কাউন্সিলরদের ভূরিভোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সিলেট প্রতিনিধির পাঠানো খবরে জানা যায়, গত শুক্রবার সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সিলেট সিটি করপোরেশনের পাঁচ কাউন্সিলর ভূরিভোজ করেছেন। ভূরিভোজ করা অন্যায় নয়। কিন্তু তাঁরা যেসব পাখির মাংস দিয়ে ভূরিভোজ করেছেন, সেসব পাখি শিকার করা আইনত দণ্ডনীয়। সেগুলো পরিযায়ী পাখি।

ওই পাঁচ কাউন্সিলর রেস্তোরাঁয় গিয়ে শিকার-নিষিদ্ধ পাখির মাংসই কেবল খাননি, ভূরিভোজের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের ‘কৃতিত্ব’ জাহির করেছেন। এ রকম কীর্তিমানেরাই আমাদের জনপ্রতিনিধি। পাঁচ কাউন্সিলরের ভূরিভোজের খবর ছড়িয়ে পড়লে রোববার জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হরিপুর বাজারে অভিযান চালানো হয়। পাখির মাংস রান্না করে বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ‘তারু মিয়া হোটেল’সহ দুটি রেস্তোরাঁ ও রেস্তোরাঁ দুটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন। দুটি হোটেলেই পরিযায়ী পাখির রান্না করা মাংস পাওয়া যায়।

বাংলাদেশের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী, কোনো পাখি বা পরিযায়ী পাখি বা মাংস ক্রয়-বিক্রয় অপরাধ এবং এতে ৬ মাসের কারাদণ্ড অথবা ৩০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। এ আইনের তফসিল অনুযায়ী দেশের স্থানীয় বন্য পাখি ধলাবুক ডাহুক, বক ও বালিহাঁস নিষিদ্ধ পাখির অন্তর্ভুক্ত। জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সিলেট-তামাবিল হাইওয়েতে অবস্থিত। এখানকার বেশির ভাগ রেস্তোরাঁয় অবাধে বিক্রি হচ্ছে বন্য ও পরিযায়ী পাখির মাংস।

পরিযায়ী পাখি শিকারের দায়ে হোটেল-রেস্তোরাঁমালিককে জরিমানা করা হলেও মাংস যাঁরা খেয়েছেন, সেই কাউন্সিলরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জনপ্রতিনিধি বলে পাঁচ কাউন্সিলর দায়মুক্তি পেতে পারেন না। পরিযায়ী পাখি শিকার আইনত দণ্ডনীয়, এ কথা যদি তাঁদের জানা না থাকে, তাহলে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতাই তাঁদের নেই। একটি সূত্র বলেছে, কাউন্সিলররাই পরিযায়ী পাখি নিয়ে গিয়ে রেস্তোরাঁমালিককে ভূরিভোজের ব্যবস্থা করতে বলেছেন।

সে ক্ষেত্রে কেবল রেস্তোরাঁমালিক নন, কাউন্সিলরদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। এভাবে জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী ব্যক্তিরা যদি আইন অমান্য করে চলেন, তাহলে বন্য প্রাণী কিংবা অতিথি পাখি রক্ষা করা যাবে না। যাঁদের দায়িত্ব জনগণকে সচেতন করা, তাঁরা কেন আইনকে বুড়ো আঙুল দেখাবেন?

বন্য প্রাণী রক্ষা আইন যাতে সবাই মেনে চলেন, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।