কাজ ও বখরা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর যে রাহুর গ্রাসে বারবার পতিত হয়, তার নাম রাজনৈতিক দুর্বৃত্তপনা। এবার ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে জোর করে কাজ আদায়সহ বখরাবাজির অভিযোগ উঠেছে। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বাণিজ্যিক জাহাজের কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করছেন সরকার-সমর্থিত ছাত্র ও যুব সংগঠনের নেতা-কর্মীরা। এসব বন্ধ করা না গেলে সেবার মান কমবে এবং বন্দরটি দেশি-বিদেশি জাহাজ কোম্পানির আরও বিরাগভাজন হবে। জাতীয় স্বার্থে এটা কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না।
বহুদিন থেকে চট্টগ্রাম বন্দরের গতিশীলতার অন্যতম বাধা রাজনৈতিক উৎপাত। কখনো শ্রমিকনেতা পরিচয়ে, কখনো সরকারি প্রশ্রয়ে ক্ষমতাসীন সংগঠনের দাপটে বন্দরের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়। এখন দেখা যাচ্ছে, বন্দরে নোঙর করা জাহাজের পোড়া তেলসহ জাহাজের বিভিন্ন সামগ্রী কেনাবেচার ব্যবসায় ছাত্রলীগ ও যুবলীগের নেতারা বাদ সাধছেন। তাঁরা হয় জোর করে এসব ব্যবসা হাতে আনতে চান, অথবা ব্যবসায়ীদের কাছ থেকে বখরা আদায় করেন। অনেকটা পোশাকশিল্পের ঝুট ব্যবসার মতো এই ব্যবসাকেও তাঁরা নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছেন।
চট্টগ্রাম বন্দর কেবল জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, দেশের অর্থনীতির সদর দরজাও বটে। অন্যান্য উন্নয়নশীল দেশে দুর্নীতি-অনিয়ম থাকলেও তাদের বন্দর, বিদ্যুৎ ও অবকাঠামো খাতকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হয়। অথচ বাংলাদেশে এর উল্টোটিও ঘটছে। বন্দরসহ প্রায় সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনায় অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ চললেও প্রশাসন নির্বিকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা অভিযোগ পাওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে যে বক্তব্য দিয়েছেন, তা ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের অন্যায় হস্তক্ষেপকেই উৎসাহিত করবে।
বন্দর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের উচিত সব ধরনের জবরদস্তি ও অন্যায় হস্তক্ষেপ থেকে চট্টগ্রাম বন্দরকে মুক্ত রাখা।