সড়ক পাকা করতে ইটের প্রয়োজন হয়, এ কথা সবাই জানে। কিন্তু সেই ইটের সঙ্গে ভোটেরও যে গভীর সম্পর্ক থাকতে পারে, বগুড়ার দুপচাঁচিয়ার কামারগ্রামের লোকেরা কি তা ঘুণাক্ষরেও ভেবেছিলেন? ইটের সঙ্গে ভোটের নিবিড় প্রায়োগিক সম্পর্কের এই সমীকরণটা এখন তাঁরা চোখের সামনে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। ওই গ্রামে ঢোকার সড়কটির প্রায় ২৫০ মিটার অংশের ওপর মাস তিনেক আগে বিছানো ইটগুলো এখন সযতনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।
কে তুলে নিয়ে যাচ্ছে? কেন? জনগণের সড়ক থেকে ইট তুলে নিয়ে যাওয়ার অদ্ভুত দুঃসাহসী খেয়াল কার মাথায় চাপতে পারে? এই সব প্রশ্নের উত্তরে যা শোনা গেল, তা হৃদয়বিদারক: দুপচাঁচিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিন মাস আগে ওই রাস্তায় ইটগুলো বিছিয়েছিলেন এই প্রত্যাশায় যে এর প্রতিদানে কামারগ্রামের বাসিন্দারা তাঁকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন। কিন্তু হায়! ‘অকৃতজ্ঞ’, ‘বিশ্বাসঘাতক’ কামারগ্রামবাসী তাঁর নুন খেয়ে গুণ গাইল অন্য জনের! গত শনিবার ইউপি নির্বাচনে হেরে গিয়ে তিনি ক্ষোভে-দুঃখে সড়ক থেকে ইটগুলো তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত ওই প্রার্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় ওই সড়কে ইটগুলো বিছিয়েছিলেন নিজের গাঁটের পয়সা খরচ করে—নির্বাচনের আগে তাঁর কর্মীরা কামারগ্রামের লোকজনের কাছে এমন দাবি করেছিলেন। সে সময় তাঁরা আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইট বিছানেওয়ালা এই প্রার্থীকে ভোটে জয়ী করলে গ্রামটির কোনো রাস্তাই কাঁচা থাকবে না। কিন্তু তাঁরা এমন হুমকি দেননি যে তাঁকে ভোট দিয়ে জয়ী না করলে তিনি সড়কে বিছানো ইটগুলো ফের তুলে নিয়ে যাবেন। আহা, এ কথা যদি আগেভাগেই জানিয়ে দেওয়া হতো, তাহলে কি কামারগ্রামের ভোটাররা এই ভুল করত? সামনে বর্ষা, কাঁচা রাস্তায় প্যাচপেচে কাদায় চলাফেরা করতে কী ভোগান্তিই না তখন পোহাতে হবে!