কর্মজীবী মায়ের অধিকার নিশ্চিত করুক প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার জের ধরে এখনো ‘শাস্তি’ পেয়ে আসছেন ঝিনাইদহের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন নাহার। বিদ্যালয়টি জাতীয়করণের জন্য কমিটির প্রস্তাবিত শিক্ষক তালিকায় শামছুন নাহারের নাম বাদ দিয়েছে উপজেলা যাচাই-বাছাই কমিটি। এই সময়ের বাংলাদেশে শুধু শিক্ষকদের জন্যই নয়, সব প্রতিষ্ঠানেই নারীদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে বঞ্চনা একেবারেই অগ্রহণযোগ্য কাজ।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর মৌকুড়ি প্রাথমিক বিদ্যালয় এখন অবধি বেসরকারি হলেও তার নিবন্ধন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই হয়ে আছে। ইতিমধ্যে সরকার সরকারি কর্মজীবী মায়েদের প্রজ্ঞাপন জারি করে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করেছে। কারখানা ও প্রতিষ্ঠানের মায়েদেরও চার মাস ছুটি পাওয়ার কথা। এরই পরিপ্রেক্ষিতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২০১৩ সালের ১ জানুয়ারি ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি গ্রহণ করেন। ওই সময়ে অন্য একজন শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ন্যস্ত হন।

কিন্তু ছয় মাস পর নিয়মিত প্রধান শিক্ষক শামছুন নাহারকে কাজে যোগদান করতে দেওয়া তো হয়ই না, উপরন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয় পরিচালনা কমিটি তাঁর পদে স্থায়ীভাবে নিযুক্ত করে। সেই অনিয়ম তিন বছর গড়িয়ে শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে গিয়ে সুবিচারের বদলে অবিচারের পরিণতি পায়।

বিদ্যালয়টি জাতীয়করণের জন্য শিক্ষকদের তালিকাও পাস করাতে হয়। কিন্তু দেখা যায়, উপজেলা যাচাই-বাছাই কমিটি শামছুন নাহারকে বাদ দিয়েই তালিকা প্রণয়ন করেছে। এখানে উল্লেখ্য, ওই বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে শামছুন নাহারের ব্যক্তিগত ভূমিকা তো ছিলই, এমনকি তিনি বিদ্যালয়ের জন্য জমি ক্রয়কারী চারজনের একজন। প্রথমআলো ২০১৩ সাল থেকেই ঘটনাটি অনুসরণ করে আসছে। আমরা আশা করব, শামছুন নাহারসহ সব কর্মজীবী মায়ের মাতৃত্বকালীন ছুটির অধিকার নিশ্চিত করায় প্রশাসনের শিথিলতা দূর করা হবে।

জাতিসংঘের সিডও সনদে মাতৃত্বকালীন ছুটিকে নারীর অধিকার বলা হয়েছে। সরকারের উচিত, আইন করে সব কর্মজীবী মায়ের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা।