যপরায়ণ তারাই) যারা আত্মীয়স্বজনকে তাদের প্রিয় ধন-সম্পদ দান করে।’ (সূরা আল-বাকারা, আয়াত-১৭৭) পাড়া-প্রতিবেশীর বিপদে-আপদে সাহায্য-সহযোগিতা করা এবং প্রতিবেশীকে কষ্ট না দেওয়া একান্ত কর্তব্য। রাসুলুল্লাহ (সা.) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যে ব্যক্তির প্রতিবেশী তার অত্যাচার ও অন্যায় আচরণ থেকে রক্ষা পায় না, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (মুসলিম)সহকর্মী, বন্ধুবান্ধব ও সহপাঠীদের সঙ্গে কোনো রকম অপ্রীতিকর কর্মকাণ্ড ও দ্বন্দ্ব-কলহ করা যাবে না। সর্বদা ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুদের বই, খাতা, কলম, পেনসিল না থাকলে এগুলো দিয়ে তাদের সাহায্য করা কর্তব্য। পিতামাতা যেমন সন্তানের লালন-পালন করেন, তেমনি শিক্ষকও ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন, তাই শিক্ষকদের যথাযথ শ্রদ্ধা করা, তাঁদের আদেশ-নিষেধ মেনে চলা উচিত।ধনী লোকেরা দরিদ্র অসহায়দের সাহায্য করবে এবং গরিবেরা ধনীদের সহযোগিতা করবে—এটাই ইসলামের বিধান। সুতরাং এতিম, মিসকিন, দুস্থ ও হতদরিদ্র ব্যক্তিদের সর্বাত্মক সাহায্য সহায়তা করা একান্ত অপরিহার্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘আর তাদের (ধনীদের) সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে।’ (সূরা আল-যারিআত, আয়াত-১৯) কর্মজীবনে মালিকপক্ষ কর্তব্যরত শ্রমিকদের সঙ্গে অবশ্যই উত্তম ব্যবহার করবে। আর শ্রমিক-কর্মচারীরা প্রতিষ্ঠানের মালিকের কাজকর্মে কোনো রকম ফাঁকি দেবে না। কর্মচারীরা মন-প্রাণ দিয়ে কাজকর্ম সম্পাদন করতে থাকবে। আর মালিকপক্ষ শ্রমিকদের নির্ধারিত পারিশ্রমিক ঠিকমতো দিয়ে দেবে। শ্রমিক ও মজুরের ওপর কোনো ধরনের জুলুম, নির্যাতন ও শোষণ করবে না। নবী করিম (সা.) বাণী প্রদান করেছেন, ‘শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে দাও।’ (নাসাঈ) দায়িত্ব ও কর্তব্যে অবহেলার পরিণাম খুবই ভয়াবহ। কর্তব্যে অবহেলা, অমনোযোগিতা প্রভৃতি নানা ধরনের বিপদ, ব্যর্থতা ও বিপর্যয় ডেকে আনে। জীবনের কঠিন বাস্তবতায় কর্তব্যপরায়ণতা একটি আমানত এবং মনুষ্যত্বের প্রতীক। পরিবারে পিতামাতার কর্তব্যে অবহেলার দরুন সুখের সংসার ধ্বংস হয়ে যায়; ছেলেমেয়েরা পরিবারিক ও সামাজিক বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে বিপথগামী ও উদাসীন হয়। তারা ঠিকমতো পড়াশোনা না করে ছিনতাই, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এভাবে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন না করলে তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সমাজ জীবনে নানাবিধ ক্ষতি সাধিত হয়। হাদিস শরিফে কর্তব্যপরায়ণতার ক্ষেত্র সুস্পষ্ট করে বলা হয়েছে যে শাসক, স্বামী, স্ত্রী, দাস প্রত্যেকেরই জবাবদিহি রয়েছে। তাই রাসুলুল্লাহ (সা.) সতর্কবাণী উচ্চারণ করেছেন, ‘সাবধান! তোমরা প্রত্যেকেই প্রত্যেকের রক্ষক এবং তোমাদের সে সম্পর্কে প্রশ্ন করা হবে।’ (বুখারি ও মুসলিম) সমাজ, দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতি প্রত্যেক মানুষের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্যপরায়ণতার ওপর নির্ভরশীল। প্রতিটি মানুষ যদি নিজ নিজ কর্তব্য সম্পর্কে দায়িত্বসচেতন থাকে এবং প্রত্যেকে নিজের কাজটুকু ঠিকমতো সম্পন্ন করে, তা হলে কোনো কাজই অবহেলিত হয় না। তখন সমাজ উন্নয়ন ও অগ্রগতির পথে চলতে থাকে এবং দেশ ও জাতি সমৃদ্ধিশালী হয়। মাতৃভূমির উন্নয়ন ও সার্বভৌমত্ব সংরক্ষণে ভূমিকা পালন একজন মুসলমানের ইমানি কর্তব্য। তাই মানবজীবনে সততা, ন্যায়নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার যথেষ্ট প্রয়োজন রয়েছে। জাতি-ধর্ম-বর্ণ-সমপ্রদায়-দল-মতনির্বিশেষে সবাইকে কর্তব্যনিষ্ঠার মাধ্যমে সমাজ, দেশ ও জাতিকে পুনর্গঠন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক।[email protected]