আরথার আরকেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হিসেবে ঢাকা কার্যালয়ে যোগ দেন ২০০৭ সালে। ঢাকায় আসার আগে নিউইয়র্কে দায়িত্ব পালন করেছেন। আফ্রিকায়ও তাঁর কাজ করার অভিজ্ঞতা আছে। ছয় বছর ঢাকায় কাজ করার পর বদলি হয়ে যাচ্ছেন ভিয়েতনামে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও আমলাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তাঁর। কাজের সুবাদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। নিজেকে আন্তর্জাতিক আমলা পরিচয়দানকারী নেদারল্যান্ডসের নাগরিক আরথার আরকেন মনে করেন, বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে আর বেশি মাথা ঘামানোর নেই। এখন জনসংখ্যা পরিকল্পনার কথা ভাবতে হবে। এর জন্য দরকার কেতাদুরস্ত কর্মসূচি। জনসংখ্যা, নারীস্বাস্থ্যসহ নানা বিষয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন শিশির মোড়লপ্রথম আলো বাংলাদেশে কাজের অভিজ্ঞতা কেমন হলো?আরথার আরকেন খুবই ভালো, খুবই আগ্রহোদ্দীপক। আমি আমার সহকর্মীদের বলি, তোমরা যদি ইউএনএফপিএতে কাজ করতে চাও, তাহলে বাংলাদেশে কাজ নাও। কারণ, ইউএনএফপিএ গুরুত্বপূর্ণ যেসব বিষয় নিয়ে কাজ করে, তার প্রায় সবই বাংলাদেশে আছে। পরিবার পরিকল্পনা, নারীস্বাস্থ্য, জেন্ডার ইস্যু। এসব বিষয় নিয়ে নীতিনির্ধারক এবং বৃহত্তর সমাজে ব্যাপক আগ্রহ আছে। স্পর্শকাতর কিছু বিষয় নিয়ে কাজ করার সময়ও বাধার সম্মুখীন হতে হয়নি, যে অভিজ্ঞতা আমার অন্য সহকর্মীর অন্য দেশে হয়েছে।প্রথম আলো ২০০৭ সালে ঢাকায় এসেছিলেন। যাওয়ার সময় বাংলাদেশে কী অগ্রগতি দেখে যাচ্ছেন?আরথার আরকেন প্রথম যখন এসেছিলাম তখন সন্তান জন্ম দিতে গিয়ে বছরে ১৫ হাজার মায়ের মৃত্যু হতো। সর্বশেষ পরিসংখ্যান বলছে, বছরে এখন সাড়ে সাত হাজার মায়ের মৃত্যু হচ্ছে। একজন মায়ের মৃত্যুও কাম্য নয়। তার পরও বলব, পরিস্থিতির অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। চিত্তাকর্ষক অগ্রগতি আছে। পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে এ দেশের অর্জন অনেক বড়। বাংলাদেশ এখন নিম্ন প্রজনন হারের দেশ (লো ফার্টিলিটি কান্ট্রি)। মাতৃস্বাস্থ্যের উন্নতি হয়েছে, এক দশকে মাতৃমৃত্যু ৪০ শতাংশ কমে গেছে। শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে। মেয়েশিশুদের স্কুলে ভর্তির হার অনেক বেড়েছে। বিশ্বের অনেকের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। প্রজনন হার কমার বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা যায়। সত্তরের দশকে মোট প্রজনন হার ছিল ছয়ের বেশি। অর্থাৎ একজন মা গড়ে ছয়টির বেশি সন্তানের জন্ম দিতেন। এখন সেই হার ২ দশমিক ২। এ দেশের প্রজনন হার ভারতের চেয়ে কম এবং পাকিস্তানের চেয়ে অনেক কম। খুলনা বিভাগে প্রজনন হার দুইয়ের কম (১ দশমিক ৯)। এই হার ইউরোপ ও উত্তর আমেরিকার হারের মতো। তবে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা এখনো আছে। কিশোরী স্বাস্থ্য, কিশোরী প্রজননস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের তথ্য পাওয়ার অধিকার—এসব ক্ষেত্রে আরও কাজ বাকি আছে। অন্যদিকে বাল্যবিবাহ দেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে আছে। প্রথম আলো চ্যালেঞ্জ তো পুষ্টির ক্ষেত্রেও আছে।আরথার আরকেন হ্যাঁ, পুষ্টি-পরিস্থিতি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। এখনো বহু নারী অপুষ্টির শিকার। পাঁচ বছরের কম বয়সী শিশুদের একটি বড় অংশের বয়সের তুলনায় উচ্চতা কম। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে না। আপনি আপনার বাবার চেয়ে ভালো আছেন আর আপনার সন্তান আপনার চেয়েও এ দেশে ভালো থাকবে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।প্রথম আলো আপনার সময়ে এ দেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে ইউএনএফপিএর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? আরথার আরকেন আন্তর্জাতিক মানের মিডওয়াইফ (ধাত্রী) সেবা প্রবর্তন করা উল্লেখযোগ্য একটি বিষয়। আমরা উদ্যোগ নিয়েছিলাম। সাড়া পাওয়া গেছে, কাজ শুরু হয়েছে। আমি সব সময় বলি, দরিদ্র মানুষের সেবা দরিদ্রভাবে হতে পারে না। দরিদ্র মানুষের মানসম্পন্ন সেবা পাওয়ার অধিকার আছে। প্রতিটি প্রসবের সময় প্রসূতির পাশে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী থাকা দরকার। কিন্তু লজ্জার বিষয় হচ্ছে, দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতি ছাড়াই এ দেশে ৭৫ শতাংশ প্রসব হচ্ছে। এ বছর মার্চে ইউএনএফপিএর নির্বাহী প্রধান বাবা টুডু বাংলাদেশ সফরের সময় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে মিডওয়াইফ প্রশিক্ষণের জন্য জাতীয় বাজেটে অর্থবরাদ্দের কথা বলেছিলেন। গত সপ্তাহে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মিডওয়াইফ প্রশিক্ষণের গুরুত্বের কথা বলেছেন। এর আগে ২০১০ সালে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের মধ্যে পর্যায়ক্রমে তিন হাজার মিডওয়াইফ তৈরি করার কথা বলেছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নিয়ে কাজ করছে ইউএনএফপিএ। এটা স্বীকার করতে হবে যে নারীর প্রতি সহিংসতা আছে সমাজে। এ ব্যাপারে পরিবারে ও বন্ধুমহলে কথা বলতে হবে। এ নিয়ে গবেষণায়ও অর্থায়ন করেছে ইউএনএফপিএ।প্রথম আলো পরিবার পরিকল্পনা বা জন্মনিয়ন্ত্রণ বিষয়ে আপনার সময়কালে কী কাজ হয়েছে?আরথার আরকেন আমি যখন এ দেশে প্রথম আসি তখন প্রায়ই শোনা যেত, পরিবার পরিকল্পনা বা জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম ঝিমিয়ে পড়েছে, আগের মতো আর নেই। আমি কার্যক্রমের পুনরুজ্জীবনের কথা বলি। কার্যক্রম পুনরুজ্জীবন সনাতন অর্থে নয়। পুনরুজ্জীবন হতে হবে কেতাদুরস্ত (স্মার্ট)। পরিবার পরিকল্পনা এখন আর প্রজনন হারের বিষয় নয়। এটা এখন জীবনশৈলীর বিষয়। আধুনিক দম্পতি কী চায়, সেভাবেই পরিবার পরিকল্পনা কর্মসূচিকে সাজাতে হবে। কর্মসূচি হতে হবে ভৌগোলিকভাবে সুনির্দিষ্ট। যেমন সিলেট এলাকায় প্রজনন হার বেশি। সুতরাং সিলেট এলাকার উপযোগী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। একই কর্মসূচি ঢালাওভাবে সারা দেশে বাস্তবায়ন করা অর্থহীন।প্রথম আলো এ ব্যাপারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কী? কর্মসূচি পুনরুজ্জীবনে অধিদপ্তর কতটুকু সাড়া দিয়েছে? আরথার আরকেন আমি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সঙ্গে কাজ করে সন্তুষ্ট। এটি খুবই পুরোনো একটি প্রতিষ্ঠান। একে সহজে পরিবর্তন করা অসম্ভব। একে পরিবর্তন করা ইউএনএফপিএর কাজও নয়। তবে আমি মনে করি, এই প্রতিষ্ঠানের কিছু কাজ আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে করা সম্ভব। একটু অন্য প্রসঙ্গে বলতে চাই। অনেকে জন্মনিয়ন্ত্রণ বিষয়ে প্রধানমন্ত্রীকে আরও সোচ্চার হওয়ার কথা বলেন। এ ব্যাপারে আমার কিছুটা দ্বিমত আছে। প্রজনন হার খুব বেশি আফ্রিকার এমন কোনো দেশ বাংলাদেশ নয়। আফ্রিকার কোনো দেশে প্রেসিডেন্ট প্রজনন হার নিয়ে কথা বললে মানুষের কাছে একটা বার্তা পৌঁছায়। কিন্তু এ দেশে ২ দশমিক ২ প্রজনন হার নিয়ে প্রধানমন্ত্রীর নিয়মিতভাবে বলার কিছু নেই। প্রথম আলো তাহলে অধিক জনসংখ্যার বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?আরথার আরকেন আমি বলতে চাই, প্রজনন হার কমানো বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ ইস্যু নয়। বাংলাদেশে জনসংখ্যার সমস্যার সমাধান পরিবার পরিকল্পনা বা জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মধ্যে নেই। সমাধান এখন জনসংখ্যা পরিকল্পনায়।অভিবাসন, অপরিকল্পিত নগরায়ণ, গ্রাম থেকে শহরে মানুষ আসা—এগুলোই প্রধান জনসংখ্যা সমস্যা। আমি যখন তুরাগের পারে যাই, অপরিকল্পিত নগরায়ণের আগ্রাসন দেখতে পাই। তুরাগের পারে অবশিষ্ট সবুজ ধানখেত অদূর ভবিষ্যতে থাকবে না। পরিসংখ্যান বলছে, প্রতিবছর ১ শতাংশ হারে আবাদি জমি কমছে। অর্থাৎ ১০ বছরে ১০ শতাংশ আবাদি জমি কমে যাবে। দেশটি যখন ২০৫০ সালে পৌঁছাবে তখন এখনকার তুলনায় ২০ শতাংশ আবাদি জমি কম থাকবে। অন্যদিকে মানুষ বাড়বে আরও কয়েক কোটি। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়গুলো যুক্ত হবে। সুতরাং পরিকল্পিত নগরায়ণ, বিকেন্দ্রীকরণ, জনসংখ্যাকে প্রশিক্ষিত ও দক্ষ জনসম্পদে রূপান্তরের মধ্যেই নিহিত আছে জনসংখ্যা সমস্যার সমাধান।প্রথম আলো অন্য প্রসঙ্গে আসা যাক। সর্বশেষ গৃহগণনা ও আদমশুমারির সঙ্গে ইউএনএফপিএ বা আপনি গভীরভাবে জড়িত ছিলেন। আদমশুমারির ফলাফল কেন মানুষের কাছে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণযোগ্য হলো না?আরথার আরকেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতি সাধারণ একটা অবিশ্বাস মানুষের মধ্যে তৈরি হয়েছে। আগের শুমারিগুলোর জন্যই এটা হয়েছে। আমি মনে করি, এবারের শুমারি সঠিক ছিল। এসকাপের মতো প্রতিষ্ঠান বাংলাদেশের আদমশুমারিকে ভালো শুমারির উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। এবারের শুমারির আগে বাংলাদেশের জনসংখ্যা নিয়ে নানা কথা ছিল। সরকারের অনেক উচ্চপর্যায়ের ব্যক্তি জনসংখ্যাকে ফুলিয়ে-ফাঁপিয়ে উল্লেখ করেছেন। বিবিএস তাতে প্রভাবিত না হয়ে তারা যা পেয়েছে, প্রাথমিক ফলাফলে তা-ই প্রকাশ করেছে। চূড়ান্ত ফলাফলেও তারই প্রতিফলন আমরা দেখতে পাই। বিবিএস কোনোভাবে প্রভাবিত হলে তারা উচ্চপর্যায়ের ব্যক্তিদের দেওয়া পরিসংখ্যানের কাছাকাছি সংখ্যা প্রকাশ করত। কিন্তু তারা তা করেনি। এই শুমারি সঠিক ছিল না, এটা আমি বিশ্বাস করতে পারি না। পৃথিবীর কোনো দেশের আদমশুমারি ১০০ শতাংশ সঠিক হয় না। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। প্রথম আলো আপনি এ দেশের আমলাদের সঙ্গে কাজ করেছেন। একাধিক মন্ত্রীর সঙ্গেও কাজ করেছেন। অভিজ্ঞতা কী, তা বলবেন? আরথার আরকেন আন্তর্জাতিক আমলা হিসেবে নানা ধরনের প্রশাসনের সঙ্গে কাজ করার প্রশিক্ষণ আমার আছে। আমি শুধু বলব, কোনো দেশেই বাইরে থেকে এসে কাজ করা সহজ নয়। আমি এ দেশে আমলাদের সঙ্গে কাজ করে হতাশ হইনি। জটিল ও কঠিন পরিস্থিতিতে কাজ করতে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত।প্রথম আলো জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো নিয়ে মাঝেমধ্যে অনিয়মের অভিযোগ শোনা যায়। এ বিষয়ে আপনার মত কী?আরথার আরকেন আমি আমার সময়ে ইউএনএফপিএর মধ্যে কোনো অনিয়ম-দুর্নীতি দেখিনি। সামান্য কোনো অনিয়মের বিষয় শোনা গেলেই আমি তা নিয়ে সংশ্লিষ্ট সচিব বা মন্ত্রীকে জানিয়েছি। সবকিছু পরীক্ষা করতে অনুরোধ জানিয়েছি। আসলে আমরা কঠিন কিছু নিয়মকানুন মেনে চলি, প্রক্রিয়া অনুসরণ করি। এ ছাড়া আমাদের কাগজপত্র কোপেনহেগেন ও নিউইয়র্কে নিরীক্ষা করা হয়। আমার সময় অনিয়ম শূন্যের পর্যায়ে ছিল, যা থাকা উচিত; এটাই আমার দাবি।প্রথম আলো সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।আরথার আরকেন আপনাকেও ধন্যবাদ।