কর্মক্ষেত্রের নিরাপত্তা, পরিস্থিতি উদ্বেগজনক
কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় গত বছর (২০১৫) যে সংখ্যক শ্রমিক নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে, তা খুবই উদ্বেগজনক। বেসরকারি সংস্থা বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (ওশি) সমীক্ষা অনুযায়ী এ সময়ে সাড়ে নয় শ শ্রমিক নিহত ও প্রায় কাছাকাছি-সংখ্যক শ্রমিক আহত হয়েছেন। কর্মক্ষেত্রের নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করার বিষয়টি যে কতটা অবহেলিত এবং প্রচলিত বিধিবিধানের প্রয়োগ কতটা ঢিলেঢালা, তা এই তথ্যের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে।
সমীক্ষায় কোন খাতে শ্রমিকের মৃত্যুর হার বেশি, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কত মৃত্যু—এসব তথ্য উঠে আসায় পরিস্থিতির একটি চিত্র পাওয়া গেছে। দেখা গেছে, কর্মক্ষেত্রে নিহত ৯০৭ জনের মধ্যে শুধু পরিবহন খাতেই নিহত হয়েছেন ৩৪৭ জন শ্রমিক। অন্যদিকে নিহত ব্যক্তিদের মধ্যে প্রাতিষ্ঠানিক খাতে কাজ করতেন ২৭৬ জন ও অপ্রাতিষ্ঠানিক খাতে ৬৭৫ জন। প্রাতিষ্ঠানিক খাতে সর্বোচ্চ ৭৩ জন নিহত হয়েছেন পোশাকশিল্প খাতে। বোঝা যায়, প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক কোনো খাতেই শ্রমিকের কাজের পরিবেশ ও পরিস্থিতি যথাযথ নিরাপদ নয়।
কাজ করার সময় শ্রমিকদের মৃত্যুর মূলে যেসব কারণ রয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, অগ্নিকাণ্ড, ওপর থেকে পড়ে যাওয়া, বজ্রপাত, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সহিংসতা, মালিকপক্ষের শারীরিক আঘাত, দেয়াল-ভবন-ছাদ ও মাটিধস। এটা পরিষ্কার যে যথাযথ নিরাপত্তাব্যবস্থা ও উদ্যোগ নেওয়া হলে শ্রমিকের মৃত্যু ও কাজের সময় দুর্ঘটনা এড়ানো সম্ভব। দুঃখজনক বাস্তবতা হচ্ছে, এ জন্য প্রয়োজনীয় আইন ও বিধিবিধান থাকলেও তা যথাযথভাবে কার্যকর হয় না। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর আওতায় স্বাস্থ্য ও নিরাপত্তা বিধানের যে নিয়ম রয়েছে, তার যথাযথ বাস্তবায়ন এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালা, ২০১৩ সঠিকভাবে প্রয়োগ করা গেলে পরিস্থিতির নিশ্চিতভাবেই উন্নতি ঘটবে।
সমীক্ষা প্রকাশের পাশাপাশি ওশির পক্ষ থেকে কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সুপারিশ করা হয়েছে। আমরা আশা করব, শ্রম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।