বাংলাদেশে কর্মক্ষেত্রে সংঘটিত দুর্ঘটনায় হতাহতের হিসাবটি কেবল অপূর্ণ নয়, বিভ্রান্তিকরও। একটি সংস্থার হিসাবের সঙ্গে অন্য সংস্থার হিসাবে রয়েছে আকাশ-পাতাল তফাত।
প্রথম আলোর খবর অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে কর্মক্ষেত্রে ২২ লাখ লোক আহত হওয়ার কথা বলা হলেও নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্য নেই এবং সেটি বের করা নাকি কাজের আওতায়ও পড়ে না। অন্যদিকে বেসরকারি সংস্থা সেফটি অ্যান্ড রাইটস ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বলছে, বছরে গড়ে সাড়ে তিন শর বেশি শ্রমিকের মৃত্যু হচ্ছে। আর ২০১৫ সালে ৩৩৪ জন এবং ২০১৬ সালে ২২৯ জন শ্রমিক আহত হওয়ার তথ্য দিয়েছে শ্রম মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তাদের হিসাবে, ওই সময়ে মারা গেছেন যথাক্রমে ৭৭ ও ১৬৫ জন শ্রমিক।
ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের মতে, শ্রম অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বিশ্বে নিচের ১০টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বিবিএস বলছে, কর্মক্ষেত্রে ৩ দশমিক ৭ শতাংশ মানুষ কমবেশি আহত হয়। বাংলাদেশে কর্মক্ষেত্রে মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটে নানা ধরনের পণ্য উৎপাদন ক্ষেত্রে (প্লাস্টিক কারখানা, পোশাকশিল্প, চালকল, জাহাজভাঙা শিল্প)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে নির্মাণশিল্প ও সেবা খাত।
২০১৩ সালে সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় যখন ১ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়, তখন বিবিএসের এই নির্লিপ্তি অমার্জনীয়। তাদের কাজের সংজ্ঞা যদি কেবল আহত ব্যক্তিদের খুঁজে বের করতে বলে, তাহলে অবিলম্বে সেই সংজ্ঞা সংশোধন করতে হবে। অনেক সময় ক্ষতিপূরণ না দেওয়ার জন্য মালিক বা কর্তৃপক্ষ কর্মক্ষেত্রে হতাহতের খবর চেপে রাখে। কিন্তু বিবিএস সেই কাজ করবে কেন? সংশ্লিষ্টদের কাছে যদি দুর্ঘটনার সঠিক তথ্যই না থাকে, তাহলে কীভাবে ভুক্তভোগীরা ক্ষতিপূরণ পাবেন?
শ্রমসচিব রানা প্লাজা দুর্ঘটনার পর কর্মক্ষেত্রের পরিবেশ উন্নত হয়েছে বলে দাবি করেছেন, তা কতটা বাস্তবসম্মত? রানা প্লাজার পর আমাদের টাম্পাকো ট্র্যাজেডি দেখতে হয়েছে। সম্প্রতি মালটিফ্যাবস নামের তৈরি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার খবর আমাদের উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।
অতএব, কর্মক্ষেত্রে পরিবেশ উন্নত করার পাশাপাশি দুর্ঘটনায় হতাহতের প্রকৃত তথ্য প্রকাশ এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। প্রতিটি কারখানায় কর্মরত শ্রমিকদের দুর্ঘটনা বিমা নিশ্চিত করা হোক।