কাবিখার চাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সামাজিক নিরাপত্তায় বরাবরই কাবিখা ভূমিকা রেখে এসেছে। এই কর্মসূচির লক্ষ্য ছিল পল্লি অঞ্চলের মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি এবং একই সঙ্গে অভাবগ্রস্ত এলাকাগুলোতে খাদ্যশস্যের সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করা। এই কর্মসূচি চালুর পর থেকে নানা অনিয়মের খবর এসেছে। তারপরও বাজারে খাদ্যশস্যের দামের ভারসাম্য বজায় রাখায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

চলতি বছরের প্রথমার্ধেই গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে কাবিখার নতুন বরাদ্দ দেওয়া হবে। যেহেতু এই প্রকল্পের লক্ষ্য একই সঙ্গে গ্রামীণ রাস্তাঘাট ও অন্যান্য ছোটখাটো অবকাঠামোর উন্নয়ন এবং খাদ্যশস্যের বাজারে ভারসাম্য রক্ষা, সেহেতু বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা দরকার। প্রকল্পের সাফল্য অর্জনে খাদ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জবাবদিহি বাড়ানো দরকার। কাবিখার চাল বা অন্যান্য খাদ্যশস্য ঠিক মানুষের হাতে পৌঁছাচ্ছে কি না, সে বিষয়ে স্থানীয় জনগণ সহজে যাতে বুঝতে পারে, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।

দুর্নীতি এখন প্রায় প্রতিটি দপ্তরের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে, তাতে দুর্নীতি ঠেকাতে শুধু কর্মকর্তাদের নজরদারির ওপর আস্থা নিয়ে বসে থাকাটা বাস্তবসম্মত নয়। সবচেয়ে বড় নজরদারি করতে পারে জনগণ। কাবিখা কী, কোন প্রক্রিয়ায় এই কর্মসূচি পরিচালিত হয় এবং কারা কারা এর সুবিধাভোগী—এসব বিষয় সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে স্পষ্ট ধারণা দেওয়া দরকার। মোটামুটি ধারণা থাকলেই তারা কর্মসূচির অনিয়ম ও অসংগতির বিষয়ে সোচ্চার হতে পারে। এতে কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে যুক্ত লোকেরা সতর্ক হতে বাধ্য হবেন।