ঢাকার দুই সিটি করপোরেশন একটি নির্বাচিত কাঠামো পেয়েছে প্রায় মাস তিনেক আগে, কিন্তু জনপ্রতিনিধিদের সম্মিলিত সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া এখনো কার্যকর হয়নি। উল্টো নারী ও পুরুষ কাউন্সিলরদের মধ্যে বৈষম্য সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিষয়গুলো স্থানীয় সরকারকাঠামো, এর কার্যক্রম ও পরিচালনার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
মেয়র ও কাউন্সিলরদের নিয়ে স্থানীয় সরকারের এই কাঠামোতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ কার্যক্রমে অংশ নেওয়া। এসব ক্ষেত্রে নারী, পুরুষ বা সংরক্ষিত আসন—এসব কোনো বিবেচ্য বিষয় নয়। নির্বাচনের পর কে নারী আসনে বা সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন, তা নিয়ে বৈষম্য সৃষ্টির কোনো সুযোগ নেই।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব সম্প্রতি এক চিঠিতে সিটি করপোরেশনের (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ-সুবিধা) বিধিমালা, ২০১২ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এই বিধিমালাটি বৈষম্যমূলক। কারণ, এখানে সাধারণ কাউন্সিলরদের কিছু ক্ষেত্রে সনদ দেওয়ার অধিকার দেওয়া হলেও নারী আসনে নির্বাচিত কাউন্সিলরদের তা দেওয়ার সুযোগ রাখা হয়নি। এ ধরনের পরিস্থিতি একজন নারী কাউন্সিলরের জন্য হতাশাজনক এবং যে উদ্দেশ্য নিয়ে সংরক্ষিত আসনে নারী কাউন্সিলরদের নির্বাচনের বিধান রাখা হয়েছে, সেই চেতনার পরিপন্থী।
তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা ভালো যে কাউন্সিলরদের মূল কাজ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ কার্যক্রমে অংশ নেওয়া, বাজেট নিয়ে আলোচনা ও পরিকল্পনা প্রণয়ন করা। কাজ বাস্তবায়নের দায়িত্ব সিটি করপোরেশনের প্রশাসনিক কর্তৃপক্ষের। যেকোনো সনদ দেওয়ার ক্ষেত্রে কিছু যাচাই-বাছাইয়ের দরকার পড়ে, কাউন্সিলরদের পক্ষে সেটা সব সময় সম্ভব না–ও হতে পারে।
আমরা মনে করি, কাউন্সিলরদের কাজকর্ম বা দায়িত্ব নিয়ে ভুল–বোঝাবুঝির অবসান হওয়া জরুরি। এটা নিশ্চিত করা গেলে নারী, সংরক্ষিত আসন বা পুরুষ কাউন্সিলর—এসব নিয়ে বৈষম্য সৃষ্টি করারও সুযোগ থাকবে না। মেয়রদের উচিত কাউন্সিলরদের নিয়ে নিয়মিত বৈঠক ডেকে সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নের কাজ করা।