কষ্টে তৈরি শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাশহীদদের প্রতি আবেগ ও ভালোবাসা যে কত গভীর, তারই প্রমাণ রেখেছিল ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাথারিয়া গ্রামের শিক্ষার্থীরা। স্কুল ও কলেজগুলোর অবস্থান দূরে থাকায় নিজ গ্রামেই তারা ভাষাশহীদদের স্মরণে কলাগাছ ও রঙিন কাগজ দিয়ে নির্মাণ করেছিল একটি শহীদ মিনার। তাদের ইচ্ছে ছিল, একুশের ভোরে সেই শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে এবং দিনভর অনুষ্ঠান করবে। কিন্তু ভোরে এসে তারা দেখতে পায়, তাদের কষ্টে গড়া শহীদ মিনারটি কে বা কারা কুপিয়ে তছনছ করে ফেলেছে। ভয়ে ছাত্রছাত্রীরা সেখানে আর অনুষ্ঠান করতে সাহস পায়নি।আমরা মনে করি, এটি শুধু ছাত্রছাত্রীদের হাতে গড়া একটি স্থাপনার ওপর আঘাত নয়, এ আঘাত হলো তাদের আবেগ ও অনুভূতির ওপর। এর পেছনে ব্যক্তিগত শত্রুতা, না অন্ধবিশ্বাস কাজ করেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। ইতিমধ্যে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোমেন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনার পেছনে আরও কাদের ইন্ধন ছিল, সেটিও খুঁজে বের করতে হবে। শহীদ মিনার তছনছকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিই প্রাপ্য।ঢাকায় তরুণেরা যখন সব ধরনের অন্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করছেন এবং আলোর মশালটি ছড়িয়ে দিচ্ছেন সারা দেশে, তখনই এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আরও কয়েকটি স্থানে শহীদ মিনারে হামলার খবর পত্রিকান্তরে ছাপা হয়েছে, যা আমাদের উদ্বিগ্ন না করে পারে না। পাথারিয়ায় যেসব ছাত্রছাত্রী শহীদ মিনার তৈরি করে ভাষাশহীদদের স্মরণ করতে চেয়েছিল, তাদের প্রতি আহ্বান, ভয়কে জয় করেই সামনে এগোতে হবে। একই সঙ্গে পাথারিয়ায় শহীদ মিনার ভাঙার ঘটনার প্রতি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ঐচ্ছিক তহবিল থেকে তারা নানা কাজেই সহায়তা দিয়ে থাকে। তাই পাথারিয়ায় একটি স্থায়ী শহীদ মিনার তৈরি করতে তারা আর্থিক সহায়তা দিলে সেখানকার ছাত্রছাত্রীদের মনোবল যেমন বাড়বে, তেমনি তাদের মনের কষ্টও কমবে। এ ব্যাপারে এগিয়ে আসতে পারেন স্থানীয় বিত্তবান ব্যক্তিরাও। ওদের অপূর্ণ আশা পূরণের দায়িত্ব আমাদেরই।