জাতীয়করণের দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজের আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা কী অপরাধ করেছিলেন যে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাতে হবে? শিক্ষক-শিক্ষার্থীদের মিছিলকে কেন্দ্র করে পুলিশের অভিযানে কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক ফজলুল হকসহ ২ জন নিহত ও ২৫ জন আহত হন। এই ঘৃণ্য ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি করছি।
অন্যান্য ক্ষেত্রে অভিযানের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের সাফাই গেয়ে থাকে, এখানেও তার ব্যতিক্রম হয়নি। শান্তি-শৃঙ্খলা রক্ষা করতেই নাকি পুলিশ শিক্ষক-শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয়। কিন্তু কতটা শান্তি রক্ষা হলো? তাদের বাধার কারণেই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের প্রতি ইটপাটকেল ছোড়েন। মিছিলে বাধা দেওয়ার আগে পুলিশ কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধি তথা উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান প্রমুখের সঙ্গে আলোচনা করেছিল কি? তাদের এ-ও জানা ছিল যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্থানীয় সাংসদের একটি অনুষ্ঠানও পণ্ড করে দিয়েছেন।
পত্রিকার রিপোর্ট অনুযায়ী, পুলিশ কলেজের ভেতরে গিয়ে শিক্ষকদের ওপর লাঠিপেটা করেছে। এখন তারা বলছে, ওই শিক্ষক আগেই হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। হৃদ্রোগে আক্রান্ত একজন শিক্ষককে কীভাবে পুলিশ লাঠিপেটা করল? কেবল তা-ই নয়, ১৪৪ ধারা জারি করে পুলিশ নিহত শিক্ষকের লাশও ক্যাম্পাসে নিয়ে আসতে দেয়নি। শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকের প্রতি শেষ শ্রদ্ধা জানানোরও সুযোগ পেলেন না? কী নির্দয় আচরণ।
শিক্ষক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু সরকার যে দুটি কমিটি করেছে, তার ওপর ভরসা রাখা যায় না। যে পুলিশ কর্মকর্তা ঘটনার সময় উপস্থিত ছিলেন, তাঁকে প্রধান করেই একটি কমিটি গঠন করা হয়েছে। আরেকটি কমিটি হয়েছে প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে। তাই ঘটনার সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট নন, এমন লোকদের দিয়েই তদন্ত কমিটি
করতে হবে।
ফুলবাড়িয়ায় শিক্ষকসহ যে দুজন মানুষ মারা গেলেন, তাঁদের ফিরিয়ে আনা যাবে না। কিন্তু দায়ী ব্যক্তিদের বিচার হলে অন্তত ভবিষ্যতে এ ধরনের অঘটন এড়ানোর পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে অঘটনের উৎস খুঁজে বের করা প্রয়োজন যে কী কারণে ৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর একটি কলেজকে বাদ দিয়ে ৩০০ শিক্ষার্থীর কলেজকে জাতীয়করণ করা হলো। অথবা কোন মতলবেই বা স্থানীয় সাংসদ নিজের নামে করা কলেজের নাম পাল্টালেন?