কল্যাণপুরের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ জুলাই গুলশানের জঙ্গিদের নারকীয় হত্যাযজ্ঞের পর গত সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে কল্যাণপুরের একটি বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানটি স্বাভাবিকভাবেই দেশবাসীর মনোযোগ কেড়েছে। এই অভিযানে নয় জঙ্গি নিহত হলেও এক জঙ্গিকে আহত অবস্থায় আটক করা সম্ভব হয়েছে। নিহত জঙ্গিদের পরিচয়ও মোটামুটি পাওয়া গেছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, গুলশানের হামলাকারীদের সঙ্গে কল্যাণপুরে নিহত জঙ্গিদের মিল রয়েছে। এমনকি এদের একজন গুলশানে হামলাকারী নিবরাসের বন্ধু বলেও জানা গেছে। এসব ঘটনা থেকে অনুধাবন করা কঠিন নয় যে জঙ্গিদের নেটওয়ার্ক অনেক দূর বিস্তৃত। সরকারের জঙ্গিবিরোধী শক্ত অভিযানের পরও যে তারা খামোশ হয়নি, বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানা তা-ই প্রমাণ করে।
আইজিপি শহীদুল হক বলেছেন, কল্যাণপুরে আহত আটক জঙ্গি নিজেকে আইএস দাবি করলেও তাঁদের ধারণা, এরা দেশীয় জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির সদস্য। জঙ্গিরা দেশি না বিদেশি সেই বিতর্কের চেয়েও বিবেচনায় নিতে হবে তাদের নৃশংসতার মাত্রা। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে জেএমবির সদস্যরাই অতীতে বহু প্রাণঘাতী অভিযান পরিচালনার পাশাপাশি এক দিনে ৬৩টি জেলায় বোমা হামলা চালিয়েছিল। অনেক এলাকায় ‘নিজস্ব শাসন’ কায়েমের ঔদ্ধত্য দেখিয়েছিল তারা। অতএব, যে নামেই জঙ্গিদের চিহ্নিত করা হোক না কেন, তাদের শক্তিকে মোটেই হালকা করে দেখা যায় না।
উপর্যুপরি জঙ্গি হানায় কেবল বিদেশিরাই উদ্বেগ প্রকাশ করছেন, তা-ই নয়। দেশের মানুষের মধ্যেও আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ব্যবসা-বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। তাই, এই মুহূর্তে সব ভেদাভেদ ভুলে যেটি প্রয়োজন তা হলো জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণ। এই যুদ্ধে হার মানা যাবে না।
জঙ্গিবিরোধী অভিযানের পাশাপাশি এই অপশক্তির বিরুদ্ধে ছাত্র-তরুণ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের সব অংশের জাগরণ ঘটাতে পারলে দেশের মানুষ স্বস্তি বোধ করবে এবং বহির্বিশ্বের কাছেও ইতিবাচক বার্তা যাবে।

আরও পড়ুন: