কর্তৃপক্ষের আচরণে স্বচ্ছতা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো হাজতি আসামির স্বাস্থ্যসংক্রান্ত বিষয়টি একান্তভাবেই কারা চিকিৎসকদের সিদ্ধান্তের বিষয়। গত জানুয়ারিতে ‘বুকে ব্যথা’ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ‘পিঠে ব্যথায়’ আক্রান্ত হওয়া মন্ত্রীর জামাতা তারেক সাঈদের দীর্ঘ অবস্থান এবং এখন হঠাৎ তাঁকে কারাগারে স্থানান্তর নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি পালাতে পারেন—পুলিশের এমন আশঙ্কার মুখে তাঁকে কারাগারে সরিয়ে নিতে না নিতেই এখন তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে পাঠানোর তোড়জোড় চলছে, যা সন্দেহজনক।
আসামির শ্রেণিভেদে সরকারের কোনো বৈষম্যমূলক আচরণ অনেক সময় বিচার–প্রক্রিয়ার প্রতি জনমনের ধারণা সৃষ্টিতে পরোক্ষ অথচ জোরালো প্রভাব ফেলতে পারে। সুতরাং সব আসামির প্রতি সরকারের উচিত হবে সব পরিস্থিতিতে আইনানুগ সমতার নীতি নিশ্চিত করে চলা। এটাও ঠিক যে কারা কর্তৃপক্ষের আওতাধীন চিকিৎসকদের ব্যবস্থাপত্র প্রদান নিয়ে সময় সময় যথেষ্ট সন্দেহ-সংশয় দেখা দিয়েছে। কতিপয় চিকিৎসকের বিরুদ্ধে ‘রাজনৈতিক ব্যবস্থাপত্র’ প্রদানের অভিযোগও নতুন নয়। এখন তারেক সাঈদের ক্ষেত্রে খোদ পুলিশের তরফে ‘সুস্থ’ থাকা–বিষয়ক প্রতিবেদনই প্রকারান্তরে কারা চিকিৎসকদের মতামতকে প্রশ্নবিদ্ধ করেছে।
কারা উপমহাপরিদর্শক দাবি করেছেন, ‘অসুস্থ’ থাকার কারণেই তাঁকে এত দিন ঢাকা মেডিকেলে রাখা হয়েছিল। কিন্তু প্রতীয়মান হচ্ছে পুলিশের রিপোর্টের ভিত্তিতে তারেকের স্থানান্তর ঘটেছে। কারা উপমহাপরিদর্শক নতুন করে ইঙ্গিত দিয়েছেন, ‘অসুস্থ’ হলে আবার তাঁকে পাঠানো হবে। এমনটাও ধারণা করা হচ্ছে যে প্যারোলে তাঁকে বিদেশে ‘উন্নত চিকিৎসার’ জন্য প্রেরণের দরখাস্তও পেশ করা হতে পারে!
তাঁর চিকিৎসার প্রয়াজন নেই মর্মে পুলিশ যখন দাবি করেছে, তখন কারা কর্তৃপক্ষের উচিত হবে, তাঁর চিকিৎসা–সংক্রান্ত সব মেডিকেল রিপোর্ট প্রকাশ করা। জনমনে বিশ্বাসযোগ্যতার যে সংকট দেখা দিয়েছে, তা থেকে বেরোতে চাইলে আমরা মনে করি এমন একটা স্বচ্ছ পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। সামগ্রিকভাবেই হাজতি আসামিদের অসুস্থতা ও চিকিৎসাক্ষেত্রে স্বচ্ছতা প্রয়োজন।