কলেজ হলের একি হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার প্রথম আলোর খবরে বলা হয়েছে, হলের বেশির ভাগ কক্ষের ছাদে ফাটল দেখা দিয়েছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে কক্ষে। প্রায়ই খসে পড়ছে পলেস্তারা। এ কারণে শিক্ষার্থীরা ছাদের সঙ্গে বৈদ্যুতিক পাখা ঝোলাতে পারেন না। গত মঙ্গলবারও একটি কক্ষের ছাদের অনেকখানি অংশ খসে এক শিক্ষার্থীর বিছানায় পড়ে। দুই বছর ধরে এ অবস্থা চললেও ভবনটি সংস্কারে কোনো উদ্যোগ নেই। এতে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে হলের শিক্ষার্থীদের। এ ব্যাপারে তাঁরা কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি। ভবনটি সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তবে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানিয়ে সংস্কারের জন্য বলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, হলটি সংস্কারে প্রধান প্রকৌশলী চাহিদার চেয়ে বরাদ্দ অনেক কম দিয়েছে। এ জন্য সংস্কার হয়নি। এভাবে অন্যের ওপর দোষ চাপিয়ে দায় সারানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

একটি হলের এই জরাজীর্ণ দশা, অথচ তা সংস্কারে এত গড়িমসি! এখন যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে আর শিক্ষার্থীরা হতাহত হন, তাহলে তার দায় কে নেবে?

জরাজীর্ণ ভবন বা স্থাপনায় বাস করার বিপদ সম্পর্কে আমরা সবাই জানি। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে পড়লে শিক্ষার্থী, কর্মচারীসহ ৩৯ জনের প্রাণহানি ঘটে। সেই ঘটনা থেকে যে কোনো শিক্ষা গ্রহণ করা হয়নি, তা তো বোঝাই যাচ্ছে।

কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের জরুরি ভিত্তিতে এই হলের ভবন সংস্কারে উদ্যোগ নিতে হবে।