কলঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার কিছুই ভালো লাগছে না। আমার মন ভালো নেই। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সামরিক জান্তা এরশাদের বিরুদ্ধে আমরা যে গণতন্ত্র চেয়ে আন্দোলন করেছিলাম, সেটা কি ভুল ছিল? আমাদের কত চেনা-অচেনা বন্ধু নির্যাতিত হয়েছিল, কারও কারও পড়াশোনা শেষ হয়নি, কত দিন আমাদের কেউ কেউ হুলিয়া মাথায় নিয়ে মাসের পর মাস ঘরছাড়া থেকেছে, তবু আমরা প্রতিবাদ-প্রতিরোধের লড়াই পরিত্যাগ করিনি। এভাবেই চলতে চলতে সাতাশির নভেম্বরে নূর হোসেনকে গুলি করে খুন করল এরশাদের দাঙ্গা পুলিশ। নূর হোসেন, “গণতন্ত্র মুক্তি পাক” আর “স্বৈরাচার নিপাত যাক”, কথাগুলো বুকে-পিঠে লিখে ১০ নভেম্বর শহীদ হয়েছিল। তোর মনে আছে, ১৯৮২ সালের ২৪ মার্চ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে এরশাদ ২১ ফেব্রুয়ারি নিয়ে তথাকথিত ইসলামি ফতোয়া দিয়েছিল? বলেছিল, শহীদ মিনারে ফুল দেওয়া হারাম। আল্পনা আঁকা হারাম। ‘নব্বইয়ের গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক এরশাদের পতন হলো। আমরা সবাই ভেবেছিলাম, পতিত এই লোকটি বাংলাদেশে কারও প্রশ্রয় পাবে না। কিন্তু বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল ও তাদের জোটভুক্তরা তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করল গণতন্ত্রকামী মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এখন এরশাদ বলছেন, ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস না। কিছুদিন পর এটা কলঙ্ক দিবস হিসেবে পালিত হবে (প্রথম আলো, ১১ নভেম্বর)। বহুদিন আগে বাংলাদেশ ছেড়ে এসেছি। আটলান্টিক মহাসাগরের নোনাজল ঘেঁষে আমার বসবাস। আজ আমার চোখে যে জল উথলে উঠছে, তা পৃথিবীর সাতসমুদ্রকে ছাপিয়ে যাবে। ইচ্ছে করছে, রাজধানী ঢাকার পল্টন মোড়ে গিয়ে দাঁড়াই আবার। চিৎকার করে বলি, নিপাত যাক। নিপাত যাক।...’ওপরের অংশটুকু একটি চিঠির অংশবিশেষ। প্রেরকের নাম কামাল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ থেকে ফেসবুক-বার্তা হিসেবে আমার অ্যাকাউন্টে এসেছে এই চিঠি। নব্বইয়ের স্লোগানমুখর ঝাঁজালো মিছিলের সকাল-বিকেলে কামালের সঙ্গে সখ্য গড়ে উঠেছিল। ছাত্রসমিতির নেতৃত্বে ছিল ও। দারুণ আমুদে আর দুর্দান্ত সাহসের ঝকঝকে চোখমুখের কামাল নব্বই-পরবর্তী সময়ে তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থার নামে সংসদীয় রাজনীতির স্বৈরতান্ত্রিক চেহারা দেখে মিইয়ে গিয়েছিল। নিজের দল ও অন্য বামপন্থী দলগুলোর দোদুল্যমানতা এবং বুর্জোয়া দলপ্রীতি ভেতর থেকে হতাশ করে দিয়েছিল ওকে। একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চা খেতে খেতে ম্লান মুখে কামাল বলছিল, ‘আমাদের দেশের বেশির ভাগ বামপন্থী বা কমিউনিস্ট নামধারীদের প্রধান সমস্যা কি জানিস?’ আমরা অলস এবং উৎসুক হয়ে পরের কথাটার জন্য অপেক্ষা করি। ‘নদীমাতৃক বাংলাদেশে এরা সাঁতার শেখেনি।’—কামালের কথা বুঝতে না পেরে আমরা ওর মুখের দিকে দেখি। শেষ বিকেলের রোদে কামালের চোখ হাসে। বলে, ‘সাঁতার জানা থাকলে এরা কি আওয়ামী লীগের নৌকায় উঠত বারবার? সমাজবদলের লড়াইয়ে আঘাত আসবে। আক্রমণ আসবে। তাই বলে কি আমি আদর্শের বিপরীত কাজ করব? নৈতিকতা বিসর্জন দেব?’ সেই মরা বিকেলে আমরা কয়েকজন কামালের ক্রোধাগ্নির আঁচে পুড়ে গিয়েছিলাম।তারপর বহুদিন তার সঙ্গে দেখা নেই। কামাল নিজেকে আড়ালে নিয়ে গিয়েছিল। আড়ালে গিয়ে চুপচাপ ছিল না সে। একটা পথনাটকের দল গড়ে তুলেছিল। সমাজবদলের জন্য একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে চেয়েছিল এবার। সেখানেও ব্যর্থতা কামালকে জড়িয়েছিল নিশ্চিত। তা না হলে কামালের মতো অমন ঝলসে ওঠা যুবকটি কেন মাদকাসক্ত হয়ে পড়েছিল সংগোপনে? মায়ের কান্না, বোনের আহাজারি আর বন্ধুদের উদ্বেগ—কিছুই তাকে স্পর্শ করছিল না যখন, পরিবার সিদ্ধান্ত নিল, ওকে দেশের বাইরে পাঠাতে হবে। একদিন মাঝরাতে কামাল যুক্তরাষ্ট্রপ্রবাসী বড় ভাইয়ের কাছে চলে গেল। সে রাতে খুব বৃষ্টি ছিল।নব্বইয়ের পরে ২২টি বছর অতিক্রান্ত হয়েছে। যে শিশুটি সেদিন জন্মেছিল, আজ সে সতেজ যৌবনের পথিক। কত পরিবর্তনই না হয়েছে চারপাশে! জনসংখ্যা বেড়েছে। বহুতল ভবন উঠছে আকাশমুখী নিত্যনতুন। বড় বড় শহরে নিয়ন আলোর হাতছানি। শুধু ভোগ আর ভোগ। অন্যদিকে, রাজনীতি হয়ে পড়েছে কলুষতায় পূর্ণ। সাংস্কৃতিক আচরণে আপস আর সুবিধাবাদ। বেড়েছে রাষ্ট্রীয় সম্পদের লুটপাট আর কোটিপতির সংখ্যা। গরিব আরও গরিব হচ্ছে। যৌথ বোধ অপসৃত। আত্মকেন্দ্রিকতায় মগ্ন তারুণ্যের শক্তি। মুক্তির উপায় কী? দিকনির্দেশনা কী?কাজী নজরুল ইসলাম লিখেছেন, ‘...দাসত্ব-গোলামী ছাড়িয়া দিলে খাইব কি করিয়া? কি নীচ প্রশ্ন! যেন আমাদের শুধু কুকুর-বিড়ালের মত উদর-পূর্ত্তির জন্যই জন্ম।’... কামাল, আমাদের এসব কলঙ্কতিলক কে মুছবে? কবে? মাহমুদুজ্জামান বাবু: গায়ক ও সংস্কৃতিকর্মী।[email protected]