গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের যে আদেশ দিয়েছেন, তা আমাদের হতাশ করেছে। এ ধরনের অপরাধে জড়িত হিসেবে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তিই তার প্রাপ্য হবে—এটাই ছিল প্রত্যাশিত। এই রায় ঘোষণার পর তাই সর্বস্তরের মানুষের মধ্যেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও হতাশা লক্ষ করা গেছে। কেননা, রায়েই গণহত্যা, ধর্ষণসহ তাঁর বিরুদ্ধে আনীত পাঁচটি অভিযোগ ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত’ বলে উল্লেখ করা হয়েছে। একই আদালত গত ১৯ জানুয়ারি পলাতক আসামি আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে জাতি দায়মুক্ত হতে চেয়েছিল। কিন্তু আবদুল কাদের মোল্লার ‘লঘুদণ্ড’ সেই দায় কতটা মুক্ত করতে পেরেছে, সেই প্রশ্ন বড় হয়ে উঠেছে। এ ক্ষেত্রে তদন্ত ও প্রসিকিউশনের ঘাটতি ছিল কি না, সেটি খতিয়ে দেখা জরুরি। যুদ্ধাপরাধের যেসব মামলা এখনো বিচারাধীন, আশা করি সেসব মামলায় প্রসিকিউশন আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়। অন্যথায় জাতির কাছে তাঁদের দায়বদ্ধ থাকতে হবে। প্রয়োজনে অধিকতর অভিজ্ঞ ও দক্ষ কৌঁসুলি নিয়োগ করার বিষয়টি ভাবা যেতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী গণতান্ত্রিক অধিকারের নামে উপর্যুপরি হরতাল পালন, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে চলেছে, যা নিন্দনীয়। আটক যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে তারা কেবল রাস্তায় সন্ত্রাসী কর্মকাণ্ডই চালাচ্ছে না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার আবদারও জানিয়েছে। অপ্রিয় হলেও সত্য যে প্রধান বিরোধী দল বিএনপির প্রচ্ছন্ন মদদ না থাকলে জামায়াত এভাবে একটার পর একটা হরতাল পালনের স্পর্ধা দেখাতে পারত না। জামায়াতে ইসলামীর ট্রাইব্যুনাল বাতিলের দাবির সঙ্গে বিএনপির ভিন্নমতকে আমরা স্বাগত জানাই। তবে যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে দলটি তাদের অবস্থান পরিষ্কার করতে ব্যর্থ হয়েছে। যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারাধীন। এ নিয়ে জামায়াতে ইসলামীর হরতালসহ বিভিন্ন সহিংস তৎপরতা আইন ও সংবিধানের সম্পূর্ণ বরখেলাপ। এমন নয় যে দলটি গোড়া থেকে বিচার-প্রক্রিয়ার বাইরে ছিল। বাচ্চু রাজাকারের দণ্ডকে তারা সাংগঠনিকভাবে গ্রহণ করেনি। কারণ, তিনি তাদের দলভুক্ত নন। বাচ্চু রাজাকার ও তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আইনজীবী অংশ নেননি। কিন্তু আবদুল কাদের মোল্লার আইনজীবীরা শুরু থেকে শেষ পর্যন্ত বিচার-প্রক্রিয়ায় নিবিড়ভাবে নিজেদের যুক্ত রেখেছেন, আত্মপক্ষ সমর্থন করেছেন। আর এখন তারা বিচার ও রায়ের বিরুদ্ধে একটার পর একটা হরতাল ডেকে সারা দেশে নৈরাজ্যও সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিচারবিরোধী তৎপরতায় জামায়াতের আইনজীবীদের আচরণ ও ভূমিকা প্রশ্নমুক্ত নয়। আমরা জামায়াতকে হিংসাত্মক পথ পরিহার করার আহ্বান জানাই।