কর্মসূচি নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ এপ্রিল চট্টগ্রামকেন্দ্রিক হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচি নিয়ে সারা দেশের মানুষের মধ্যে গভীর উদ্বেগ লক্ষ করা যাচ্ছে। এই উদ্বেগ ও উৎকণ্ঠা এতটা প্রকট হতো না, যদি সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিগুলোতে সংঘাত-সংঘর্ষ ভয়ংকর রূপ না নিত। বিরোধী দলের উপর্যুপরি হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে বোমাবাজি, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এমনকি রেললাইনে নাশকতার ঘটনা হরহামেশাই ঘটছে, যাতে মানুষের জীবন ও সম্পদ দুটোই মারাত্মক হুমকির সম্মুখীন। যেকোনো দল বা সংগঠনের কর্মসূচি পালন বা মত প্রকাশের অধিকার আছে। তবে সেই অধিকার প্রয়োগের নামে তারা অন্যের অধিকার খর্ব করতে পারে না। হেফাজতে ইসলাম বলেছে, দাবি-দাওয়া আদায়ে তারা শান্তিপূর্ণ লংমার্চ করবে। সংগঠনটির প্রধান আল্লামা শাহ আহমদ শফি সমর্থকদের প্রতি এই নির্দেশ দিয়েছেন যে, যেখানে বাধা দেওয়া হবে সেখানেই যেন তাঁরা বসে পড়ে আল্লাহর নাম নেন। শুরু থেকে সংগঠনটি বলে এসেছে, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। কিন্তু এই অরাজনৈতিক ধর্মীয় সংগঠনটির কর্মসূচির প্রতি কোনো কোনো রাজনৈতিক দল সমর্থন জানানোয় জনমনে শঙ্কা দেখা দিয়েছে। এর আগে সংগঠনটির নেতাদের সঙ্গে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ দেখা করে কর্মসূচি প্রত্যাহার করতে বললেও তাঁরা রাজি হননি। গত মঙ্গলবার চট্টগ্রামের জনসভা থেকে ১৪ দলের নেতারা বলেছেন, শান্তিপূর্ণ লংমার্চ পালিত হলে তাঁদের আপত্তি নেই। একই দিন ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও আইনমন্ত্রী শফিক আহমেদ সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘হেফাজতে ইসলামের কর্মসূচি শান্তিপূর্ণ হলে বাধা দেওয়া হবে না।’ এমনকি তাঁরা সংগঠনটির কিছু কিছু দাবি মেনে নেওয়ার কথাও বলেছেন। হেফাজতে ইসলামের নেতাদের শান্তিপূর্ণ কর্মসূচির প্রতিশ্রুতি এবং মন্ত্রীদের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক থাকবে—এটাই সবাই আশা করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে—সেটাই প্রত্যাশিত। সবাইকে সজাগ থাকতে হবে এই কর্মসূচিকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ যাতে অঘটন বা নাশকতা না ঘটাতে পারে। সবার ওপরে দেশের কল্যাণ ও জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। চট্টগ্রাম থেকে ঢাকা দীর্ঘ পথ। এই দীর্ঘ পথের কর্মসূচিতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া তখনই সম্ভব যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের কর্মীরা সজাগ থাকবেন। এ কারণেই আমরা সব পক্ষের কাছে সর্বোচ্চ ধৈর্য, সংযম ও সহনশীলতা দাবি করছি। এ কথা ঠিক যে, জনগণের জানমাল রক্ষার দায়িত্ব সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু সেই সঙ্গে যাঁরা কর্মসূচি নিয়েছেন, তাঁদের দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। আমরা আশা করব, ৬ এপ্রিলের কর্মসূচিটি নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালিত হবে। দেশ ও জনগণের কল্যাণের কথাই ভাবতে হবে সবাইকে।