অনেকে একে বলবে রেভল্যুশন বা বিপ্লব, আমি বরং আরও বোধগম্য শব্দে একে বলতে চাই রিয়ালাইজেশন বা উপলব্ধি! মানুষ তাদের প্রয়োজন ও দাবি জানাতে রাস্তায় নামছে। জনগণ যে বুঝতে পারছে কোনো একটি দাবির পেছনে তারা ঐক্যবদ্ধ হতে পারে, এই উপলব্ধিটাই আমরা দেখতে পাচ্ছি। তারা দেখিয়েছে, সন্ত্রাসী হামলা ও খারাপ আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে।পাকিস্তানের জনগণ দুই সপ্তাহ ধরে রাজনৈতিক মঞ্চে নাটক অনুষ্ঠিত হতে দেখেছে। সেই মঞ্চে হঠাৎ গুরুতর পরিবর্তন ঘটে গেছে। নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারের দাবিতে কানাডাফেরত কাদরির লংমার্চ যখন তুঙ্গে, তখন কেউ আশা করেনি যে প্রধানমন্ত্রী রাজা আশরাফ পারভেজ এভাবে অপদস্ত হবেন। গত বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বিরাট দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের এ আদেশ আসে। এদিকে কাদরি সুপ্রিম কোর্টের এই আদেশের জন্য সমগ্র জাতিকে অভিনন্দন জানান। অনেকে তাঁর এই হঠাৎ আবির্ভাব ও নাটকীয় লংমার্চের সঙ্গে এই আদেশের যোগাযোগ আছে বলে মনে করেন। কাদরি সাহেবের এই প্রতিক্রিয়ায় অনেকের মতো আমিও হতভম্ব হয়েছি। এই লংমার্চের সঙ্গে প্রধানমন্ত্রীর অপদস্ত হওয়ার সম্পর্কটাও রহস্যময়। তবে এটা অস্বীকার করা যায় না যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এমন আদেশ দেওয়ার সময়টাই বিতর্ক সৃষ্টি করেছে। যে সময়ে রাজা পারভেজের ছেলের বিয়ে হওয়ার কথা, সেই একই সময়ে কাদরির লংমার্চের ঘোষণা এল এবং ঠিক তখনই এল সুপ্রিম কোর্টের আদেশ। কাদরি এই লংমার্চের মাধ্যমে কেবল নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারই নয়, বিচার বিভাগ ও সেনাবাহিনীর সমন্বয়ে তত্ত্বাবধায়ক সরকারেরও দাবি তুলেছেন। এ থেকেই প্রশ্ন উঠেছে, কানাডায় নির্বাসন থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে নির্বাচনের ঠিক এক বছর আগে তাঁর রাজনীতিতে আবির্ভূত হওয়ার কারণ কী? তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ডে সেনাবাহিনী ও বিচার বিভাগের সঙ্গে রাজনৈতিক সরকারের দ্বন্দ্ব ও দূরত্বেরই প্রতিফলন ঘটেছে। এমনকি তিনি হয়তো কোনো অদৃশ্য শক্তির হয়ে কাজ করছেন, এমনটাও বলা হচ্ছে। কার্যত, এতে করে নির্বাচন পিছিয়েও যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাজেই, পাকিস্তানের বিরোধী দলগুলো একসঙ্গে বসে কাদরির লংমার্চের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। তারা একে অসাংবিধানিক হিসেবেও আখ্যায়িত করে। নওয়াজ শরিফের মুসলিম লিগের সমর্থকেরা কিছু আইনজীবীকে সঙ্গে নিয়ে মিছিল করে গণতন্ত্রের জন্য হুমকির মুখে নিজেদের সংহতি প্রকাশ করেছেন। প্রায় সব রাজনৈতিক দলই কাদরির সমালোচনায় মুখর ছিল। মুসলিম লিগ ও জামায়াতে ইসলামী সরকারের কাছে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে। তারা এ মুহূর্তে সরকারকে বেশি চাপে ফেলে গণতন্ত্রকে বিপর্যস্ত করবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রথমে এই লংমার্চে যোগ দেবে কি দেবে না, তা নিয়ে দ্বিধাগ্রস্ত মনে হলেও শেষ মুহূর্তে তারা এ থেকে দূরে থাকাই ঠিক মনে করেছে। তাহলেও ইমরান খান যে দাবিগুলো তুলেছেন, তা কাদরির দাবির সঙ্গে কিছুটা মেলে। এর মধ্যে রয়েছে বর্তমান নির্বাচন কমিশন ও সংবিধান স্থগিত করে তার জায়গায় নিরপেক্ষ ব্যক্তিকে বসানো। তাড়াতাড়ি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক-কাঠামো স্থাপনের বিষয়েও কাদরি ও ইমরানের দাবি মেলে। তাহলেও ইমরানের প্রধান জোর হলো এখানে যে, পরিবর্তনকে অবশ্যই ব্যালটের মাধ্যমে হতে হবে। তিনি আরও মনে করেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই পাকিস্তান বাঁচতে পারবে, এর গণতন্ত্রও কেবল এর মাধ্যমেই নিঃশ্বাস নিতে পারবে। এত সব উত্তেজনা ও বিতর্কের মধ্যে সরকারে আসীন পিপিপিকে মনে হয়েছে সংযত।রাজনীতির এই চিত্রের পাশাপাশি সামাজিক পরিস্থিতির দিকে তাকালে দেখতে পাব যে মানুষ দেশজুড়ে প্রতিবাদমুখর হচ্ছে। সবচেয়ে হূদয়বিদারক প্রতিবাদ ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে বেলুচিস্তানের কোয়েটায়। সেখানে কিছুদিন আগেই সন্ত্রাসী বোমায় হাজারে সম্প্রদায়ের ৮৭ জন নিহত হয়েছে। প্রচণ্ড হিমের মধ্যে যখন প্রিয়জনেরা লাশ হয়ে শুয়ে আছে, সে রকম অবস্থায়ও স্বজনেরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে তাদের দাবি জানিয়ে গেছে। প্রচণ্ড বিয়োগান্ত ঘটনার সামনে দাঁড়িয়েও হাজারে সম্প্রদায় যে ধৈর্য ও ঐক্য দেখিয়েছে, তা অসাধারণ এক দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সামাজিক উপলব্ধি এখানেই ফুরিয়ে যেতে পারে না, ফুরানো উচিত হবে না। ঘরে অলস হয়ে বসে থেকে ক্ষোভ-দুঃখ প্রকাশ না করে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক-রাজনৈতিক ঘটনায় সাড়া দিতে চাইছে। সমালোচকেরা বলা শুরু করেছেন, কাদরির লংমার্চে এত লোকের শামিল হওয়া কিংবা প্রতিবাদীদের সারিতে আরও বেশিসংখ্যক মানুষের যোগদান প্রমাণ করে যে সরকার কতটা খারাপভাবে দেশ চালিয়েছে আর মানুষ কতটা হতাশ। সরকার চালানোয় অযোগ্যতা ও অদক্ষতার কারণে পিপিপিও এসব আন্দোলনকে ভয় পাওয়া শুরু করেছে। পাকিস্তানের প্রথম গণতান্ত্রিক সরকার হিসেবে পিপিপি তার স্বর্ণ সুযোগ হারিয়ে ফেলেছে, এমনকি এখন তারা সরকারের মেয়াদ শেষ করাতেও হিমশিম খাচ্ছে। সুতরাং, এখন যদি মানুষ সামরিক বাহিনীর হস্তক্ষেপের কথা বলতে থাকে, তার দায় অবশ্যই পিপিপিরই। কেননা, পিপিপি দেশকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে খারাপ আরও খারাপ হয়েছে এবং মানুষ আবারও গণতন্ত্রে আস্থা হারাতে শুরু করেছে। তাহলেও জনগণকে বুঝতে হবে যে আজ আমরা যেসব সমস্যার মোকাবিলা করছি, তার জন্য গণতন্ত্র নিজে দায়ী নয়। বরং এর দায় তাদের, যারা গণতন্ত্রকে এত বাজেভাবে ব্যবহার করতে করতে, এমনকি গণতন্ত্রের ধারণাকেও দূষিত করেছে। অনেক কিছু ইতিমধ্যে ঘটে গেছে পাকিস্তানে, কোনো সন্দেহ নেই আরও অনেক কিছু ঘটবে। কিন্তু দেশের বাস্তবতা সম্পর্কে যে সামাজিক উপলব্ধি জন্মেছে, তাকে আরও সংহত করাই এখন কাজ। যে যে পক্ষ থেকেই প্রতিবাদ করুন না কেন, পরিবর্তন বাস্তবায়নের জন্য তাঁদের আসল শক্তি হলো তাঁদের শান্তিপূর্ণ আচরণ। এই সত্য উপলব্ধির মধ্যেই রয়েছে পাকিস্তানের মঙ্গল।পাকিস্তান হেরাল্ড থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিতমালিহা নাভিদ: পাকিস্তানি সাংবাদিক।