কলসিন্দুরের মেয়েদের আরেকটি অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিভার খনি হয়তো অনেক গ্রামেই আছে, কিন্তু তার খনন আর পরিচর্যা করলে যে আলোর ঝলকানি বেরোতে পারে, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম এর উদ্ভাসিত উদাহরণ। আন্তর্জাতিক এএফসি অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার শিরোপা অর্জন করে এই গ্রামের কিশোরীরা দেশবাসীকে গর্বিত করেছিল। জাতীয় দলের ১৮ জন খেলোয়াড়ের ১০ জনই ছিল কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সেই বিদ্যালয়ের শিক্ষক মফিজ উদ্দিন ছিলেন তাদের কোচ। সেই বিদ্যালয়ের প্রাথমিকের ছাত্রীরা সেই শিক্ষকের প্রশিক্ষণেই তৈরি হয়ে নেমেছিল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে। এবং টানা তৃতীয়বারের মতো এবারও তারাই হয়েছে চ্যাম্পিয়ন!
অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের মতোই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে প্রাথমিকের দলটি। তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের ছেলেমেয়েরা পরিচর্যা ও সহযোগিতা পেলে যে সোনালি অবদান রাখতে পারে, দেশে-বিদেশে তার অঢেল নজির স্থাপিত হচ্ছে। কলসিন্দুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি একটি দৃষ্টান্ত। শত অভাব ও বাধাবিপত্তির মধ্যে বিদ্যালয়টির ছাত্রীরা একের পর এক সাফল্যের সোপান পার হচ্ছে। একটি বিদ্যালয়, একজন শিক্ষক আর একদল উদ্যমী পরিশ্রমী শিক্ষার্থী মিলে সাফল্যের ইতিহাস রচনা সম্ভব। কলসিন্দুর যদি তা পারে, তাহলে কেন অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকেরা এমন উদ্যোগ নিচ্ছেন না? কেবল খেলাধুলার ক্ষেত্রেই নয়, পড়ালেখা, বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা, সাহিত্য-সংস্কৃতিসহ মেধা ও মননশীলতার সব ক্ষেত্রকেই সুফলা করে তোলা সম্ভব।
তবে এ কাজে সরকারের পৃষ্ঠপোষকতার বিকল্প নেই। শিক্ষকদের আরও সচ্ছল করে তুললে, শিক্ষা খাতে আরও বরাদ্দ করলে, তার বহুগুণ প্রতিদান আমাদের ছেলেমেয়েরা ফিরিয়ে দিতে পারে। ক্রীড়াক্ষেত্রে সাফল্য যে নির্মল আনন্দ ও প্রেরণা সৃষ্টি করে, তার অংশীদার সব বাংলাদেশি নাগরিক। বাংলাদেশের তরুণ-তরুণীরা অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াক্ষেত্রেও যে প্রাণশক্তি ও চ্যালেঞ্জ গ্রহণের পরিচয় দিচ্ছেন, তা জাতি হিসেবে আমাদের আত্মবিশ্বাসী করে তোলে বৈকি।

আরও পড়ুন: