কার বালুমহাল কে দখল করে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় প্রভাবশালী মহলের দ্বন্দ্ব মাঝেমধ্যেই দলীয় সংঘর্ষে রূপ নেয়। গত বুধবার চরহোগলা গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যকার সংঘর্ষে ২০ জন আহত এবং বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।প্রথম আলোর খবর অনুযায়ী, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের নেতা নাসিরউদ্দিন এবং সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতা মোতালেব মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
আবারও আ.লীগ–বিএনপি সংঘর্ষসোনারগাঁ এলাকায় মেঘনা নদীতে নয়টি বালুমহাল আছে। আইন অনুযায়ী সরকারই এর মালিক এবং স্থানীয় জেলা প্রশাসন তা ইজারা দিয়ে থাকে। কিন্তু স্থানীয় প্রভাবশালী মহল নামমাত্র দামে একটি বালুমহাল ইজারা নিলেও বাকিগুলোতে অবৈধ বালু ব্যবসা চালিয়ে আসছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে মেঘনার বালুমহালগুলো আড়াই কোটি টাকায় ইজারা দেওয়া হলেও বর্তমানে তার দাম নির্ধারিত হয়েছে মাত্র নয় লাখ টাকা। এতে স্থানীয় প্রভাবশালী কিংবা তাঁদের নেপথ্যে যে রাঘববোয়ালরা আছেন, তাঁরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার, জনগণ ও নদী। বালুমহাল ইজারা নিলে বালু উত্তোলনের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মানতে হয়। কিন্তু প্রভাবশালীরা সেদিকে না গিয়ে বিনা ইজারায় কোটি কোটি টাকার বালু হাতিয়ে নিচ্ছে। স্থানীয় জনগণ ও পরিবেশবাদী সংগঠনগুলোর প্রতিবাদও তারা আমলে নিচ্ছে না। জেলা প্রশাসনের নীরবতার সুযোগে বালুমহাল দখলকারীদের দৌরাত্ম্য চলছেই।
এই অবস্থা চলতে দেওয়া যায় না। কথিত প্রভাবশালীদের হাত কি আইনের হাতের চেয়েও লম্বা? প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? আমরা মেঘনার বালুমহালে অবৈধ বালু ব্যবসা ও দখলদারি বন্ধের দাবি জানাই। ইজারার বাইরে কোনো বালুমহাল থেকে যাতে কেউ বালু বেচাকেনা করতে না পারে, সে ব্যাপারে প্রশাসনকে কঠোর হতে হবে। কেবল মেঘনার বালুমহাল নয়, অন্যান্য বালুমহাল, হাটবাজার ইজারা নিয়ে যে বিশৃঙ্খলা চলছে, তার অবসান হওয়া প্রয়োজন।