কর্মসংস্থানের হতাশাব্যঞ্জক চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতি নিয়ে যখন নানা আশাবাদের কথা বলা হচ্ছে, তখন দুই বছরে মাত্র ছয় লাখ লোকের কর্মসংস্থানের তথ্য হতাশাব্যঞ্জক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, গত ১৫ বছরের মধ্যে দেশে বেকারের সংখ্যা এখন সবচেয়ে বেশি। একটি বড় জনগোষ্ঠীকে বেকার রেখে দেশের উন্নয়ন নিশ্চিত করা ও অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর আকাঙ্ক্ষা পূরণ কি আদৌ সম্ভব?
জরিপে দেশের শ্রম খাতের যে চিত্র পাওয়া গেছে, তাকে খুব স্বাভাবিক ও স্বস্তিদায়ক পরিস্থিতি বলা যাবে না। এখানে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি আর একদমই শিক্ষার সুযোগ পাননি—এমন জনগোষ্ঠীর মধ্যে কর্মসংস্থানের হার সবচেয়ে বেশি। এটা প্রমাণ করে যে বাংলাদেশের শ্রমবাজার মূলত অনানুষ্ঠানিক খাতের ওপর নির্ভরশীল। আবার শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ায় বাধ্য হয়েই অনেকে নিজের যোগ্যতার তুলনায় নিম্ন উৎপাদনশীল কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। এতে মেধার অপচয় ঘটছে।
দুই বছরে কর্মসংস্থান মাত্র ৬ লাখ বোঝা যায়, দেশের শ্রমবাজার এখনো কাঠামোগতভাবে কোনো সংগঠিত রূপ নিতে পারেনি। দেশের ৮৫ শতাংশ কর্মসংস্থানই অনানুষ্ঠানিক খাতে হওয়ায় অধিকাংশ শ্রমিকেরই অধিকার বা সুরক্ষা বলে কিছু নেই। ফলে দেশের শ্রমবাজারে অনানুষ্ঠানিক খাতের গুরুত্ব বিবেচনায় নিয়ে এসব কর্মসংস্থানকেও শ্রম আইনের আওতায় আনার বিষয়টি বিবেচনায় নিতে হবে। শ্রমিকদের অধিকার ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হলে এর কোনো বিকল্প নেই।
আর সামগ্রিকভাবে দেশের কর্মসংস্থানের যে হতাশাব্যঞ্জক চিত্র, তা দূর করার একমাত্র পথ হচ্ছে বেসরকারি খাতে নতুন বিনিয়োগ বাড়ানো। নতুন বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীরা কী সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনা করেই চিহ্নিত করতে হবে এবং সরকারকে বিনিয়োগবান্ধব নীতি-সহায়তা নিশ্চিত করতে হবে। শিল্প স্থাপনের প্রক্রিয়াগুলোকে সহজ করতে হবে। বিনিয়োগকারী ও শিল্পোদ্যোক্তারা যাতে সহজে জমি ও যৌক্তিক দামে জ্বালানি পেতে পারেন, সেই সুযোগ ও পরিস্থিতি তৈরি করতে হবে।