কর্মদিবসে শোভাযাত্রা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজপথে অনেক অনেক জনভোগান্তির পর ছাত্রলীগ ঘোষণা করল শুক্র ও শনিবার ছাড়া তারা কোনো শোভাযাত্রা বের করবে না। আমরা সিদ্ধান্তটিকে অকুণ্ঠ সমর্থন ও অভিনন্দন জানাই। ক্রমেই অপরাপর দল ও সংগঠনগুলোও যদি অনুরূপ পদক্ষেপ নেয়, তাহলে চলাচলক্লিষ্ট রাজধানীবাসীর অশেষ উপকার হয়। দল, সংগঠনের কর্মসূচি পালনের খেসারত দেওয়ার অবস্থা সাধারণ মানুষের আর নেই।
দেশে বিরোধী দলের রাজপথকেন্দ্রিক কর্মসূচি প্রায় নেই বললেই চলে। কার্যত রাজধানীতে যা দেখা যায় তা হলো, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও শরিক সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচি। গত মঙ্গলবারও সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনীর মিছিলের জন্য ঢাকায় দুঃসহ যানজটের সৃষ্টি হয়। কোনো সড়কে মিছিল নামা মানে সেই সড়কটি বন্ধ হয়ে থাকা। পেশাজীবী, শিশু-বৃদ্ধ-নারী, গুরুত্বপূর্ণ ব্যবসায়িক যোগাযোগ থেকে শুরু করে সংকটাপন্ন রোগীদের অ্যাম্বুলেন্স—সব বন্ধ করে মিছিল করার কোনো মাহাত্ম্য থাকতে পারে না। যাহোক, বন্ধ সড়কে লাখো মানুষের আটকে থাকার যন্ত্রণার কথা যে ছাত্রলীগ নেতৃত্ব অবগত হয়েছেন, এ বড় সুখের কথা। উল্লেখ্য, চলতি মাসেই অন্তত চার দিন ঢাকায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
ছাত্রলীগের ওই পুনর্মিলনী সভায়ই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমস্যাটির কথা আবারও তাঁর বক্তৃতায় তুলে ধরেন। এরপর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারি ছুটির দিন অর্থাৎ শুক্র ও শনিবার ছাড়া ছাত্রলীগের শোভাযাত্রা না বের করার কথা জানান। আমরা আশা করব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে চেতনা থেকে কর্মদিবসে শোভাযাত্রার বিপক্ষে বলেছেন, সেই চেতনা থেকে আওয়ামী লীগ এবং তার সব অঙ্গ ও শরিক সংগঠনও অনুরূপ পদক্ষেপ নেবে। বিশেষ করে বিরোধী দলগুলোর কাছেও এটাই প্রত্যাশা।
আমরা মনে করি, ছাত্রলীগের বোধোদয় থেকে অন্যরাও শিখুক। সবকিছুর জন্য আইন করার প্রয়োজন নেই। জনমানুষকে কষ্ট না দেওয়া রাজনীতিতে প্রথা হয়ে দাঁড়াক। ছোট হলেও আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ছাত্রলীগের এই সিদ্ধান্তের গুরুত্ব অনেক। এই ঘোষণা জনদাবির প্রতি সহানুভূতির লক্ষণ প্রকাশ করছে। আমরা আশা করব, লক্ষণটি সবার সহযোগিতায় ইতিবাচক প্রথা হয়ে উঠুক।