গত রোববার চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের নৃশংস হত্যার ঘটনায় সন্দেহভাজন জঙ্গিবাদীরা অপ্রতিরোধ্য হয়ে উঠছে কি না, সে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এত দিন এই চক্র ভিন্নমতের মানুষ, ব্লগার, সংখ্যালঘু, ধর্মযাজক ও পুরোহিতকে নিশানা করে হত্যা করত (গত রোববারও নাটোরে একজন খ্রিষ্টান ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে), কিন্তু এবার খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার স্ত্রীর হত্যাকাণ্ডেও একই ধরনের আলামত চোখে পড়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, জঙ্গিদের বিরুদ্ধে কঠোর মনোভাব ও একাধিক সফল অভিযানের কারণে তারা বাবুল আক্তারের প্রতি ক্ষুব্ধ ছিল।
এই ঘটনা যেমন সংগঠিত এই চক্রের দানবীয়তা সামনে নিয়ে এসেছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর দুর্বলতা প্রকটভাবে ধরা পড়েছে। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এসব পরিকল্পিত হত্যা-ষড়যন্ত্রের কথা জানতেই পারছে না। আবার ঘটনা ঘটে যাওয়ার পর অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করার ক্ষেত্রেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলে সরকারের জঙ্গিবাদবিরোধী কৌশল ও অভিযান নিয়েই প্রশ্ন উঠেছে। সরকারের নীতিনির্ধারকদের তরফে এসব হত্যাকাণ্ড নিয়ে একেক সময়ে একেক ধরনের বক্তব্য শোনা যায়।
জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এটা সাধারণ আইনশৃঙ্খলাজনিত সমস্যা নয়, এবং সরকারের পক্ষে এককভাবে তা মোকাবিলা অসম্ভব। রাষ্ট্র, সমাজ, গণতন্ত্র, সংস্কৃতি ও সভ্যতার শত্রু জঙ্গিবাদকে শায়েস্তা করতে সমাজের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার বিকল্প নেই। আর সেই উদ্যোগ নিতে হবে সরকারকেই। কিন্তু শুরু থেকেই সরকারের মধ্যে জঙ্গিবাদ ইস্যুকে যেমন দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা লক্ষ করা গেছে, তেমনি এর বিপদ সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুরোপুরি ওয়াকিবহাল বলে প্রতীয়মান হচ্ছে না।
জঙ্গিবাদের মতো অত্যন্ত স্পর্শকাতর ও জটিল সমস্যাকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার আখেরে দেশ ও জাতির জন্য সর্বনাশ ডেকে আনতে পারে। মাহমুদা খানমের হত্যার রহস্য উন্মোচন ও বিচার তাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা প্রয়োজন। একই সঙ্গে, পুলিশ বাহিনীর সদস্য ও তঁাদের পরিবারসমূহের নিরাপত্তার দিকটিতেও নজর দিতে হবে।