কাঁদো নদী কাঁদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কাঁদো নদী কাঁদো উপন্যাসে নদীর কান্না শুনতে পায় তার তীরের অধিবাসীরা। ঢাকার বুড়িগঙ্গা কাঁদে না, মরে পচে যাওয়ার দুর্গন্ধ ছড়ায়। পানির মতো দেখতে যে তরলে নৌকা ভাসে, তা জীবনহীন; কোনো জলজ প্রাণী এখানে বাঁচে না। একদা বুড়িগঙ্গাই ছিল ঢাকার প্রাণ, এখন প্রাণহীন বুড়িগঙ্গা হূদয়হীন নির্মমতার সাক্ষী হিসেবে বইছে।বুড়িগঙ্গা দূষিতই থাকে, তবে বর্ষার পানি সেই দূষণ দূর করতে না পারলেও কিছুটা কমায়। কিন্তু এবারে দেখা যাচ্ছে, সীমাহীন দূষণের কিছুমাত্র কমানোর সাধ্য বর্ষার নতুন পানিরও নেই। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) নামে দুটি পরিবেশবাদী সংস্থা যৌথভাবে বুড়িগঙ্গার পানির দূষণ নিয়ে যে সমীক্ষা চালিয়েছে, তার ফল ভয়াবহ। বুড়িগঙ্গাকে মৃত নদী হিসেবে ঘোষণা করাই এখন বাকি। ৪০০ বছর আগে সুবে বাংলার রাজধানী গড়ে উঠেছে যে নদীর তীরে, সেই নদীটি এখন পরিণত হয়েছে প্রায় নর্দমায়। প্রতিদিন ঢাকা মহানগরের ১২ লাখ ৫০ হাজার ঘনমিটার পয়োবর্জ্য সরাসরি এখানে মেশে। হাজারীবাগ ট্যানারি থেকে প্রতিদিন পড়ছে ১১ হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্য। ২০০৩ সালে ঢাকার নদীদূষণের কারণ হিসেবে ৩৬টি শিল্প-কারখানাকে চিহ্নিত করা হয়েছিল। ১০ বছর পর দূষণের কারখানা ও মাত্রা না কমে বরং অনেক বেড়েছে। ট্যানারি সরবে না, কারখানাগুলোয় বর্জ্য পরিশোধন যন্ত্র বসানো হবে না, ঢাকাবাসীর নির্গত বর্জ্যের বিকল্প ব্যবস্থা করা হবে না, কেবল চলবে লম্বাচওড়া বক্তৃতা এবং লোক দেখানো মৌসুমি অভিযান! দখল ও দূষণবিরোধী সেসব অভিযানে কারও কারও পকেট ভারী হলেও দুঃখিনী বুড়িগঙ্গা মানুষের অনাচারের এবং সরকারের দায়িত্বহীনতার যন্ত্রণা নিয়ে বইতেই থাকে। ঢাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঢাকার চারপাশের প্রধান চারটি নদীকে বাঁচাতে হবে। ক্রমেই জটিল হতে থাকা পানির সংকটের জন্য নদী বাঁচাতে হবে। সরকারের বড় বড় প্রতিষ্ঠান নইলে আছে কেন?